গাঢ় থেকে হালকা


একটাই শার্ট। তাতে দুই ধাপে দেওয়া রং—নকশা বলতে এটুকুই। ছেলেদের পোশাকের চলতি ধারায় এটা এখন নতুন ও আকর্ষণীয়। নকশার এ ধারাটা পরিচিত ডিপ ডাই বা গ্র্যাডিয়েন্ট ডাই নামে। শার্ট, টি-শার্ট, ফতুয়া বা পাঞ্জাবি ছেলেদের সব পোশাকেই এই কাপড় ব্যবহার হচ্ছে এখন।
গরমে আরাম দিতে এসব পোশাকের কাপড়ে বেশি দেখা যাচ্ছে সুতি ও লিনেন। তবে বাজার ঘুরে দেখা গেল জিনসে তৈরি কিছু শার্টেও গ্র্যাডিয়েন্ট ডাই করা হয়েছে। ফ্যাশন হাউস আর্টিস্টির গবেষণা ও উন্নয়ন বিভাগের সমন্বয়কারী নূরউদ্দিন আহমেদ বলেন, ‘কাপড়ে গ্র্যাডিয়েন্ট ডাই বেশ কঠিন একটি কাজ। কারণ, একটু এদিক-সেদিক হলেই সেটা নিখুঁত করা যায় না। বেশ কয়েক বছর ধরেই আমরা বিষয়টা নিয়ে কাজ করছিলাম। এ বছর সফলতা পেয়েছি।’
ঈদের আগে অনেক ফ্যাশন হাউস দুই ভাগে রং করা কাপড়ের পোশাক বাজারে এনেছে। যেটা এখনো সমান জনপ্রিয়, জানা গেল বিক্রেতাদের কাছ থেকে। বিশেষ জনপ্রিয়তা পেয়েছে ফ্যাশন সচেতনদের কাছে। ক্যাজুয়াল পোশাক হিসেবেই এর নকশা করেছে দোকানগুলো। সুতি বা লিনেন কাপড় ব্যবহার করায় এই মৌসুমে আরাম মিলবে তাতে।

চলতি ধারা
হাফ ও ফুল হাতা দুই ধরনের ডিপ ডাই করা শার্ট পাবেন বাজারে। স্লিম ফিট কাটে তৈরি সেসব শার্টে হালকা রং বেছে নেওয়া হয়েছে। সাধারণত এক অংশ সাদা রেখে অন্য অংশে হালকা গোলাপি, নীল, কচি সবুজ, লালচে, বেগুনি, লেবু রং ব্যবহার করা হয়েছে। পাঞ্জাবির ক্ষেত্রেও একই ধরন। তবে এসব পাঞ্জাবি সাধারণত খাটো ও সেমি লম্বা করা হয়েছে। খাটো পাঞ্জাবিতে শার্টের মতো কলার ব্যবহার করা হয়েছে। টি-শার্ট ও পোলো শার্ট দুটিতেই ডিপ ডাই করা হয়েছে গাঢ় রং দিয়ে। সবুজ, লাল, কমলা ও বাদামি রং বেশি ব্যবহার করা হয়েছে।
ফ্যাশন হাউস মেনজ ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হেলালের মতে, এটা পুরোপুরি ক্যাজুয়াল পোশাক। তাই তরুণদের কাছেই বেশি জনপ্রিয়তা পেয়েছে। বন্ধুদের আড্ডায়, বাইরে ঘোরাফেরায়, ক্যাজুয়াল দাওয়াত বা পার্টিতে এমন পোশাক বিশেষভাবে নজর কাড়বে। কিছু কিছু দোকানে ডিপ ডাই করা খাটো প্যান্টের দেখা মিলছে। ডিপ ডাইয়ের সঙ্গে নতুনভাবে প্রিন্টের প্রচলনও দেখা যাচ্ছে।

‘সলিড কালারের একাংশ ডিপ ডাই করা হচ্ছে বেশি। তার ওপর প্রিন্ট করে ফুল, লতাপাতা বা জ্যামিতিক নকশা বসানো হচ্ছে। বিশেষ করে টি-শার্টে এই প্রিন্টের প্রচলন আসছে। ডিপ ডাই করা ফতুয়ার চাহিদাও আছে।’ ফ্যাশন হাউস ব্যাঙের স্বত্বাধিকারী সায়েম হাসান বলছিলেন ডিপ ডাইয়ের নকশা নিয়ে।
ডিপ ডাই বা গ্র্যাডিয়েন্ট ধারাটা সুতি বা লিনেনেই ফোটে ভালো। এর বাইরে অন্য কোনো কাপড়ে ডিপ ডাই করলে সেটা ভালো হবে না। এ ছাড়া কৃত্রিম বা সিনথেটিক উপাদানের কাপড় হলে সেটা ধোয়ার পরই রং উঠে আসবে। তাই ডিপ ডাই পোশাক বেছে কেনার পরামর্শ দিচ্ছেন ডিজাইনাররা। ডিপ ডাই করা পাঞ্জাবি পরিষ্কার করতে হলে অবশ্যই ড্রাই ওয়াশ করা ভালো। তবে শার্ট, টি-শার্ট হলে সাধারণভাবে পরিষ্কার করতে পারবেন।
কোনটা কেমন দামে
বাজারে ডিপ ডাই করা শার্টের দাম পড়বে ১ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা, গোল গলার টি-শার্ট ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা, পাঞ্জাবির দাম ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা এবং ফতুয়া ২ হাজার টাকার মধ্যে। তবে সাধারণ বাজারে কেনা যাবে কিছুটা কম দামে।
যেখানে পাওয়া যাবে
ফ্যাশন হাউস আর্টিস্টি, ইয়েলো, মেনজ ক্লাব, ব্যাঙ, একস্ট্যাসি, রং বাংলাদেশ ও সেইলরে গেলে পাবেন নানা ধরনের ডিপ ডাই করা পোশাক। এ ছাড়া নূরজাহান মার্কেট, এলিফ্যান্ট রোড, গুলশানের বিভিন্ন শপিং মল, বনানী, উত্তরা ও ধানমন্ডির বিভিন্ন দোকানে মিলবে ডিপ ডাই করা পোশাক।
