গয়না ছাড়া সাজ হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজাইনার লিপি খন্দকার। ফ্যাশন হাউস বিবিয়ানার স্বত্বাধিকারী। ভালোবাসেন নানা ধরনের গয়না পরতে। চকলেট তাঁর খুব প্রিয়। বাসায় রান্না ও টেবিল সাজানোর কাজটা করেন মনের আনন্দে। সময় পেলেই দে-ছুট দেশ-বিদেশে।
কাঁথার জ্যাকেট পরছেন শীতে, সন্ধ্যার দাওয়াতে বেছে নেন কালো রঙের শাড়ি
কাঁথার জ্যাকেট পরছেন শীতে, সন্ধ্যার দাওয়াতে বেছে নেন কালো রঙের শাড়ি

নানা নকশার পোশাক তৈরি করা যাঁর পেশা, তাঁর নেশা শুধু গয়না পরায়! আলোচনার শুরুতেই অবাক হলাম ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকারের এই তথ্য শুনে। ঘরে-বাইরে সবখানেই কমবেশি গয়না পরেন। প্রতিবছর ঘুরতে গিয়ে কিনে আনেন বিভিন্ন উপাদানে তৈরি গয়না। তাই বিশেষ সংগ্রহ বলতে সেটাই চলে এল সামনে। এর বাইরে আরও একটি জিনিস কেনার বাতিক আছে তাঁর, সেটা হলো বাসনকোসন। খাবারের টেবিল থেকে রান্নাঘর—সবখান ঠাসা বিভিন্ন ধরনের বাসনকোসনে। লিপি খন্দকার বলেন, ‘বাসায় লোকজনকে খাওয়াতে আমার ভালো লাগে। কাজের ফাঁকে তাই সময় পেলেই ডেকে আনি বন্ধুদের। এই সময়ে টেবিল সাজাই নানা ধরনের ক্রোকারিজ দিয়ে। বিভিন্ন পদের খাবার রান্না করি। এতেই আমি আনন্দ পাই।’

সব ধরনের পোশাকের সঙ্গে গয়না পরেন লিপি খন্দকার। ছবি: সুমন ইউসুফ
সব ধরনের পোশাকের সঙ্গে গয়না পরেন লিপি খন্দকার। ছবি: সুমন ইউসুফ

আর পোশাক? এই বিষয়টাতে নিজে খানিকটা গৎবাঁধা বলেই জানালেন। খুব বেশি কারুকাজ করা পোশাক না, খানিকটা সাদামাটা কাপড় পরতে ভালোবাসেন। তবে সেখানেই ফুটে ওঠে পরিপাটি ভাব। অফিসে সাধারণত টপ আর খাটো ট্রাউজারের সঙ্গে রঙিন স্কার্ফ পরেন। শীতে নানা ধরনের জ্যাকেট পরেন। অধুনার জন্য ছবি তোলার সময় যেমন একটা আস্ত কাঁথা কেটে নিজের হাতে বানানো শীতের জ্যাকেট পরলেন টি-শার্ট আর প্যান্টের ওপরে। তবে কোনো অনুষ্ঠানে গেলে সেটার মেজাজ বুঝেই পোশাক নির্বাচন করেন। সেই ভাবনার কথাও বলেন লিপি খন্দকার। ‘অনুষ্ঠানে গেলে শাড়ি পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা সন্ধ্যায় হলে সাধারণত কালো রং বেছে নিই। তবে দিনের দাওয়াত হলে কামিজও পরি। আমি কম নকশা করা পোশাক পরি। কারণ, গয়না ছাড়া আমার সাজ পরিপূর্ণ হয় না। অনেক কাজের পোশাকের ওপর আবার নানা ধরনের গয়না পরলে বেমানান লাগে। চুলটা বাঁধা নয়, বরং ছেড়ে রাখতেই ভালোবাসি। চোখে কাজল আর ঠোঁটে হালকা ধরনের লিপস্টিক, দাওয়াতের সাজ বলতে এটুকুই।’ ব্যাগ ও জুতার প্রতি আছে দূর্বলতা। তবে সেটা ব্র্যােন্ডর না, বরং ভিন্ন ধরনের ক্রাফটের (সুতা, পাট, কাপড় বা বেতের মতো উপাদানে তৈরি) ব্যাগ পছন্দ।
একটানা কাজ করে হাঁপিয়ে উঠলেই ছোটেন প্রকৃতির কাছে। সমুদ্র বা পাহাড়ি বন খুব টানে লিপি খন্দকারকে। ঘোরাফেরার সঙ্গী কখনো পরিবার আবার কখনো শুধুই বন্ধুরা। শীতকালে ভালোবাসেন দেশের মধ্যে বিভিন্ন গ্রামে ঘুরতে। শীতের সবজি ও নানা ধরনের পিঠার স্বাদ নেন এই সময়ে। এই সময়ে নিজের কাজও সারেন। সেই সব গ্রামেই বেড়াতে যান, যেখানে তাঁর পোশাক তৈরির কারিগরদের বসবাস। আলাদা করে পরিবারের জন্য সময় বের করার দরকার পড়ে না লিপি খন্দকারের। কারণ, স্বামী–স্ত্রী কাজ করেন একই সঙ্গে। আর অফিসের কাছেই বাসা বলে ছেলেরাও থাকে যাওয়া-আসার মধ্যেই। লিপি খন্দকার বলেন, ‘আমার ছোট ছেলের বাড়ির পড়াও অনেক সময় অফিসে বসে দেখিয়ে দিই। আর সন্ধ্যার পর অফিস ছুটি হলে আরও কিছু সময় সেখানে কাটাই। যে সময়টাতে পোশাকের নকশা নিয়ে ভাবতে পারি নিজের মতো করে। সবকিছুকে ছাপিয়ে মানুষের জন্য পোশাকের নতুন নকশা করাই যে আমার কাজ।’ সারা দিন পোশাক নিয়ে ভাবনাচিন্তা করা এই মানুষটা অবসর পেলেই বসে যান বই পড়তে। টিভি দেখা হয় না। সকালটা শুরু হয় গানের সুর কানে নিয়ে আর রাতে ঘুমাতে যান ফেসবুক বা গান শুনতে শুনতে।

রান্না করে খাওয়াতে ভালোবাসেন
রান্না করে খাওয়াতে ভালোবাসেন