
শুরুতেই ছড়াল মুগ্ধতা, ছড়াল রবীন্দ্রসংগীত—‘মম চিত্তে নিতি নৃত্যে’, সঙ্গে নাচ। নাচের রেশ না কাটতেই ফ্যাশন শোর র্যা ম্পে দ্যুতি ছড়ালেন মডেলরা। তিন ঘণ্টার জমজমাট আয়োজনের প্রতিটি পর্বই ছিল জমকালো। প্রতিবারের মতো এবারও সানসিল্ক-প্রথম আলো ঈদফ্যাশন প্রতিযোগিতা ২০১৭-এর চূড়ান্ত পর্বে ছিল চমক। ২৫ মে সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল র্যা ডিসন ব্লু চিটাগং বে ভিউর মোহনা মিলনায়তনে বসে এবারের আসর।

প্রথম চমকটা দেন উপস্থাপিকা স্বাগতা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুশল বিনিময় করেন। পরক্ষণেই শোনান চট্টগ্রামের একটি কৌতুক। এরপর স্বাগত বক্তব্যের জন্য ডেকে নেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীকে।
নাচ আর স্বাগত বক্তব্যের পর শুরু হয় পোশাক উপস্থাপনের পালা। ঘড়ির কাঁটায় তখন রাত আটটা। একে একে ছয়জন মডেল দেখালেন নতুন ডিজাইনারদের তৈরি শাড়ি।

এবারের ঈদে শাড়ির নকশায় কী থাকবে দেখা গেল সেটার এক ঝলক। শাড়িতে দেখা যায়, প্যাঁচওয়ার্ক ও হ্যান্ডপেইন্টের কাজ বেশি। নজর কেড়েছে লেইসের কিছু কাজও। গরমের কথা ভেবে কাপড়ে মসলিন, সিল্ক ও সুতিরই আধিক্য।
শাড়ির পর আসে পাঞ্জাবি। হালকা কাজের এমব্রয়ডারি সেসবে। তবে উৎসবের জমকালো ভাব ষোলো আনাই আছে। কাট-ছাঁটে খুব একটা পরিবর্তন নেই।

‘মায়া বন বিহারিণী’ গানের সঙ্গে মঞ্চে মডেলরা পরে সালোয়ার-কামিজ। আধঘণ্টায় পরপর পাঁচটি কিউ। খানিকটা বিরতি তো দরকার। বিরতি কাটল গানে গানে। স্বাগতা মঞ্চে ডেকে নেন এই সময়ের জনপ্রিয় দুই শিল্পী সভ্যতা ও সন্ধিকে। ভাইবোনদের সঙ্গে গানে গলাও মেলান। নিজেদের মৌলিক গান তোমাকে দিয়ে শুরু করেন। এরপর আসর মাত করেন লাকী আখান্দের সেই গান ‘চলো না ঘুরে আসি’ গেয়ে।

এরপর আবার কিউতে ফেরা। শুরুতে গাউন। পশ্চিমা ধাঁচের পোশাকটি বেশ কয়েক বছর ধরে দেশি বাজার দখল করে আছে। এবারও শাড়ি, সালোয়ার-কামিজের পাশাপাশি গাউন থাকবে। মডেলদের পরনের গাউনের প্যাটার্নে দেখা গেছে নতুনত্ব। গাউনের পর চোখ ধাঁধায় ফিউশন পর্ব। ঝলমলে পোশাকগুলো আলো ছড়ায়। এই ফাঁকে বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।

‘আমি রূপনগরের রাজকন্যা’ গানের সঙ্গে নাচে আসর মাত করেন মডেল তানজিন তিশা। সঙ্গে ছিলেন সোহাগ। তিনটি গানের সঙ্গে নাচ করেন তাঁরা। পরিবেশনার শেষ দিকে নাচের তালে তালে সোহাগের হাত ধরে মঞ্চে আসেন চলচ্চিত্র নায়িকা মৌসুমী। এই চমকে করতালিতে ফেটে পড়েন দর্শকেরা। মৌসুমী শুভেচ্ছা জানিয়ে গেয়ে শোনান কেয়ামত থেকে কেয়ামত ছবির গান ‘এখন তো সময় ভালোবাসার...’।

শিশুদের কিউতে ১০ জন খুদে মডেল জানান দিয়ে যায় ক্যাটওয়াকে বড়দের চেয়ে কম না তারা। টপ, স্কার্ট, সালোয়ার-কামিজ ও কটি দেওয়া পাঞ্জাবিতে র্যা ম্প মাতায় তারা।
এদিকে সময়ের সঙ্গে ডিজাইনারদের মধ্যে বাড়তে থাকে অস্থিরতা। ফলাফল ঘোষণার পালা। এবার ১৩টি বিভাগে ১৬ জন ডিজাইনার পুরস্কার জেতেন। পাঁচটি পুরস্কার পেয়ে সেরাদের সেরা হন নাসরিন সরোয়ার।
এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল সানসিল্ক, সহপৃষ্ঠপোষক রিজেন্ট এয়ারওয়েজ। মডেলদের রূপসজ্জায় ছিল পারসোনা। ফ্যাশন শোর কোরিওগ্রাফি করেন বুলবুল টুম্পা। প্রচার সহযোগী ছিল আরটিভি।