চট্টগ্রামের চলতি ফ্যাশন


আড়ং, দেশী দশ, জেন্টল পার্ক, ওটু—ঢাকার অনেক ফ্যাশন হাউসই তো আছে। পারসোনাও হাজির চট্টগ্রামে। ঢাকার ফ্যাশন হাউসগুলোই কি দখল করে নিয়েছে চট্টগ্রামের ফ্যাশন বাজার? তাহলে চট্টগ্রামের শৈল্পিক কীভাবে ঢাকায় শাখা খুলেছে? স্থানীয় ডিজাইনারদের ভাবনা কী? এসব জানতে খোদ চট্টগ্রামেই চলে আসা। প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের সহযোগিতায় এক আলোচনাও হয়ে গেল ডিজাইনারদের অংশগ্রহণে।

রওশনসের রওশন আরা চৌধুরী, ডলস হাউসের আইভি হাসান, মিয়াবিবির সুলতানা নুর জাহান, শ্রেয়ার মণিদীপা দাশ, অনিন্দ্যর লুতফা সানজিদা এসেছিলেন সেদিন, যোগ দিয়েছিলেন রান্নাবিদ জোবাইদা আশরাফ। অনলাইনে ব্যবসার পরিধি বাড়ানো, চট্টগ্রামের স্থানীয় বাজারের পাশাপাশি দেশজুড়েই নিজেদের ব্র্যান্ডকে পরিচিত করে তোলা—এসব ভাবনার কথা জানালেন তাঁরা।
সেদিনই বলে ফেলা, আগামীকাল তাহলে একটা ফটোশুট করে ফেলি? চট্টগ্রামের ডিজাইনার, চট্টগ্রামের পারলার, চট্টগ্রামেরই মডেল। বিকেলে জানিয়ে পরদিন সকালেই পোশাক দেওয়ার অনুরোধ ঢাকার ফ্যাশন হাউসগুলোকেও করতে সংকোচ হয়। বলে ফেলার পর দেখা গেল তাঁদের পোশাক তো আছেই, খোঁজ পেয়ে আরও অনেকেই পাঠিয়েছে পোশাক।

চট্টগ্রামের পারলার খোঁজার পালা এবার। সম্প্রতি চট্টগ্রামের ও আর নিজাম রোডে চালু হয়েছে হাবিব তাজকিরাস পারলার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব যুক্ত আছেন তাঁদের সঙ্গে। তবে জাভেদ হাবিব তো ইউনিসেক্স পারলার (ছেলেমেয়ে সবার জন্যই একসঙ্গে সেবা নেওয়ার সুবিধা আছে এমন) পরিচালনা করেন। চট্টগ্রামেও এ ব্যবস্থা চলছে? পরদিন ফটোশুটে গিয়ে দেখা গেল, চলছে। তবে একই ফ্লোরে দুটো অংশ আলাদা করা। এর ব্যবসায়িক অংশীদারদের একজন কাজী সামিউদ্দিন আহমেদ জানালেন, এখানে এখন কাজ করছেন ভারতীয় হেয়ার স্টাইলিস্ট ললিত মোহন, যিনি মূলত মেয়েদের চুলের সাজই করছেন।
ঢাকার ফ্যাশন শোগুলো মাতাচ্ছেন চট্টগ্রামের অনেক মডেল। চট্টগ্রামের নবীনেরা কেমন করছেন সেটা দেখার আগ্রহও ছিল। ফেসবুক গ্রুপ পপ অব কালারের সঙ্গে যোগাযোগ করা হলো। গ্রুপ অ্যাডমিন জান্নাত মীম চট্টগ্রামেরই বাসিন্দা। কয়জন লাগবে? কয়জন পারবে—এই জাতীয় কথোপকথনের পর মীমই শেষ কথা জানালেন, সকালে সময়মতো পারলারে চলে যাবেন মডেলরা। হ্যাঁ, বেলা ঠিক ১১টার মধ্যে সবাইকেই পাওয়া গিয়েছিল মেকআপ চেয়ারে।

আধা দিনের মধ্যে এতগুলো পোশাক আর এতজন মডেল নিয়ে ফটোশুট। চট্টগ্রামের ডিজাইনার, রূপবিশেষজ্ঞ আর মডেলরা মিলে দেখিয়ে দিলেন স্থানীয় অঙ্গন ছাড়িয়ে জাতীয় পর্যায়ে নিজেদের পরিচিত করে তোলার জন্য প্রস্তুত হচ্ছেন তাঁরা। উৎপাদন আর বিক্রির পাশাপাশি বিপণনেও দক্ষতা দেখাচ্ছে স্থানীয় ফ্যাশন হাউসগুলো। আর বিউটি পারলারগুলোও পার্টি সাজ, কনে সাজ, ফটোশুট ইত্যাদিতে এগিয়ে যাচ্ছে।
চার দিনের সফরে ঘুরে দেখা হলো চট্টগ্রাম শহরের নানা শপিং মল, ফ্যাশন হাউস আর রেস্তোরাঁ। ঢাকা আর চট্টগ্রামের ক্রেতাদের রুচির পার্থক্য তেমন নেই, বোঝা গেল দুই শহরেই ফ্যাশন হাউসগুলোর মোটামুটি একই রকম বিলবোর্ড আর বিজ্ঞাপন দেখে। অনলাইন বুটিক এখানেও দারুণ জনপ্রিয়। কাপড় কিনে পছন্দমতো পোশাক বানিয়ে নেওয়ার ঝোঁক কিশোরী-তরুণীদের মধ্যে। আফমি প্লাজায় ঢাকার ফ্যাশন হাউসগুলোর প্রাধান্য বেশি। সানমার শপিং মলে আবার দেখা গেল চট্টগ্রামের হাউসগুলো বড় শোরুম নিয়েই আছে। কিছু ফ্যাশন হাউসের আলাদা জায়গা নিয়ে বড় পরিসরে করা শোরুমও দেখা গেল।
ঢাকার মতোই চট্টগ্রামের ডিজাইনারদেরও শঙ্কা ভারতীয় ও পাকিস্তানি পোশাকের আধিপত্য নিয়ে। তবে ঢাকার ফ্যাশন হাউসগুলোর কারণে তাঁদের ব্যবসায় ভাটা পড়েনি তো? কথাটা একযোগে নাকচ করে দিলেন সবাই। বরং এর ফলে প্রতিযোগিতা বাড়ছে, নিজেরা আরও ভালো করার অনুপ্রেরণা পাচ্ছেন—এমনটাই জানালেন চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনাররা।
