
চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলো সেজেছে বৈশাখী ঢঙে। পোশাকে ভরপুর বিপণিবিতানগুলো। এসব পোশাকে লাল-সাদার পাশাপাশি রয়েছে সবুজ, হলুদ, নীল, কমলাসহ নানা রঙের বাহার। দেখা গেছে, পোশাকের নকশায় চিরায়ত বাংলার আবহ। কচি সবুজ রং প্রাধান্য পেয়েছে অনেক পোশাকে। নকশিকাঁথার কাজ, কাঁথা ফোঁড়, ব্লকপ্রিন্ট, হাতের কাজ, দেশীয় নানা মোটিফ—ঘুড়ি, ফুল, কলস, হাতপাখা ও পাখি ফুটিয়ে তোলা হয়েছে। সুতি, লিনেন, মসলিন ও সিল্কের কাপড় ব্যবহার করা হয়েছে পোশাকে। ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট এবং তরুণীদের কুর্তা ও ফতুয়ায় প্রাধান্য পেয়েছে দেশীয় মোটিফ। শিশুদের জন্য রয়েছে রকমারি সব পোশাক।

ফ্যাশন হাউস শৈল্পিকের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ইলিয়াস বলেন, ‘এবারও আমরা ঐতিহ্য ও আধুনিকতাকে একসঙ্গে ধরার চেষ্টা করেছি। থাকছে দেশি পোশাকে হাল ফ্যাশনের মিশেল।’
এ ছাড়া ভিন্নধর্মী নকশা নিয়ে কাজ করেছে ফ্যাশন হাউস আরিয়ন ফ্যাশন ও ডলস হাউস। আরিয়নের শাড়ির নকশায় ফুটিয়ে তোলা হয়েছে মোগল মিনিয়েচার। শাড়ির আঁচলে রয়েছে মূল নকশা। জমিনে রয়েছে পুঁতির কাজ। পোশাকের সঙ্গে মিলিয়ে আছে গয়না ও জুতা।

ডলস হাউসের পোশাকে প্রাধান্য পেয়েছে উজ্জ্বল রং। শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া ও সালোয়ার-কামিজে লাল-সাদার পাশাপাশি কমলা, হলুদ, নীল, খয়েরি, সবুজ প্রভৃতি রঙের ব্যবহার চোখে পড়ছে। নকশায় রয়েছে লোকজ মোটিফ, গুহাচিত্র ও আদিবাসীদের নানা দিক। রবীন্দ্রনাথের শেষেরকবিতার ক্যালিগ্রাফি ও যামিনী রায়ের কিছু ড্রয়িং দিয়ে করা হয়েছে শাড়ির নকশা।
পাশাপাশি রওশনস, মুনমুনস, মিরনস, কৃষ্টি, মিয়াবিবি, ড্রিম ফ্যাশন, বাঙালি বাবু, নক্ষত্র প্রভৃতি ফ্যাশন হাউসের পোশাকের নকশায় বৈচিত্র্য চোখে পড়ছে।
এদিকে ফ্যাশন হাউসের পাশাপাশি নগরের টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার, সানমার, নিউমার্কেট, লাকী প্লাজায়ও বৈশাখী পোশাকের বিক্রি জমজমাট।