চলতি ধারার সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
জামদানিই প্রথম পছন্দ ফারহানা এ রহমানের। ছবি: কবির হোসেন
জামদানিই প্রথম পছন্দ ফারহানা এ রহমানের। ছবি: কবির হোসেন
ফারহানা এ রহমান। তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা। ছিলেন বেসিসের সহসভাপতি। বাড়তি যোগ নয়, ফিটফাট থাকতে ভালোবাসেন। প্রথম পছন্দ জামদানি। স্মার্টফোন সঙ্গী সব সময়ের।

শাড়ি ছাড়া তো আপনাকে অন্য কোনো পোশাকে তেমন দেখাই যায় না। ‘হ্যাঁ। শাড়ি আমার খুবই ভালো লাগে। দেশি পোশাক। অনেক ধরন আছে, নানাভাবে পরা যায়। দেশে সব অনুষ্ঠানেই শাড়ি পরে যাই।’ পছন্দের পোশাক দিয়ে শুরু হলো তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ফারহানা এ রহমানের সঙ্গে আলাপচারিতা। শাড়ির মধ্যে এগিয়ে রেখেছেন জামদানিকে। সুতি শাড়িও পরেন নিয়মিত। শিফনও পছন্দ। ‘জানেন, জামদানি আর অন্য সুতি শাড়ি আমি দোকান থেকে কিনি না। কাস্টমাইজড করে নেই।’ তাঁতশিল্পীদের বুঝিয়ে দেন কোন ধরনের শাড়ি চান, দরকারে নকশাও এঁকে দেন। শাড়ির বেলায় ‘কাস্টমাইজ’ শব্দের প্রয়োগ মনে করিয়ে দেয়—আপাদমস্তক তিনি প্রযুক্তির মানুষ।

কাজের ধরনটাই এমন যে প্রযুক্তি তাঁর নিত্য সহচর
কাজের ধরনটাই এমন যে প্রযুক্তি তাঁর নিত্য সহচর

সফটওয়্যার আর তথ্যপ্রযুক্তি সেবা নিয়ে তাঁর কাজ। নিজের প্রতিষ্ঠান আপলোড ইওরসেলফ (ইউওয়াই) সিস্টেমস লিমিটেড আর হেলথপ্রায়োর২১ ডটকম। বেশির ভাগ কাজই ইউরোপের সঙ্গে। তাই দিনরাত ‘অনলাইন’ থাকতে হয় ফারহানাকে। ১২ অক্টোবর মহাখালীর ডিওএইচএসের বাড়িতে গিয়ে কথা বলা আর ছবি তোলার ফাঁকেও দুবার অনলাইনে ব্যবসায়িক মিটিং সারলেন। কাজের ধরনটাই এমন যে প্রযুক্তি হয়ে গেছে নিত্যসঙ্গী। ‘আগে যেমন মানুষ আলমারির চাবি আগলে রাখত যক্ষের ধনের মতো, আমিও তেমনি আগলে রাখি স্মার্টফোন।’ কারণ নানা রকম দরকারি তথ্য স্মার্টফোনে ভরা। যন্ত্রটা কখনোই হাতছাড়া করেন না ফারহানা। স্মার্টফোন, ল্যাপটপ—সবকিছুতেই পছন্দ অ্যাপল।

পার্সি তাঁর পরিবারেরই এক সদস্য
পার্সি তাঁর পরিবারেরই এক সদস্য

ইদানীং স্যামসাংয়ের একটা ফোন ভালো লাগছে। ঘর-গেরস্থালির কাজেও ফারহানার যন্ত্রপ্রীতি চোখে পড়ার মতো। ভাত রান্না থেকে আইসক্রিম বানানো, রুটি তৈরির যন্ত্র—সবকিছুই রেখেছেন। ‘আমরা যাঁরা দুজনই কর্মজীবী, তাঁদের জন্য এগুলো খুব কাজে আসে।’
আপনি কি যন্ত্রপাগল? ‘ঠিক তা না। তবে আমাকে অ্যাপ–পাগল বলতে পারেন। আমার কাজে লাগে, সে রকম অ্যাপ (অ্যাপ্লিকেশন) দেখলেই হলো। তখনই সেটা আমার কেনা চাই।’
সকাল ছয়টার দিকেই ঘুম থেকে ওঠেন ফারহানা এ রহমান। চা পান সেরে সময় কাটান পোষা প্রাণীদের। ‘বিড়াল আমি খুবই পছন্দ করি।’ একটা সময় তাঁদের বাসায় ৩৮টা বিড়াল ছিল। মাঝখানে কিছুদিন বিরতি। এখন আবার বছর খানেক হলো আছে দুই বিড়াল—পার্সি ও স্মোকি। দুটোই পার্সিয়ান বিড়াল। পার্সি রীতিমতো রাশভারী, স্মোকি বেশ চঞ্চল। মাস কয়েক আগে ফারহানার পরিবারে যোগ হয়েছে অ্যালসেশিয়ান এক কুকুর ছানা। নাম রেখেছেন গুগল।

বিদেশে পরেন বিজনেস স্যুট
বিদেশে পরেন বিজনেস স্যুট

গুগলকে পোষ মানাতে চাইছেন? ‘আরে না। ও সারাক্ষণ শুধু এটা খোঁজে ওটা খোঁজে, তাই নাম দিয়েছি গুগল।’ কুকুর-বিড়াল ছাড়া আরও এক প্রাণী তাঁদের নিত্যসঙ্গী যেন। ডিওএইচএসের পেছনের দিকটায় অনেক বানরের বসবাস। সেসব বানর নাকি মাঝে মাঝে ঢুকেও পড়ে ফারহানাদের বাড়িতে।
চা পান শেষে দিনের কাজকর্মের তালিকা গুছিয়ে ফেলেন। সেই কাজ অনুযায়ী পরে নেন পোশাক। সভা-সমিতি থাকলে জামদানি প্রথম পছন্দ। রঙের মধ্যে সাদাকালো প্রাধান্য পায়। জন্মদিনের মতো অনুষ্ঠানে পরেন সালোয়ার-কামিজ। বিদেশে যখন ব্যবসায়িক কাজে যান, তখন অবশ্যই বিজনেস স্যুট। আর সবকিছুর সঙ্গে ছোট ছোট গয়না। ‘আগে টিপ পরতাম। এখন পরি না। নাকফুল পরি, এটা আবার ইউরোপীয়রা বেশ পছন্দ করে।’ এক হাতে চুড়ি পরেন, অন্য হাতে পাতলা ঘড়ি। স্ক্যানজেন ব্র্যান্ডের ঘড়ি পছন্দ তাঁর।
সাড়ে নয়টায় ছেলে সৈয়দ ফারদিন রহমানকে নিয়ে বেরিয়ে পড়েন অফিসে। অফিসটা বাড়ির কাছেই। ফারিদন অটিজমে আক্রান্ত। নিয়মিত স্কুলে পড়াশোনা করে এখন মায়ের অফিসে প্রোগ্রামিং শিখছে। ‘অফিসে ওর জন্য আলাদা ডেস্ক আছে। ও ওখানে কাজও করে।’ অফিসে যাওয়ার পর আর রুটিন ঠিক থাকে না ফারহানার। ‘যখন যে কাজ পড়ে বা যেখানে যাওয়া লাগে যাই। তবে সন্ধ্যায় বাসায় ফিরি। ফিরে নাশতাটা খেতেই হবে।’ সন্ধ্যার পর ফারহানা হাঁটতে বেরোন বাড়ির কাছেই লেকের পাড়ে। ‘সিরিয়াসলি হাঁটি।’ তাই পরনে থাকে ট্র্যাকস্যুট। সঙ্গী ছোটবেলার বন্ধুরা। ১০টার মধ্যে রাতের খাবার খেয়ে নেন। এরপর বসে যান ল্যাপটপ নিয়ে—বিদেশের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ।

সালোয়ার–কামিজ পরা হয় মাঝেমধ্যে
সালোয়ার–কামিজ পরা হয় মাঝেমধ্যে

মেয়ে আরিয়ানা ইলমা রহমান পড়ে স্কুলে। স্বামী মুশফিকুর রহমান সরকারি কর্মকর্তা, তাঁর কর্মস্থল এখন চট্টগ্রাম। সপ্তাহান্তে আসেন ঢাকায়। তাই ঘরদোর, অফিস, ব্যবসা, সামাজিকতা—সবই ফারহানা এক হাতে সামলান। তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বেসিসের প্রথম নারী পরিচালক ছিলেন তিনি। সময় দেন অটিজম-বিষয়ক সচেতনতা বাড়ানোর নানা কাজেও।
নানা রকম ব্যাগ সংগ্রহ করেন সুযোগ পেলে। এ ক্ষেত্রে ব্র্যান্ড—কেলভিন ক্লেইন, মাইকেল করস, প্রাদা প্রিয়। জুতার ক্ষেত্রে আবার ব্র্যান্ড দেখেন না।
ফারহানা পছন্দ করেন চলতি ধারার সঙ্গে থাকতে। ‘ফ্যাশন কিংবা কাজ—আমি ট্রেন্ডি। বাড়তি কিছু নয়, ফিটফাট থাকতেই পছন্দ করি।’ জীবন যেভাবে আসে, সেভাবে গ্রহণ করে বাঁচতে হবে আনন্দের সঙ্গে—জীবনযাপনে এই তো মূলনীতি ফারহানা এ রহমানের।