চাই আরামদায়ক পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুতির হালকা রঙের পোশাকে ঝোঁক ক্রেতাদের। ছবি: খুলনা অফিস
সুতির হালকা রঙের পোশাকে ঝোঁক ক্রেতাদের। ছবি: খুলনা অফিস

রোজার প্রথম দিন থেকেই খুলনায় শুরু হয়েছে বৃষ্টি। তাই প্রথম দিকে ক্রেতাসমাগম কম থাকলেও যতই ঈদের দিন ঘনিয়ে আসছে, ক্রেতারা ব্যস্ত হয়ে পড়ছেন কেনাকাটায়। বিক্রেতারা কথা বলারও ফুরসত পাচ্ছেন না। এই ব্যস্ততার মধ্যেও বিক্রেতারা জানালেন, এবার ঈদে বর্ষা ও গরমের প্রভাব থাকবে। এ কথা মাথায় রেখেই পোশাকের নকশা করেছেন বেশির ভাগ ডিজাইনার। হালকা রং ও কাজের পোশাকের চাহিদা বেশি। আর কাপড়ের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে সুতি, জর্জেট, লিলেন ও সিল্ক।
মেয়েদের পোশাকের দোকান খুলনা নিউমার্কেটের নিউ মিতুল ফ্যাশন হাউসে ব্যবস্থাপক মো. হান্নান জানান, এবার হালকা রঙে আগ্রহ বেশি ক্রেতাদের। শাড়ি দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরাবরের মতো এবার ঈদেও চাহিদা বেশি ঢাকাই জামদানি শাড়ির। তবে মসলিন, সিল্ক ও সুতি শাড়ির চাহিদাও কম নয়। হালকা কাজের শাড়ি বেশি বিক্রি হচ্ছে। ছেলেদের পাঞ্জাবিতে এবার চলছে লম্বা ও মাঝারি ঝুল। কাপড় হিসেবে বেছে নেওয়া হয়েছে সুতি, সিল্ক, ভয়েল ও অ্যান্ডি। রয়েছে হালকা রঙের ব্যবহার, যেমন—হলুদ, হালকা নীল, সাদা, ছাই ও হালকা বেগুনি।