চিরশয়ানে পিয়ের কার্দিন

শনিবার চিরনিদ্রায় শায়িত হয়েছেন ফরাসী ফ্যাশন ডিজাইনার পিয়ের কার্দিনছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার রাতে চিরনিদ্রায় শায়িত হলেন ভুবনমাতানো ফ্যাশন ডিজাইনার পিয়ের কার্দিন। প্যারিসের একটি বেসরকারি সমাধিক্ষেত্র মনমারত্রে সেমেটারিতে হয়েছে তাঁর নশ্বর দেহের শেষ আশ্রয়। এই কিংবদন্তির বিদায়ের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটল ফ্যাশন ইতিহাসের অনন্য এক অধ্যায়ের।

নিজের স্টুডিওতে পিয়ের কার্দিন
ছবি: রয়টার্স

অসামান্য সৃজনক্ষমতার অধিকারী এই ফ্যাশন ডিজাইনার ২৯ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে প্যারিসের উপকণ্ঠে একটি হাসপাতালে মারা যান। তিনি চলে গেলে শতবর্ষের দোরগোড়ায় থেকে ৯৮ বছর বয়সে, বছর শেষের মাত্র দুদিন আগে। আর তিন দিন পর তাঁকে কালো কফিনে নিয়ে শুইয়ে দেওয়া হলো চিরদিনের মতো। এই কালো কফিনও ছিল তাঁর শেষ ইচ্ছার প্রতিফলন। এতে আরও ছিল তাঁর নকশা করা তরবারি। তরবারির নকশায় রয়েছে সেলাইয়ের সময় আঙুলে পরা থিম্বল, সুচের চোখ আর সুতার স্পুল।
কালজয়ী এই ফ্যাশন ডিজাইনারকে শনিবার সমাহিত করা হয় তাঁর পার্টনার অন্দ্রে অলিভারের কবরে। পারিবারিক সূত্র জানিয়েছে, পিয়ের কার্দিনের স্মরণানুষ্ঠানের আয়োজন করা হবে জানুয়ারির শেষে।

১৯২২ সালের ২ জুলাই তাঁর জন্ম ভেনিসের কাছে একটি নিম্নবিত্ত পরিবারের। তাঁরা ছিলেন ইতালিতে বসবাসকারী ফরাসি। ছেলেবেলায় তিনি চলে আসেন ফ্রান্সে। সাঁন্ত এতিয়েনে সাধারণভাবেই শুরু হয় তাঁর শিক্ষাজীবন। ১৭ বছর বয়সে তিনি ভিশি নামক জায়গায় একটি দরজির দোকানে কাজ শুরু করেন। তখন তাঁর স্বপ্ন ছিল অভিনয়শিল্পী হওয়ার। তাই তিনি মঞ্চনাটকে টুকটাক কাজও করেন মডেল আর নৃত্যশিল্পী হিসেবে।
১৯৪৫ সাল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে। ২৩ বছরে তরুণ পিয়ের চলে আসেন স্বপ্নশহর প্যারিসে। তৈরি করেন জাঁ ককতোর ছবি 'বিউটি অ্যান্ড দ্য বিস্ট'-এর জন্য মাস্ক ও কস্টিউম। বছর না ঘুরতেই যোগ দেন তখনো অপরিচিত ব্র্যান্ড ক্রিস্তিয়ঁ দিওরে।

স্টুডিওতে নিজের সৃষ্টির সঙ্গে কিংবদন্তি
ছবি: রয়টার্স

পঞ্চাশের শেষ দিকে তিনি গাঁটছড়া বাঁধেন ডিপার্টমেন্ট স্টোর প্রিন্টেম্পসের সঙ্গে। এতে তাঁকে কিছুদিনের জন্য বরখাস্ত করে শাম্ব্রে সিন্দিকেল ডে লা কতুর।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ–পরবর্তী ফ্যাশন দুনিয়াকে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে যাঁদের অবদান অনস্বীকার্য, পিয়ের কার্দিন তাঁদের একজন। এই ভবিষ্যৎদ্রষ্টা ডিজাইনার পরবর্তী সময়ে অনুসৃত হয়েছেন অন্যদের কাছে। ব্যবসা বিস্তারের যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন, সেই পঞ্চাশের দশকে তা আজও অনুসরণ করছেন সবাই।
১৯৫৪ সালের বাবল ড্রেস আর ঠিক ১০ বছরের মাথায় ১৯৬৪ সালের স্পেস এজ কালেকশন ফ্যাশনের ইতিহাসে মাইলফলক হয়ে রয়েছে।

অনেকের আগেই তিনি ফ্রান্সের বাইরের বাজার ধরে ফেলেন। ১৯৫৭ সালে তিনি জাপানে বাজার বিস্তার করেন। আর ১৯৭৯ সালে তিনি চীনে তাঁর সৃষ্টিকর্ম প্রদর্শনের মাধ্যমে শুরু করেন তাঁর লেবেলকে সেদেশে নিয়ে যাওয়া। বর্তমানে সব ব্র্যান্ডেরই কাঙ্খিত চনে বাজার। ১৯৯১ সালে বার্লিন প্রাচীর পতনের দুবছর না ঘুরতেই মস্কোর রেড স্কোয়ারে পিয়ের কার্দিনের ফ্যাশন শো দেখতে জমায়েত হন ২ লাখ দর্শক।

মডেলদের সঙ্গে পিয়ের কার্দিন
ছবি: রয়টার্স

কেবল কাপড়ে থেমে ছিলেন না এই উদ্যোগী ফ্যাশন ডিজাইনার। ১৯৮০ সালেই কেনেন প্যারিসের নামকরা ভোজনালয় ম্যাক্সিম। তাঁর সাম্রাজ্য বিস্তারের অভিলাষ অব্যাহত রেখে সুগন্ধি থেকে খাবারদাবার, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন থেকে রিয়েল এস্টেট, বিনোদন থেকে তাজা ফুল, নানা অনুষঙ্গ থেকে কলম ব্যবসা ছড়িয়েছেন নানা দিকে। আর সফলও হয়েছেন। পিয়ের কার্দিনের কলমের কথা তো অনেকেরই মনে থাকবে।
অভিজাত ফ্রেঞ্চ রিভিয়েরায় তাঁর বাবল প্যালেস ফিউচারিস্টিক ডিজাইনের এক দারুণ নজির।

পাছে লোকে কিছু বলের কুণ্ঠা তাঁর ছিল না। বরং পিয়ের কার্দিন একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘কেউ পছন্দ করল কি করল না, ভেবে আমি সৃজনের নানা ক্ষেত্রে কিছু করা থেকে নিজেকে বিরত রাখতে চাইনি।’

তরুণ ডিজাইনার পিয়ের করটিয়ালের সঙ্গে পিয়ের কার্দিন
ছবি: রয়টার্স

তিনি কাজ করে গেছেন একেবারে জীবনের প্রান্তে পৌঁছেও। গত সেপ্টেম্বরের প্যারিস ফ্যাশন উইকেও তিনি সংগ্রহ প্রদর্শন করেছেন। তবে এর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে তিনি নিয়েছিলেন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর স্টুডিওতে প্রবেশাধিকার দেন তাঁর থেকে অন্তত ৭০ বছরের অনুজ ডিজাইনারকে। ২৭ বছর বয়সী পিয়ের করটিয়ালকে সঙ্গে নিয়ে তৈরি করেন নতুন সংগ্রহ। সেটাও হয়ে থাকল মাইলফলক দৃষ্টান্ত।

সূত্র: এএফপি, রয়টার্স