
অনেকেই দৃষ্টিশক্তির সমস্যায় চশমা ব্যবহার করেন। আবার কেউ কেউ চশমার পরিবর্তে পরেন কনট্যাক্ট লেন্স। তবে নতুন প্রজন্মের কাছে কনট্যাক্ট লেন্সের ব্যবহারটা কেবল দৃষ্টিশক্তির সমস্যা বা অসুস্থতার জন্য নয়, ফ্যাশনও। চোখের সৌন্দর্য বাড়াতে গায়ের রং, চুলের সজ্জা, মুখের গড়নের সঙ্গে মিল রেখে তরুণীরা বেছে নিচ্ছেন নানান রঙের কনট্যাক্ট লেন্স। আবার অনেকেই চশমা ব্যবহারকে কিছুটা ‘ঝামেলা’ হিসেবে দেখেন। তাই ব্যবহারে স্বস্তির জন্য কেউ কেউ বেছে নিচ্ছেন কনট্যাক্ট লেন্স।
গতকাল শনিবার রাজধানীর পান্থপথে চশমার দোকান আই ভিশনে কথা হয় সাবিহা হোসেনের সঙ্গে। তিনি অর্থনীতিতে একটি কলেজে স্নাতক করছেন। কনট্যাক্ট লেন্স কিনতে এসেছেন প্রথমবারের মতো। তিনি জানান, বান্ধবীদের দেখে কনট্যাক্ট লেন্স কেনার ইচ্ছা হয়েছে। তিনি মূলত বাদামি রঙের কনট্যাক্ট লেন্স কিনতে আগ্রহী। কারণে জানালেন, এটা তাঁর চোখে ভালো মানায়। দোকানের বিক্রেতার সাহায্য নিয়ে ব্যবহারও শিখে নিচ্ছেন তিনি, কীভাবে চোখে পরতে হয় কনট্যাক্ট লেন্স।
ধানমন্ডিতে ঘড়ি ও চশমার দোকান অপটিক ওয়াচের বিক্রেতা ফারুখ হোসেন জানান, তরুণীরা বর্তমানে নানান রঙের কনট্যাক্ট লেন্স কিনতে বেশি আসেন। বিভিন্ন দামের কনট্যাক্ট লেন্স পাওয়া যায়। তবে ৫০০ থেকে তিন হাজার টাকায় লেন্স বিক্রি বেশি হয়। দোকানি আরও জানান, বাজারে ফ্রেশলুক, আই ফ্রেশ ব্র্যান্ডের কনট্যাক্ট লেন্স বেশি বিক্রি হয়। যার দাম এক হাজার টাকা।
তবে কেবল ফ্যাশন কিংবা স্বস্তির দিকটাই ভাবলে চলবে না, এসব সৌন্দর্য উপকরণের ব্যবহারে চাই স্বাস্থ্যসচেতনতা। আর তা না হলে ঘটতে পারে বিপত্তি। এমনটিই বলছেন রূপবিশেষজ্ঞ ও চিকিৎসকেরা।
গায়ের রং বুঝে কনট্যাক্ট লেন্স
রেড বিউটি স্যালুনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলছেন, কনট্যাক্ট লেন্স পরলে চোখের সৌন্দর্যের প্রকাশেও ভিন্নতা পায়। দেখতে সুন্দর লাগে। তবে গায়ের রঙের সঙ্গে মিলিয়ে কনট্যাক্ট লেন্স নির্বাচন করুন। চাপা গায়ের রঙের তরুণীরা বাদামি রঙের লেন্স ব্যবহার করতে পারেন। উজ্জ্বল শ্যামলা হলে সবুজাভাব, নীলাভ, লালচে কিংবা হালকা বাদামি রঙের লেন্স ব্যবহার করতে পারেন। উজ্জ্বল মানে ফরসা তরুণীরা ব্যবহার করতে পারেন লালচে, কমলা বা বেগুনি লেন্স।
কনট্যাক্ট লেন্স পরে সাজসজ্জা
কনট্যাক্ট লেন্স পরে সাজসজ্জার ক্ষেত্রে কিছু সতর্কতা মানা দরকার। রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, চোখের নিচের অংশে মোটা বা পুরু করে কাজল দিতে পারেন। এ ছাড়া চোখ টেনে কাজল দিলে চোখের পরিধি বড় দেখায়। চুল খোলা থাকতে পারে। তবে পোশাকের রঙের সঙ্গে সবকিছু মানিয়ে ঘর থেকে বের হলে আপনার ব্যক্তিত্বের প্রকাশে আসবে ভিন্নতা।
সতর্কতা
বারডেম হাসপাতালের সহযোগী অধ্যাপক পূরবী দেবনাথ বলছেন, চোখের স্বস্তির জন্য অনেকে নরম কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন। তবে নরম কন্ট্যাক্ট লেন্স ভেদ করে ধোঁয়া বা ফুলের রেণু চোখে যাওয়ার আশঙ্কা থাকে। এর থেকে চোখে অ্যালার্জি হতে পারে। এটি ব্যবহারে কর্নিয়ার অক্সিজেনের সরবরাহ কমে যেতে পারে, সংক্রমণের ঝুঁকিও থাকে, চোখ শুষ্ক ও খসখসে এবং লাল হতে পারে। তাই সঠিকভাবে যত্ন নিতে হবে।
যত্ন
পূরবী দেবনাথ বলেন, প্রথমে পরিষ্কার হাতে আঙুলের মাথায় লেন্স নিয়ে আরেক হাতে চোখ টেনে আলতো চোখে পরুন। বড় নখ থাকলে সচেতন থাকতে হবে, যাতে লেন্স ছিদ্র না হয়ে যায়। একটানা চার ঘণ্টার বেশি সময় ব্যবহার করা উচিত নয়। কনট্যাক্ট লেন্স বিশেষ ধরনের দ্রবণের ভেতর ডুবিয়ে রাখতে হয়। কিন্তু নিয়ম করে প্রতিদিনই নতুন দ্রবণের ভেতর লেন্স রাখতে হবে। এসব দ্রবণের মেয়াদের দিকটিও খেয়াল রাখুন। যেকোনো লেন্স ব্যবহারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে মেয়াদোত্তীর্ণের তারিখ। নির্দিষ্ট মেয়াদের বেশি দিন ব্যবহার করা যাবে না।