ছবি বই বিড়াল বন্ধু ইরেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝে মাঝে গিটারে সুরও তোলেন
মাঝে মাঝে গিটারে সুরও তোলেন

অভিনেতা ইরেশ যাকের। অভিনয়ের পাশাপাশি তিনি এশিয়াটিক-৩ সিক্সটি-এর নির্বাহী পরিচালক। ভালোবাসেন ছবি তুলতে। গান শুনতে। বই সংগ্রহ করতে। আজ থাকছে তাঁর স্টাইল।
বাড়ির সদর দরজা খুলে দিতেই হাজির সোবা, উদন ও মিসো। বাড়ির কর্তা পরিচয় করিয়ে দিলেন ওদের সঙ্গে। ওরাই তো বাড়ির কর্তা ইরেশ যাকেরের প্রিয় সঙ্গী। ব্যস্ততার ফাঁকে সময়টা কাটে এই তিন বিড়ালের সঙ্গে।

বিশেষ অনুষ্ঠানে ইরেশ যাকেরকে দেখা যায় এমন পোশাকে। ছবি: সাহাদাত পারভেজ
বিশেষ অনুষ্ঠানে ইরেশ যাকেরকে দেখা যায় এমন পোশাকে। ছবি: সাহাদাত পারভেজ

অভিনেতা ইরেশের দিন শুরু হয় সকাল নয়টা-সাড়ে নয়টা থেকে। সাধারণত এ সময়ে ঘুম থেকে ওঠেন। কিছুক্ষণ খেলাধুলা করেন তিন বিড়ালের সঙ্গে। এরপর নাশতা সেরে অফিসের উদ্দেশে বেরিয়ে পড়া। যেদিন শুটিং থাকে সেদিন অবশ্য রুটিনের হেরফের হয়। ক্যাজুয়াল পোশাক পরতেই বেশি পছন্দ করেন। ইরেশ বলেন, ‘সাধারণত জিনস ও টি-শার্ট পরি। একটু গাঢ় রঙের পোশাক ভালো লাগে। এক্সপ্রেস ব্র্যান্ডের জিনস পরা হয় বেশি। টি-শার্টের ক্ষেত্রে আরামদায়ক ও ফিটিং ভালো হলেই কিনে ফেলি।’
জিনস ও ব্যায়ামের পোশাক বিদেশ থেকে কিনলেও পাঞ্জাবি ও টি-শার্ট দেশ থেকেই কেনেন। নাইকি ব্র্যান্ডের ব্যায়ামের পোশাক পরেন। বিশেষ কোনো সভা বা অনুষ্ঠান থাকলে ফরমাল পোশাক পরেন। আর্টিস্টি, ইয়েলো ব্র্যান্ডের শার্ট বা পাঞ্জাবি তখন বেছে নেন। শীতে জ্যাকেট পরেন।
পোশাক নিয়ে অত মাথাব্যথা না থাকলেও ক্যামেরা ও বই কেনার প্রতি আছে ঝোঁক। ২০০৭ সালে নেপালে বাবা আলী যাকেরের সনির সাইবার শট ক্যামেরা নিয়ে গিয়েছিলেন। সেবার ছবি তুলতে গিয়ে এতটাই ভালো লেগে গেল যে ঢাকায় ফিরে কিনে ফেলেন ডিএসএলআর ক্যামেরা। আর নানা রকমের লেন্স। ছবি তোলা ও সম্পাদনা করা তাঁর শখ। শখ এখন নেশাই হয়ে গেছে। ‘মানুষ আছে এমন ছবি তুলতে পছন্দ করি। ঘুরতে ভালো লাগে। যখন বেড়াতে যাই, ক্যামেরা থাকে সঙ্গে। আজকাল আইফোন দিয়েও ফটোগ্রাফি করি।’ বলেন ইরেশ।

ব্যায়াম করেন নিয়মিত
ব্যায়াম করেন নিয়মিত

সন্ধ্যার পর কোনো মিটিং না থাকলে সাতটা-সাড়ে সাতটার দিকে বাসায় ফেরেন। দুধের সঙ্গে প্রোটিন পাউডার মিশিয়ে প্রোটিন শেক খেয়ে সোজা বাড়ির ব্যায়ামাগারে। এক ঘণ্টা ব্যায়াম করেন। প্রতি শুক্রবার সাইকেল চালান তিনি। ইরেশের মতে, শর্করা অল্প হলেও খেতে হবে। আর আমিষজাতীয় খাবার, ফল তো থাকবেই। পাশাপাশি ব্যায়াম করলে ফিট থাকা যায়। আর রাতে অন্তত সাত ঘণ্টা ঘুমাতে হবে; যা তিনি নিজেও মেনে চলেন।
নিজের তোলা ছবি সম্পাদনা করা, ফেসবুক ও ইনস্টাগ্রামেও সময় কাটান রাতেই। গ্যাজেট হিসেবে ব্যবহার করেন ম্যাক বুক, আইপ্যাড, আই–পড ও আইফোন। সারা দিনে অন্তত এক ঘণ্টা সৃজনশীল কাজে ব্যয় করতে চান। হতে পারে বই পড়া, লেখালেখি করা। গাড়িতে বসে পিংক ফ্লয়েড, বিটলস, এ আর রহমান, হেমন্ত মুখোপাধ্যায় ও শচীন দেববর্মনের গান শুনতে ভালোবাসেন। ইরেশ যাকের নিজেও গিটার বাজান। নানা রকমের বই সংগ্রহ শুধু করেনই না, পড়েনও।
সাজ সজ্জা নিয়ে খুব একটা ভাবেন না। তবে বডিওয়াশের প্রতি আছে দুর্বলতা। বাংলাদেশের ক্রিকেট ও লিভারপুল দলের ফুটবল খেলার নিয়মিত ভক্ত তিনি।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জায়গা ভালো লাগে। নেপাল ও তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার রতনপুরে বারবার যেতে ইচ্ছে করে ইরেশের।

বইয়ের কাছাকাছি
বইয়ের কাছাকাছি
বিড়াল বন্ধু
বিড়াল বন্ধু