ছিমছাম সাজেই অনন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারজানা শাকিল জমকালো পার্টিতেও পরেন জামদানি শাড়ি। ছবি: কবির হোসেন
ফারজানা শাকিল জমকালো পার্টিতেও পরেন জামদানি শাড়ি। ছবি: কবির হোসেন

রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল। তিনি ফারজানা শাকিল’স মেকওভার স্যালনের ব্যবস্থাপনা পরিচালক। শাড়ি তাঁর প্রিয় পোশাক। কাজ করার সময়ে অবশ্য সালোয়ার–কামিজ বা কুর্তা পরেন। মুক্তার গয়নার প্রতি আছে বিশেষ দুর্বলতা। ভালোবাসেন বেড়াতে। জানালেন তাঁর জীবনযাপনের নানা কথা।
কালো আচকানটা পরা হয় সাধারণত কাজের পোশাক হিসেবেই। তবে এই শীতে শাড়ির সঙ্গেও তা পরছেন। সুতির প্রাকৃতিক রঙে রাঙানো শাড়ির সঙ্গে কেপ কোটের ঢঙে পরলেন সেটা। পছন্দের পোশাক বলতে শাড়ির কথাই জানালেন।‘সুতি আর জামদানি শাড়িই পরা হয়। জমকালো পার্টির দাওয়াতেও পরে ফেলি সুতি শাড়ি। সুতার সূক্ষ্ম কাজের নকশা ভালো লাগে।’ বললেন তিনি।
শাড়ি কেনা হয় কোথা থেকে জিজ্ঞেস করতেই জানালেন আড়ং, টাঙ্গাইল শাড়ি কুটির, মায়াসীর, অরণ্য—এই ফ্যাশন হাউসগুলোর কথা।

কাজের সময় সালোয়ার–কামিজ বা কুর্তা পরেন
কাজের সময় সালোয়ার–কামিজ বা কুর্তা পরেন

এ ছাড়া দেশালের সরু পাড়ের শাড়িও বেশ পছন্দ তাঁর। এখনো ঘুরে ঘুরে শাড়ি কেনেন হকার্স মার্কেট বা গাউছিয়া থেকে। যেমন এই ফটোসেশনে পরা সাদা জামদানিটা কেনা হয়েছে হকার্স মার্কেট থেকে। ‘জামদানি মানে কিন্তু পঞ্চাশ হাজার, এক লাখের নয়; সাধারণ চার–পাঁচ হাজার টাকার জামদানিই বরং বেশি পরা হয়।’ বললেন ফারজানা শাকিল। কাজের সময় সালোয়ার–কামিজ বা কুর্তা পরেন।
সূক্ষ্ম কাজের প্রতি দুর্বলতা ফারজানা শাকিলের প্রকাশ পায় গয়নাতেও। পুরোনো ঢঙের কাজ করা সোনার গয়নাও আছে তাঁর সংগ্রহে। মুক্তার গয়না আছে বিশেষ পছন্দের তালিকায়। আর সব সময়ের অনুষঙ্গ বলতে ঘড়ি—সেটা মাইকেল করস ব্র্যান্ডের। এ ছাড়া সানগ্লাসের সংগ্রহ আছে তাঁর। রে ব্যান, গুচি, প্রাডা, ডিওর—এই ব্র্যান্ডগুলোর প্রসাধনী ও অনুষঙ্গ ব্যবহার করেন।
সাদা আর কালো রঙের প্রতি ফারজানা শাকিলের পক্ষপাত একটু বেশি। ‘আগে তো সব সময় এই দুটো রঙের পোশাক পরা হতো। এখন অন্য রংগুলোও মাঝে মাঝে পরি।’ বললেন তিনি।
নিজের সাজ সব সময় নিজের হাতেই করেন, সেটা একদম চুল থেকে শুরু করে মেকআপ পর্যন্ত। তিনি বলেন, ‘সাজটা কখনো সাজ ভেবে করি না। ভালো দেখানোর জন্য যতটুকু দরকার, ঠিক ততটুকুই করা উচিত। চলতি ধারার খোঁজ তো রাখতে হয় পেশার প্রয়োজনেই। তবে সেটা সব সময় অনুসরণ করি না। বিশেষ কোনো একটা ট্রেন্ড ভালো লাগলে হয়তো করলাম।’

প্রাকৃতিক রঙের শাড়ির সঙ্গে পরেছেন কালো আচকান
প্রাকৃতিক রঙের শাড়ির সঙ্গে পরেছেন কালো আচকান

বেশ ভোরেই দিন শুরু হয় ফারজানা শাকিলের। আর সেই সময়ের সঙ্গী চা আর খবরের কাগজ। ‘সুন্দর করে টি–পটে চা নিয়ে, আলাদা পটে দুধ, চিনি দিয়ে টেবিল সাজিয়ে বসি। চায়ের ব্যাপারে আমি খুব শৌখিন। ভোরের এই সময় একদম নিজস্ব মনে হয়। সারা দিনের কাজের ছকটাও মনে মনে ঠিক করে নিই।’ বলেন তিনি। এর পরই শুরু হয় ব্যস্ততা—বাড়িতে রান্নার আয়োজনটা বুঝিয়ে দিয়েই পারলারে চলে আসেন। সন্ধ্যায় বাড়ি ফিরে স্বামী শাকিল কাসেম আর ছেলে সাদাতের সঙ্গে চলে আড্ডা। মেয়ে সাদাফ পড়াশোনা করছেন বিদেশে। ‘ব্যস্ততার বাইরে পরিবারকে যতটুকু সময় দিই, সেটাই আমার ব্যক্তিগত সময় বলে মনে করি। বাড়িতে নিয়মিত রান্না করি। বড় মাছ রাঁধতে যেমন পছন্দ করি, খেতেও তেমনি।’ বললেন তিনি। মাছ ছাড়াও তাঁর হাতের ঝাল মাংস, দইবড়া, শাহি টুকরার সুনাম আছে পরিবার আর বন্ধুদের মাঝে, জানালেন তিনি।
বেড়ানোর শখ আছে ফারজানা শাকিলের। একা একা নানা দেশ ঘুরে দেখতে পছন্দ করেন। নিয়ম করে ব্যায়াম না করলেও সুস্থ থাকার জন্য হাঁটেন। পারলারের বিউটি ট্রিটমেন্ট নিজে তেমন করান না। প্রচুর ফলমূল, শাকসবজি, ডাব ইত্যাদি থাকে খাবারের তালিকায়। কম খেয়ে নয়, বরং খাওয়ার পরে পরিশ্রম করে তা পুষিয়ে দেওয়ার নীতিতেই বিশ্বাস করেন ফারজানা শাকিল।