ছেলেদের জন্য পশ্চিমা ধাঁচের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যাকমে ফ্যাশন উইকে গতকাল দেখা গেল ছেলেদের ফ্যাশনধারা। মঞ্চে হাঁটছেন বলিউড অভিনেতা আলী ফজল
ল্যাকমে ফ্যাশন উইকে গতকাল দেখা গেল ছেলেদের ফ্যাশনধারা। মঞ্চে হাঁটছেন বলিউড অভিনেতা আলী ফজল

ফ্যাশন যেন শুধু নারীর ভূষণ। ল্যাকমে ফ্যাশন উইকে প্রথম তিন দিনের আয়োজন দেখে তাই মনে হচ্ছিল প্রত্যেকের। সুতি, খাদি, কাতান, সিল্কের মেয়েদের পোশাকের ভিড়ে ছেলেদের ফ্যাশন উঠে এসেছে তুলনামূলক কম। তবে গতকাল উৎসবের চতুর্থ দিন ছিল ছেলেদের জন্য।

মেয়েদের ফ্যাশন যেখানে শিকড়ের টানে শাড়ি আর আনারকলিতে ফিরে গেছে, সেখানে ছেলেদের ফ্যাশনের ধারা চলছে উল্টো স্রোতে। সামনের শীত ও উৎসবের মৌসুমের জন্য ভারতীয় ডিজাইনাররা ছেলেদের জন্য শুধুই পশ্চিমা ধাঁচের পোশাকেই নকশা করছেন।

গতকাল শনিবার উৎসব শুরু হয় দুপুর সাড়ে ১২টা থেকে। প্রথম শোতে র‍্যাম্পে মডেলরা হাঁটেন তিন ডিজাইনার—অভিষেক পাটনি, অজয় কুমার ও আশা কাজিংমেইয়ের পোশাক পরে। তাঁদের পোশাকে দেখা গেছে ছেলেদের জন্য এ মৌসুমের ফ্যাশনধারা। তারকা হিসেবে প্রথম শোয়ে শো-স্টপার ছিলেন বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল ও আলী ফজল।

দুজনের পোশাকের ছাঁটই ছিল পশ্চিমা ধাঁচের। দুই শো-স্টপারের পরনে বিদেশি ঢংয়ের জামা থাকলেও উৎসবের জন্য নিজেদের ব্যক্তিগত পছন্দ পাঞ্জাবি আর পায়জামা। সংবাদ সম্মেলনে অভিনেতা আলী ফজল প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেন, আগামী ঈদুল আজহার জন্য তিনি এরই মধ্যে পাঞ্জাবি ঠিকও করে ফেলেছেন।

এবার একটু ফিরে যাই শুক্রবার রাতে। গাউনময় ছিল সে রাতের ফ্যাশন শো। ডিজাইনার অমিত আগারওয়াল ও ফাল্গুনি শানে গাউন নিয়ে কাজ করেছেন। অমিতের গাউনগুলো ছিল বেনারসি কাতানে তৈরি, ছাঁটে ছিল অভিনবত্ব। অমিতের তৈরি অভিনব এক গাউন পরে র‍্যাম্পে হাঁটেন অভিনেত্রী ঈশা গুপ্ত।

ফাল্গুনী সেনের নকশা করা হালকা আকাশি রঙা গাউন পরে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা হাঁটেন র‍্যাম্পে। প্রীতির কানে ছিল ডিজাইনার ফারাহ খানের নকশা করা দুল। এই ফারাহ খান হলেন ‘টিপু সুলতান’ সিরিজখ্যাত অভিনেতা সঞ্জয় খানের মেয়ে।

শুক্রবার রাতে র‍্যাম্পে আরও হাঁটেন বলিউডের জনপ্রিয় তারকা শ্রদ্ধা কাপুর। তিনি তুলে ধরেছেন রাহুল মিশ্রের নকশা করা লেহেঙ্গা। ল্যাকমে ফ্যাশন উইকে তিনি আবারও ফিরিয়ে আনেন ঐতিহ্যের পোশাক।

আবার আসা যাক চতুর্থ দিনের আয়োজনে। দর্শকেরা কাল দেখতে পান নার্গিস ফাখরি, বানি কাপুর, এলি আবরাম, মনিকা নিধির মতো বলিউড সুন্দরীদের। সবাই উৎসব মৌসুমের কথা ভেবে একেক ডিজাইনারের নকশা করা লেহেঙ্গা পরে হেঁটেছেন র‍্যাম্পে। দেখানো হয়েছে বিয়ের পোশাকও।

দিনের শেষ আয়োজন মনিশ অরোরার শোয়ের দিকে গতকাল ছিল সবার চোখ। দীর্ঘ ছয় বছর পর এই ডিজাইনার ফিরেছেন ল্যাকমে ফ্যাশন উইকে। তাই তাঁর প্রত্যাবর্তনের দামামা দিনের শুরু থেকেই শোনা গেছে।

ভারতের মুম্বাইয়ে পাঁচ দিনের এই ফ্যাশন আয়োজন শেষ হবে আজ।