ছেলেদের বসন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
.
.

বসন্তের প্রথম দিন। বাইরে ঘোরাফেরা আর আড্ডায় হয়তো কেটে যাবে পুরোটা সময়। এদিন বাসন্তী পোশাক ছাড়া কি আর জমে! ছেলেদের জন্যও তাই ফ্যাশন হাউসগুলো নিয়ে এসেছে নানা ধরনের পোশাক। পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট, কটি আর ফতুয়ায় নানা ধরনের উজ্জ্বল রং আর বসন্তের আগমনীবার্তা। ফ্যাশন হাউস অঞ্জন’স-এর পরিচালক শাহিন আহমেদ বলেন, ‘বসন্ত মানেই রং আর রং। ছেলেদের বসন্তের পোশাকে নানা ধরনের বিষয় ধরে নকশা করতে দেখা যাচ্ছে এবার। তবে কাপড় হিসেবে সুতিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। হাতে গোনা কয়েকটি রং দিয়েই বসন্তের পোশাক তৈরি হয়। নকশায় ভিন্নতা আনার চেষ্টা হয়েছে এবারও।

.
.

মেয়েদের বাসন্তী পোশাকে ফুলেল মোটিভ দিয়ে নকশা হলেও ছেলেদের পোশাকে প্রাধান্য পেয়েছে জ্যামিতিক নকশা। ব্লকপ্রিন্ট, টাইডাই, অ্যাম্ব্রয়ডারির কাজ করা পাঞ্জাবির পাশাপাশি আছে উজ্জ্বল একরঙা পাঞ্জাবি। বসন্তের পাঞ্জাবিতে উইভিং কাপড়ের নকশাও চোখে পড়ছে এবার। আছে বিভিন্ন রং মিশিয়ে তৈরি কটি। হালকা রঙের পাঞ্জাবির ওপরে এই উজ্জ্বল কটিতেই বাজিমাত হতে পারে আপনার ফাল্গুন সাজে। যেহেতু মৌসুমটা বিদায়ী শীতের, তাই দিনের বেলাতে আবহাওয়ায় উষ্ণ ভাব থাকতে পারে। এ কারণে সুতির কাপড়ে আরাম পাওয়া যাবে সারা দিন। পাঞ্জাবির বাইরে অনেকে টি-শার্ট পরেও ঘোরাফেরা করেন বসন্তে। তাই টি-শার্টের নকশায়ও বসন্ত এসে গেছে। টি-শার্টে বাসন্তী রং তো আছেই। এখন আবার রংটা ভিন্ন করে নানা ধরনের লেখা ও আঁকা দিয়েই আনা হচ্ছে বসন্তের আবহ।

বসন্তের ছোঁয়া লেগেছে ছেলেদের পোশাকেও। মডেল: ইমরান ও দেব দীপ পোশাক: অঞ্জন’স ও নিত্য উপহার, ছবি: নকশা
বসন্তের ছোঁয়া লেগেছে ছেলেদের পোশাকেও। মডেল: ইমরান ও দেব দীপ পোশাক: অঞ্জন’স ও নিত্য উপহার, ছবি: নকশা

ফ্যাশন হাউস নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান বলেন, ‘টি-শার্টের নকশায় বসন্ত এসেছে নানাভাবে। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। জনপ্রিয় এই বাক্য দিয়েই বসন্তের টি-শার্ট করেছি এবার। এ ছাড়া নানা ধরনের বাংলা টাইপোগ্রাফি ও আঁকা দিয়ে করা হয়েছে বসন্তের টি-শার্ট। রং হিসেবে হলুদ, কমলার বাইরে সাদা, বাদামি, খয়েরি, নীলও বেছে নেওয়া হয়েছে।’
এ ছাড়া পাঞ্জাবি বা শার্টের ওপরে পরার জন্য আছে বিভিন্ন ধরনের নকশা করা কটি। উজ্জ্বল রঙের ব্যবহারে সেখানেও বসন্তের ছোঁয়া। হাফ ও ফুলহাতার ফতুয়া পাওয়া যাবে কিছু কিছু দোকানে। সুতি কাপড়ের ওপরে হাফ হাতার ব্লকের কাজ করা শার্ট মিলবে। কোনো কোনো শার্টে দুই রঙের শেড দিয়ে আনা হয়েছে নতুনত্ব।
যেহেতু বিশেষ একটি দিনের জন্য পোশাকটি কেনা হয়, তাই দামটাও কম রাখার চেষ্টা করে প্রতিষ্ঠানগুলো। পাঞ্জাবি ৬০০ টাকা থেকে ১৭০০ টাকার মধ্যেই কিনতে পারবেন। আর শার্ট হলে ৪০০ টাকা থেকে ৯০০ টাকা, ফতুয়া ২৫০ টাকা থেকে ৫০০ টাকা, টি-শার্ট পাবেন ২৫০ টাকা থেকে ৩৫০ টাকায়।