ছয় ঋতুর ছয় রকম

বছরজুড়ে এবার পোশাকে থাকবে দেশি উপকরণ ও নকশার ছোঁয়া। ঋতুভেদে অবশ্য কিছুটা পরিবর্তন দেখা যাবে। ছয় ঋতুতে পোশাকের নকশা কেমন হবে, তা তুলে ধরা হলো ‘ফ্লেভারস অফ সিজন’ ফ্যাশন শোতে। ঢাকায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে ১১ মার্চ অনুষ্ঠিত এই শোতে অংশ নেন ছয় ডিজাইনার।
ওয়ারেজ আব্দুল, ইজমাত নাজ হক, হেনা চৌধুরী, মোহাম্মদ মহসিন, আফসানা ফেরদৌসী ও মো. রাকিব খানের নকশায় যথাক্রমে উঠে আসে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তের পোশাক। বাটিক, জামদানি, সুই-সুতার কাজ ফুটিয়ে তোলা হয় সুতি, পাট, মসলিন, অ্যাক্রিলিক ও উলের ওপর। পোশাকের কাটে ছিল ভিন্নতা। ওয়ারেজ আব্দুলের পোশাকে আনইভেন কাট ও ফ্রিলের প্রাধান্য দেখা যায়। ইজমাত নাজ হকের বর্ষার পোশাকগুলোকে মূলত সাজানো হয়েছিল ছাই রং দিয়ে। মেঘে ঢাকা আকাশের কথাই মনে করিয়ে দিচ্ছিল মূলত। হেনা চৌধুরী জুট দিয়ে তৈরি করেছিলেন লম্বা কাটের পোশাক। মো. মহসিনের তৈরি পোশাকে সুই-সুতার কাজটাই বেশি নজর কাড়ছিল। জামদানির মোটিফ জমকালো ভাব এনে দিয়েছিল আফসানা ফেরদৌসীর জ্যাকার্ডে করা সোয়েটারে। বসন্তের উজ্জ্বল রংগুলো দিয়ে রাকিব খান সাজিয়েছিলেন লেহেঙ্গা, শাড়ি ও পাঞ্জাবি। ফ্যাশন শোটির মূল উদ্যোক্তা ছিলেন হেনা চৌধুরী। কোরিওগ্রাফার ছিলেন ইমু হাশমি। সহপৃষ্ঠপোষক ছিল ফিউচুরা করপোরেশন।