
বিশ্বের বড় চারটি ফ্যাশন উৎসব হয়—প্যারিস, মিলান, নিউইয়র্ক আর লন্ডনে। ফ্যাশনশিল্পে এই নামগুলো ‘বিগ ফোর’ নামে পরিচিত। এই ‘বড় চার’কে ‘পাঁচ’ করার চেষ্টা করছে ভারতের মুম্বাই। আর তা ভারতে সবচেয়ে বড় ফ্যাশন আয়োজন ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এর মাধ্যমে। দিন দিন বাড়ছে এই উৎসবের পরিসর। ২০ আগস্ট শেষ হলো ল্যাকমে ফ্যাশন উইক ২০১৭ শীত/উৎসব পর্ব। মুম্বাইয়ের সেন্ট রেজিস হোটেলে ১৬ আগস্ট শুরু হয়ে পাঁচ দিন চলে তারকাখচিত ফ্যাশনের এই আয়োজন। আগামী উৎসব ও শীত মৌসুমে কোন ফ্যাশনধারা আসছে তার নমুনা দেখা গেছে র্যাম্প ও প্রদর্শনীতে। ইউনিলিভারের ব্র্যান্ড ল্যাকমের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই ফ্যাশন উইকের এক ঝলক থাকছে এ প্রতিবেদনে।

তাঁতের চমক
প্রতিবারই পশ্চিমা ধাঁচের জাঁকালো গাউন, ফ্রক, জ্যাকেট আর শর্টসের ওপর চকমকে কারুকাজ করা পোশাকের ছড়াছড়ি থাকে এ উৎসবে। এবারের উপস্থাপনায় ছিল মাটির গন্ধ। বোঝা গেল হাত তাঁতে বোনা শাড়ি, লেহেঙ্গা আর আনারকলি ঘরানার কামিজ এখনকার ফ্যাশনধারায় রাজত্ব করছে। প্রথম সারির প্রত্যেক ডিজাইনারের পোশাকে স্পষ্ট হয়ে উঠেছে এখন সময় শেকড়ে ফেরার। রিতু কুমার, মাসাবা গুপ্ত, সঞ্জয় গার্গ থেকে শুরু করে গৌরব জয় গুপ্ত, আনাভিলা মিশ্র, গৌরাঙ্গ শাহ, শৈলেশ সিংঘানিয়া, সুনীতা সরকার, অমিত আগারওয়াল, রাহুল মিশ্র, দিব্যম মেহরা, মনোজ আগারওয়াল, শ্রেয়া সৌম্য—প্রত্যেকের কাজের মূলে ছিলেন তাঁতশিল্পীরা। আর স্থানীয় উপাদান। উৎসবের কথা মাথায় রেখে অনেকেই বেছে নিয়েছেন ভারী বেনারসি, কাতান আর সিল্ক। ডিজাইনাররা হাতে বোনা খাদি আর উলের পোশাকও দেখিয়েছেন আসছে শীতের জন্য।

ফিরে চল মাটির টানে
উপমহাদেশীয় পোশাকের ধারাকে বিশ্বময় প্রতিষ্ঠা করার একটা জোর চেষ্টা দেখা গেছে ল্যাকমের এই ফ্যাশন উৎসবে। তাই তো এই মৌসুমে ডিজাইনারদের কাজে ফিরে আসে হাতে আর তাঁতে বোনা নানা নকশা আর মোটিফের শাল। শালের ছাঁটে ভিন্নতা যোগ করেন অনেক ডিজাইনার। মোটিফের বেলায় ছিল পৌরাণিক ইতিহাস, চরিত্র আর সংস্কৃতির আধিপত্য। পৌরাণিক মোটিফ ব্যবহারের ক্ষেত্রে ফ্যাশন ডিজাইনার গৌরাঙ্গ শাহের কথা বলতেই হয়। তাঁর ‘চিত্রাবলি’ নামের পোশাক সংগ্রহের বেশির ভাগ মোটিফ নিয়েছেন দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরের পাথরে খোদাই করা ছবি থেকে। এরপর প্রাকৃতিক উপাদান ও রং দিয়ে পোশাকে এঁকেছেন সেই ছবিগুলো।

শাড়ি আগের মতোই, বদলে গেছে ব্লাউজ
শাড়িতে সুন্দরী নারী—প্রত্যেক ডিজাইনার যেন এই কথা মাথায় রেখেই এগিয়েছেন এবার। উপমহাদেশীয় ঐতিহ্যই ধরে রেখেছেন। তবে তাঁদের সৃজনশীলতার পুরোটাই ঢেলে দিয়েছেন ব্লাউজের কারুকাজে ভিন্নতা আনতে। সনাতন কায়দায় শাড়ি পরলেও, একটা ব্লাউজ বদলে দিতে পারে পুরো সাজ, এটা প্রদর্শনীগুলোয় স্পষ্ট হয়ে উঠেছে। জ্যামিতিক নকশায় ব্লাউজকে নিয়ে ডিজাইনারদের অভিনব চিন্তা দর্শকদের বুঁদ করে রেখেছিল। বিশেষ করে ডিজাইনার অমিত আগারওয়াল ও শ্রেয়া সৌম্যের পোশাক সে কথাই বলে। অমিত তাঁর পোশাকে বেনারসি কাতানকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছেন। ব্লাউজের সঙ্গে শাড়িকে জুড়ে যেন ‘ফিউচারিস্টিক’ আমেজ এনেছেন। নকশার সঙ্গে আলাপচারিতায় অমিত বলেন, ‘আমি বর্তমান ধারণ করি। আর আমার কাছে এটাই হলো বর্তমানের ফ্যাশনধারা। এগুলোকে ভবিষ্যৎ বলি না।’

ডিজাইনার শ্রেয়া সৌম্য শাড়িতে স্থির থেকে ভিন্নতা এনেছেন ব্লাউজের নকশায়। শাড়ির সঙ্গে তারুণ্যকে জুড়ে দিতে ব্লাউজে ব্যবহার করেছেন ডেনিম। নানা নকশায় ডেনিমের জ্যাকেটকে তিনি ব্লাউজে রূপ দিয়েছেন। তাঁর ভাষায়, এ তল্লাটের ঐতিহ্যবাহী ফ্যাশনধারা খুব মুক্ত পরিসরের। একে নিয়ে নানাভাবেই খেলা যায়। তাই দেশি উপকরণ দিয়ে শাড়ি আর জিনস দিয়ে পশ্চিমা ধাঁচের জ্যাকেটের মেলবন্ধনের ধারা উৎসবের চতুর্থ দিনে শ্রেয়াকে নিয়ে এল আলোচনায়।
শ্রাগ সময়
ল্যাকমে ফ্যাশন উইকে শ্রাগ দেখা গেছে বেশ। শাড়ি, শার্ট, শর্টস, কুর্তা, আনারকলি, টি-শার্ট—কিসের সঙ্গে শ্রাগ নেই। ডিজাইনাররা সব ধরনের কাপড়েই বানিয়েছেন শ্রাগ। সুতি, খাদি, সিল্ক, কাতান, কাঞ্জিভরম, বেনারসি বাদ যায়নি কোনোটাই। এমনকি ছেলেদের ফ্যাশনেও পাওয়া গেছে শ্রাগ।
অতীত-বর্তমানের মিশেল
উৎসবের দ্বিতীয় দিনের নাম ছিল ‘সাসটেইনেবল ফ্যাশন ডে’। স্লোগান ছিল—অতীতকে ধারণ করে বর্তমান এগিয়ে যাক ভবিষ্যতের দিকে। প্রতিটি আয়োজনেই ছিল তৃণমূলের তাঁতশিল্পীদের উপস্থিতি। এ সময়ের তরুণ ডিজাইনারদের উৎসব আয়োজকেরা জুড়ে দিয়েছিলেন আঞ্চলিক তাঁতশিল্পীদের সঙ্গে। ভারতের বিভিন্ন রাজ্যের গ্রাম থেকে আসা ভেরু লাল, মোহাম্মদ ইউসুফদের মতো তাঁতিরা এদিন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলেন। কারণ এ রকম আয়োজনের কায়দা-কানুন তাঁদের জানা নেই। তবে এমন উৎসবে এসে র্যাম্পে হাঁটতে পেরেও যারপরনাই আনন্দিত তাঁরা।

ছেলেদের ফ্যাশন এবার অন্যরকম
উৎসব মৌসুমে যেমনটা প্রত্যাশা করা হয়—ছেলেদের জন্য হবে ভারী শেরওয়ানি কিংবা পাঞ্জাবি। কিন্তু এবারের ল্যাকমে ফ্যাশন উইক ভেঙেছে প্রথাগত সেই ধারা। এবারের ফ্যাশনধারায় ছেলেদের জন্য খোলা তিনটি পথ—এক. কালো কিংবা ধূসরেই থাকতে হবে। দুই. রঙিন পোশাক চাইলে তা হবে ফুলেল ছাপের। তিন. পোশাক হতে পারে সামরিক ধাঁচের। সেখানে প্রাধান্য পাবে খাকি আর ঘিয়ে রং। ছাঁট হবে সামরিক পোশাকের মতো। সামরিক ছাঁটের পোশাকের উৎকৃষ্ট উদাহরণ পাওয়া গেছে ডিজাইনার সায়ন্তন সরকারের কাজে। তিনি খাদি ব্যবহার করে ছেলেদের জন্য শীতের পোশাকের সংগ্রহ দেখিয়েছেন।
মনিশ মালহোত্রা মাতালেন কালোতেই
ল্যাকমে ফ্যাশন উইক শেষ হবে মনিশ মালহোত্রার ফ্যাশন শো দিয়ে, এখন এটাই রীতি হয়ে দাঁড়িয়েছে এ উৎসবের। ২০ আগস্ট এবারের সমাপনী দিনেও তাই হলো। মনিশ এবার মঞ্চে তোলেন তাঁর পার্টি সংগ্রহ। নাম দিয়েছেন, ‘টেলস অব ইন্ডালজেন্স’। সংগ্রহের প্রতিটি পোশাকই পশ্চিমা ধাঁচের। গাউন, জ্যাকেট, স্যুট—সবই ছিল। মনিশ এবার কালো রঙকে ভিত্তি করে নিজের নকশায় এনেছেন ভিন্নতা। মনিশের পোশাক পরে মঞ্চে হাঁটেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্ডেজ ও আদিত্য রয় কাপুর।
তারকার হাট
ফ্যাশন উৎসবে যদিও ফ্যাশন ডিজাইনাররাই তারকা। তবে অনুষ্ঠানস্থল যেহেতু মুম্বাই তাই বলিউড এর সঙ্গে মিলেমিশে একাকার। শ্রদ্ধা কাপুর, দিশা পাটানি, ঈশা গুপ্ত, কালকি কোচলিন, চিত্রাঙ্গদা সিং, রাধিকা আপ্তে, প্রীতি জিনতা, নার্গিস ফাখরি, আলী ফজল, ইলিয়েনা ডিক্রুজ, বিদ্যুৎ জামওয়াল, বাণী কাপুরের মতো তারকারা হেঁটেছেন র্যাম্পে। দর্শকসারিও তারায় তারায় খচিত। কবির বেদি, নীনা গুপ্তা, দিয়া মির্জা, নেহা ধুপিয়া, মন্দিরা বেদি, প্রতীক বাব্বার, মিনি মাথুর, সোনা মোহাপাত্রদের দেখা গেছে দর্শকের কাতারে। নীনা গুপ্তা এসেছিলেন মেয়ে মাসাবার নকশা করা ফ্যাশন শো দেখতে। অনুষ্ঠানে কথা হয় তাঁর সঙ্গে। নীনা গুপ্তা বলেন, ‘মেয়ের শোয়ে দর্শক হতে পারা আমার জন্য গর্বের। মা হিসেবে তো আমি চাই, সবাই শুধু আমার মেয়ের নকশা করা পোশাকই পরুক।’