টি-শার্টে শারদ উৎসব

তরুণদের কাছে টি-শার্টের আবেদন সব সময়ের। তবে উৎসব বা পার্বণ কিংবা বিশেষ দিনে সেটা পায় বাড়তি জনপ্রিয়তা। তাই সেভাবেই টি-শার্টের নকশা করেন ডিজাইনাররা। শারদীয় দুর্গাপূজায়ও সেই ধারাবাহিকতা। ডিজাইনাররা বলছেন, দুর্গাপূজার বিষয় ধরে নকশা তো থাকছেই। বেছে নেওয়া হচ্ছে শরতের প্রকৃতিও।

দেশে সৃজনশীল টি-শার্টের সবচেয়ে বড় বাজার রাজধানীর আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট। সেখানে গিয়েও দেখা গেল পূজার আবহ টি-শার্টের গায়ে। ফ্যাশন হাউস ঐতিহ্যের স্বত্বাধিকারী ও ডিজাইনার অনুপ কুমার পাল বলেন, ‘শারদীয় উৎসবের কথা মাথার রেখে এবারও নকশা করেছি আমরা। টি-শার্টের প্রায় ৩০টি নতুন ডিজাইন বাজারে আনা হয়েছে। এসব টি-শার্টের চাহিদা তরুণদের কাছেই বেশি।’
ফ্যাশন হাউস নিত্য উপহারের স্বত্বাধিকারী ও ডিজাইনার বাহার রহমান মনে করেন, পূজার সময় টি-শার্টে দুর্গার অবয়ব ছাড়াও নানা ধরনের মোটিফের ব্যবহার তরুণদের টানবে। উৎসবের পাঁচ দিনই বদলে নিতে পারেন টি-শার্ট। এর মধ্যে দেবীর অবয়ব বা প্রতীক দিয়ে তৈরি টি-শার্ট ছাড়াও শরতের প্রকৃতিও ভালো দেখাবে।

যা আছে বাজারে
পূজার টি-শার্টগুলোতে রং হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল, সাদা, হলুদ, নীল, ধূসর, বেগুনি, আকাশি, মেরুনসহ নানা ধরনের রং। নকশার মধ্যে বেশি চলছে দুর্গার মুখের অবয়ব, অলংকার, ঢাকের বাদ্য, কাশফুল, সাদা মেঘ, আলপনা, ত্রিনয়নী, অসুরবধ, শুভ বিজয়া, কালিঘাটের পটচিত্র, দেবী-বন্দনা, স্বস্তিকা, ত্রিশূল ইত্যাদি। এ ছাড়া নানা ধরনের শ্লোক ও মন্ত্র দিয়ে করা হয়েছে নকশা। টি-শার্টের কাপড় হিসেবে সুতিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। জার্সি কাপড় ও সুতির সঙ্গে লিনেন দিয়েও টি-শার্ট বানানো হয়েছে। অধিকাংশ টি-শার্টের গলা গোল রাখা হয়েছে এবার। টি-শার্টের বুকের কাছে, পিঠে, সামনের ও নিচের দিকে প্রিন্টের নকশা করা হয়েছে। কোনোটায় প্রিন্ট অল্প বিস্তার, কোনোটায় আবার টি-শার্টজুড়ে প্রিন্ট। নানা ধরনের প্রিন্টের মধ্যে প্লাস্টিক সোল্ড, পিগমেন্ট প্রিন্ট (এই প্রিন্টের মধ্য দিয়ে বাতাস পরিবাহিত হয়) ও ফগ প্রিন্ট।

দরদাম
আজিজ সুপার মার্কেটে এই টি-শার্টের দাম ২৫০ থেকে ৩৫০ টাকা পড়বে। এ ছাড়া কিছু দোকানে দুর্গাপূজার টি-শার্টের দাম পড়বে ৩০০ টাকা থেকে ৪৫০ টাকা।
যেখানে পাবেন
আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট, দেশি দশ, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, সীমান্ত স্কয়ার, এলিফ্যান্ট রোডের কিছু দোকান এবং বিশ্বরঙের শাখাগুলোতে পাবেন দুর্গাপূজার নানা ধরনের টি-শার্ট।