ট্রেন্ড হবে সংক্রমণরোধী পোশাকের

গেল সেপ্টেম্বরের লন্ডন ফ্যাশন উইকের ছবিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমা দেশগুলোয় টিকা এলেও অবরুদ্ধ জীবন থেকে সহসা মুক্তির মিলবে বলে মনে হচ্ছে না। বরং আরও কিছুদিন নানাভাবে সুরক্ষিত থাকার চেষ্টা সবাইকে করতে হবে। এমনকি আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানি ফেরদৌসী কাদরীও বলেছেন, টিকা নেওয়ার পরও মানতে হবে স্বাস্থ্যবিধি।

একই সঙ্গে করোনার আকস্মিক সংক্রমণের শিক্ষা থেকে বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে শরীরকে সুরক্ষিত রাখতে পারে, সংক্রমণ প্রতিরোধ করতে পারে এমন কাপড় তৈরির প্রয়াস। গবেষণাও চলছে নানা মাত্রায়। কাপড় প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো জোর দিচ্ছে সংক্রমণমুক্ত কাপড় তৈরির দিকে। ব্র্যান্ডগুলোও ঝুঁকছে সেদিকে। নতুন ট্রেন্ডও অতএব লক্ষ করা যাবে এই ধরনের কাপড়ের পোশাক। আর একে বলা হচ্ছে প্রোটেকটিভ ট্রেন্ড। কারণ পোশাকে, অনুষঙ্গে থাকবে জীবাণু প্রতিরোধী বিশেষত্ব।

নিজের তৈরি সংক্রমণরোধী কাপড়ের মাস্ক পরে ফ্যাশন ডিজাইনার গ্রেস মুন
ছবি: গ্রেস মুনের ফেসবুক পেজ

সম্প্রতি ঢাকা ঘুরে যাওয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার গ্রেস মুনও বিষয়টিতে আলোকপাত করেছেন। বলেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান এখন সংক্রণ প্রতোরোধী কাপড় নিয়ে গবেষণা করছে এবং উৎপাদনের চেষ্টা করছে। আমিও আমার পরবর্তী সংগ্রহ তৈরির ক্ষেত্রে এই ধরনের কাপড়কে প্রাধান্য দেব। এরই মধ্যে আমি সংক্রমণরোধী কাপড় দিয়ে মাস্কও তৈরি করেছি।

শীত শেষেই বিশ্বজুড়ে বিরাজ করবে বসন্ত। আর সেই রেশ ধরে আসবে গ্রীষ্ম। বিশ্ববাসী সেই উষ্ণতার অপেক্ষায় পার করছে প্রতিটি দিন। এমনকি ফ্যাশন তত দিনে হয়তো টিকার কারণে অতিমারি অনেকখানি কাটিয়ে ওঠা সম্ভব হলেও বোদ্ধারা বলছেন, বসন্ত ও গ্রীষ্মের পোশাক ট্রেন্ডে সুস্থতাকে প্রাধান্য দেওয়া হবে। এ জন্যই এই ট্রেন্ডকে অন্যভাবে বলা হচ্ছে ওয়েলনেস ট্রেন্ড।

গেল সেপ্টেম্বরের প্যারিস ফ্যাশন উইক হয়েছে মিশ্র উপস্থাপনায়
ছবি: রয়টার্স

দীর্ঘদিন ধরে এক অদৃশ্য আততায়ীর কাছে যেন বন্দী গোটা বিশ্বের মানুষ। তাই সবার লক্ষ থাকবে নিজেকে ও পরিবারের সবাইকে সুস্থ রাখা। আর বিষণ্নতাকে প্রশ্রয় না দেওয়া। এ জন্য মন ভালো হয় এমন রং সবাই বেছে নেবে। ট্রেন্ডেও হালকা রঙের উপস্থিতি দেখা যাবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে জীবন তুলনামূলকভাবে স্বাভাবিক হলে ডিজাইনারদের সৃষ্টিতে সে প্রতিফলন অবশ্যই দেখা যাবে। ফেব্রুয়ারিতে ফ্যাশন উইকগুলো কোন আঙ্গিকে হবে, তা এখনই বলা যাচ্ছে না। এখনো চার ফ্যাশন ক্যাপিটালের আয়োজকেরা তাদের ফ্যাশন উইকের সূচি অক্ষুণ্ন রেখেছে। তবে যেভাবে নতুন করে সংক্রমণ চলছে তাতে ফিজিক্যাল উইক হওয়া বেশ দুরূহ। সে ক্ষেত্রে ভার্চ্যুয়াল ইভেন্ট হওয়াটাই স্বাভাবিক।

এবার আসা যাক অন্য প্রসঙ্গে, যাপনে আনুষ্ঠানিকতা শব্দটি বোধ হয় অর্থ হারাতে বসেছে। কারণ ঘরে এবং বাইরে আটপৌরে পোশাকই রয়েছে আধিপত্য বিস্তার করে। মানুষের কেনার মনোভাবেও যথেষ্ট পরিবর্তন এসেছে। সেটা অব্যাহত থাকবে নতুন বছরেও। মানুষ এখন কম কিন্তু ভালো এবং টেকসই পণ্যের প্রতি ঝুঁকছে। ফলে সেই ধরনের পণ্য নানা বিত্তের মানুষকেই কিনতে দেখা যাবে। পোশাকেও বিষয়টা স্পষ্ট। কারণ ফাস্ট ফ্যাশনের পালে বাতাস কমতে শুরু করবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

চল-এর টেকসই ও পুনর্ব্যবহারের পোশাক
ছবি: শারারা খানের ফেসবুক পেজ থেকে

বরং পুনর্ব্যবহারযোগ্য উপকরণই এখন পোশাক তৈরিতে প্রাধান্য পাবে। ফলে রিসাইকলড মেটেরিয়ালের চাহিদা থাকবে। নতুন নতুন উদ্ভাবন নজরে আসবে। হাতের ছোঁয়া আছে এমন পণ্যের চাহিদা বাড়বে। কারণ এখন পণ্যের চেয়ে পণ্য তৈরির নেপথ্যের গল্পই মানুষকে বেশি আকর্ষণ করছে। যারা পোশাক বানাচ্ছে তাদের প্রতি সহমর্মিতাও এখানে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

বাংলাদেশেও এই ধরনের পোশাক তৈরির ধারা শুরু হয়েছে। চল এবং এমদাদ হক শুরু করেছে। অন্যরাও এই পথে হাঁটবে বলেই মনে হচ্ছে।

ফ্যাশনের দূষণ কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসা এটা বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তৈরি পোশাক শিল্প খাত এ নিয়ে কতটা ভাবছে, তার চেয়ে বড় কথা অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড আন্তরিক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে সবার আগে আছে এইচঅ্যান্ডএম-এর নাম। ইতিমধ্যে এই প্রতিষ্ঠান পুরোনো কাপড় নিয়ে সেটাকে গলিয়ে ৫ ঘণ্টার মধ্যে নতুন কাপড় তৈরি করে দিচ্ছে। এইচঅ্যান্ডএমকে পথিকৃৎ মেনে অনেকেই ভবিষ্যতে তাদের অনুসরণ করবে।

এদিকে ফ্যাশনের বিষবাষ্প কমাতে ফ্যাশন রেভল্যুশনও তাদের তৎপরতা অব্যাহত রাখছে। বাংলাদেশে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করছে ফ্যাশন ডিজাইনার শামা কুন।

এর মধ্যে দেখা যাবে ঢিলেঢালা পোশাক। কখনো সেটা আবার বেঢপও হতে পারে। রাউন্ড শেপও আসছে বছরে থাকবে ট্রেন্ডে। কমে আসবে কাজ। বরং মিনিমালিস্টিক অ্যাপ্রোচ দেখা যাবে ডিজাইনারদের সৃজনে। রঙেও থাকছে পরিমিত উপস্থিতি। প্রাকৃতিক রং এবং প্রাকৃতিক তন্তু প্রাধান্য পাচ্ছে। এমনকি প্রকৃতি হবে প্রেরণার মূল উৎস। প্রচুর প্রিন্ট দেখা যাবে; যদিও প্রিন্ট কয়েক বছর ধরেই ফ্যাশনে রয়েছে। তবে আসছে বছর সেই ধারা অব্যাহত থাকবে নতুন আঙ্গিকে।

ট্রেন্ডে থাকবে টাই-ডাই
ছবি: রয়টার্স

প্রতিবছর বিভিন্ন দশক ফিরে ফিরে আসে। আসছে বছর ফ্যাশনে ফিরবে সত্তর। সেই দশকের বোহো শিক নতুন করে জয় করবে ক্রেতাদের মন। তবে কারও কারও ডিজাইনে আশি এবং নব্বইয়ের উপস্থিতিও লক্ষ করা যাবে।

পোশাক আর অনুষঙ্গে সাদা–কালো চেক আবার ফিরবে। তবে গাঢ় আর হালকা নানা শেড থাকলেও এর মধ্যে মধ্যমণি হবে কালো। ফিরবে স্বমহিমায়। পাশাপাশি থাকবে গোলাপি, প্যাস্টেল, নীল, হলুদ। আবার এশিয়ার ট্রেন্ড বলছে নীলের সঙ্গে প্যাস্টেল পার্পল, প্যাস্টেল গ্রিন, সাদা ও সবুজের উপস্থিতি থাকবে। আগামী বসন্ত ও গ্রীষ্মে হলুদের সঙ্গী হবে গ্রে। মজার বিষয় হলো প্যানটনের রং আভাসে এই দুটো রংকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ২২ বছরে এমন ঘটনা ঘটল দ্বিতীয়বারের মতো।

দেখা যাবে এমন হাফ অ্যান্ড হাফ পোশাক
ছবি: রয়টার্স

এশিয়ার ট্রেন্ডে নানা ধরনের কাপড়ের পাশাপাশি ছাপা আর ডুরে যেমন থাকবে তেমনি থাকবে টাই-ডাই; আবার দুধরনের কাপড় দিয়ে তৈরি পোশাক যেটাকে বলা হচ্ছে হাফ অ্যান্ড হাফ; এটা এশিয়ায় প্রাধান্য পাবে। কার্গো পকেটও আবার দেখা যাবে। তবে এশিয়া কিংবা ইউরোপে মেটালিক ফ্যাব্রিকও তার উপস্থিতি জানান দেবে।
ভার্চ্যুয়াল শপিংয়ের স্বর্ণসময় চলছে। এই দৌড় নতুন বছরেও অব্যাহত থাকবে তাই নয় বরং এর গতি বাড়বে সাংঘাতিকভাবে।