
বান্ধবীদের মধ্যে এমন অনেকে থাকেন না, একটু টম বয় ধরনের। জিনস আর টপেই বেশি স্বচ্ছন্দ বলে অন্য বান্ধবীরা তাকে হয়তো বিয়ে বা এই ধরনের কোনো অনুষ্ঠানে ডেনিমের শাড়ি পরার পরামর্শ দিয়ে খেপান। ডেনিমের শাড়িও কি কখনো হয় নাকি? উত্তর এখন হয়। ডেনিম দিয়ে শাড়ি তৈরি করেছেন ডিজাইনার শুভ্রা সাহা। শান্ত মারিয়াম ফাউন্ডেশনের ফ্যাশন বিভাগের কারিগরি উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি।

ডেনিমের শাড়ি তাঁর দীর্ঘদিনের গবেষণার ফল। অনেক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নানা কায়দায় ডেনিমকে প্রক্রিয়াজাত করে শাড়ি বানানোর উপযোগী করে তুলেছেন তিনি। এটি যেহেতু ভারী কাপড় তাই একে শাড়ির রূপ দিতে অনেক কসরত করতে হয়েছে। তিনি বলেন, ‘ডেনিম চলছে দেড় শ বছরেরও বেশি সময় ধরে, এদিকে বৈচিত্র্যময় পোশাক শাড়িরও রয়েছে পাঁচ হাজার বছরেরও বেশি পুরোনো ইতিহাস। ইচ্ছা ছিল বৈশ্বিক ডেনিমকে দেশি রূপ দেওয়ার, যাতে দেশি ও পাশ্চাত্যের ফ্যাশনের মধ্যে দারুণ এক ফিউশন দাঁড় করানো যায়।’ ডেনিম মূলত তারুণ্যকে প্রতিনিধিত্ব করে। যারা ডেনিমের পোশাক পরতে পারেন না এটি নিয়ে তাঁদেরও নিশ্চয়ই আগ্রহ আছে। শাড়ি তৈরি করার সময়ে তাঁদের কথাও মাথায় ছিল, জানালেন শুভ্রা।
ডেনিমের তৈরি শাড়ি খুব হালকা ও আরামদায়ক এবং দেখতে রেশমের শাড়ির মতো চকচকে। শুভ্রা জানালেন, তাঁর নকশা করা ডেনিমের শাড়িগুলো মূলত তরুণীদের কথা ভেবেই করা হয়েছে। তবে একই শাড়ি ব্লাউজের ধরন পালটে যেকোনো বয়সীরাই পরতে পারবেন। ঘরোয়া দাওয়াত, করপোরেট পার্টি, বিয়ের অনুষ্ঠান বিশেষ করে ডেস্টিনেশন ওয়েডিং এ এই ধরনের শাড়ি খুব মানাবে। শাড়িতে উৎসবের জমকালো ভাব আনতে এর নকশায় ব্যবহার করা হয়েছে পাথর ও মেটাল, পাড়ে রয়েছে গুজরাটি ধাঁচের এমব্রয়ডারি। শুভ্রার মতে ব্যক্তিত্ব ও পরিবেশের সঙ্গে মানিয়ে এই ধরনের শাড়ির সঙ্গে হাই নেক, বোট নেক, ম্যান্ডারিন কলারের ফুলস্লিভ অথবা স্লিভলেস ব্লাউজ পরা যেতে পারে। ঐতিহ্যবাহী ঘরানার লেইসের ব্লাউজও মন্দ লাগবে । ডেনিমের শাড়ির সঙ্গে ব্লাউজটি রংচঙে ও নকশাদার হলে আরও আকর্ষণীয় দেখাবে। যেহেতু বাণিজ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়নি তাই শাড়িগুলো এখনো বাজারে আনেননি। তবে কেউ আগ্রহী হলে শুভ্রা সাহার সঙ্গে যোগাযোগ করতে পারেন [email protected] এই ঠিকানায়। ফরমায়েশ দিয়ে বানিয়ে নেওয়ার সুযোগ আছে।