তরুণদের যত্নআত্তি

ঈদের দিনের সকালটা তো বাড়ির ছেলেদের কেটে যাবে নানা কাজে। কিন্তু দুপুরের পরে তো পুরোটাই ঘোরাফেরা আর আড্ডায় কাটবে। অনেকে সন্ধ্যার পরে যাবেন বিশেষ দাওয়াতে। অন্য দিন যা-ই হোক, উৎসবে তো নিজেকে পরিপাটি দেখানো চাই। তাই ভাবতে হয় নিজের পোশাক থেকে শুরু করে ত্বক ও চুল নিয়ে।
হেয়ারোবিক্সের স্বত্বাধিকারী ও সৌন্দর্য পরামর্শক মাহবুব শাদীন বলেন, ঈদের আগেই চুল কাটা, ম্যানিকিওর, পেডিকিওর করে নিতে পারেন। আগের রাতে পোশাক গুছিয়ে রাখা ভালো।
আগের দিনের কাজ
ঈদের আগের দিন কাজের ফাঁকে সময় করে স্যালেন যেতে পারেন। নিজের মুখের গড়ন অনুযায়ী চুল কেটে নিতে পারেন। এই সময়ে যেহেতু গরমের প্রকোপ কম, তাই চুল একটু লম্বা রাখতেও পারেন। ছেলেদের লম্বা চুলে লেয়ারস বা ব্যাঙস কাট একটা ভিন্ন ভঙ্গি এনে দেবে। চাইলে বড় চুলের কিছু অংশে হাইলাইটস করিয়ে নিতে পারেন। এ ছাড়া বড় চুল সামলানোর জন্য চুলে ব্যান্ড বা ব্যান্ডানা ব্যবহার করতে পারেন। চুল মাঝারি হলে ইমো কাট ভালো দেখাবে। এখানে চুলটা এলোমেলো করে ছড়িয়ে থাকে। পাঞ্জাবি ও ক্যাজুয়াল শার্ট দুই ধরনের পোশাকই মানাবে এমন চুলের সঙ্গে। চল্লিশের বেশি বয়সের পুরুষের জন্য ক্ল্যাসিক কাটের স্টাইল পরিপাটি ভাব আনবে চেহারায়। যারা ফ্যাশন-সচেতন আবার ঈদের পরপরই অফিস আছে, তারা ক্রু কাট, ক্লাসিক ট্যাপার বা স্পাইক কাট দিতে পারেন। তবে এই সময়ের চুলের স্টাইল বেছে নিতে চাইলে মোহক, ইমো, লেয়ারস উইথ হাইলাইটস ইত্যাদি কাট দিতে পারেন।
ঈদের দিন অনেক ঘোরাঘুরির কারণে ত্বকে ক্লান্তির ছাপ পড়তে পারে। তাই আগের দিন ফেসিয়াল করে নিলে সতেজ দেখাবে। ঈদের দিন কোরবানির মাংস কাটা ও বিতরণের কাজে থাকলে হাত পরিষ্কার রাখা উচিত। তাই আগেভাগে হাত ও পায়ের নখ কেটে পরিষ্কার করে নেওয়া উচিত। মাংস কাটার সময় হাতে গ্লাভস পরে নিতে পারেন।
ঈদের দিন
অনেকেই ঈদের সকালে উঠে আগে নামাজ পড়তে যায়। তাই নামাজের যাওয়ার আগে গোসলের সময় মাথায় ভালো করে শ্যাম্পু ব্যবহার করে নিন। এতে চুলটা ঝরঝরে থাকবে। গোসলের পর পোশাকের সঙ্গে মিলিয়ে চুলটা সেট করে নিন। ওটুর ফ্যাশন ডিজাইনার জাফর ইকবাল বলেন, ‘সকালে নামাজে যাওয়ার সময় পাঞ্জাবি-পাজামা পরলে হাতে ঘড়ি থাকতে পারে। পায়ে দুই ফিতার স্যান্ডেল বা নাগড়া স্টাইলের জুতা বেছে নিতে পারেন। এরপর বিকেলে বাইরে গেলে টি-শার্ট বা ক্যাজুয়াল শার্টের সঙ্গে জিনস বা গ্যাবার্ডিন প্যান্ট পরতে পারেন। পায়ে স্টাইলিশ স্নিকার বা লোফার এই সময়ে মানিয়ে যাবে। এ সময়ে কাঁধে ঝুলিয়ে দিতে পারেন একটা ছোট ব্যাকপ্যাক। যেখানে নিজের মুঠোফোন, রোদচশমা, মানিব্যাগ বা অন্য জরুরি জিনিসপত্র থাকতে পারে। রাতে বেশি সময় বাইরে থাকলে হালকা ঠান্ডা লাগতে পারে। সেই সময়ে একটা স্কার্ফ পেঁচিয়ে নিতে পারেন গলায়।