
মুনিরা ইমদাদ। টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী। গান শুনতে ভালোবাসেন। উচ্চাঙ্গসংগীতেরও নিয়মিত শ্রোতা। গরমে পরেন হালকা নকশার সুতির শাড়ি। শীতে বেছে নেন সিল্ক শাড়ি।

অভ্যস্ত সাদামাটা জীবনযাপনে। সাধারণভাবে নিজেকে উপস্থাপন করতেই তিনি স্বচ্ছন্দ। মুনিরা ইমদাদ, টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী। যাঁর হাত ধরে টাঙ্গাইল শাড়ি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে, পেয়েছে নিজস্ব এক পরিচিতি।
মুনিরা ইমদাদের সঙ্গে কথা হচ্ছিল তাঁর বেইলি রোডের বাসায়। জানালেন, ২০১১ সালে মারা যান তাঁর স্বামী ইমদাদুল হক। মেয়ে নরমিন মোবাশ্বেরা আর ছেলে শফ ইমদাদ দুজনই থাকেন যুক্তরাষ্ট্রে। এখন বাড়িতে তাঁর সঙ্গী বলতে নূরজাহান আর পারভীন। একজন রান্নার কাজ করেন, আরেকজন করেন তাঁর দেখাশোনা। পরিবারের সদস্যরা কাছে না থাকলেও তাঁদের অভাব খুব একটা বোধ করেন না। কারণ বাড়ির নিচতলায় টাঙ্গাইল শাড়ি কুটিরের অফিসটাই তাঁর পরিবার। ‘ইদানীং শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তারপরও অফিসে যখন আসি তখন সময় যে কীভাবে পার হয়ে যায় টেরই পাই না।’ বললেন মুনিরা ইমদাদ।

কুমিল্লার চৌদ্দগ্রামে কেটেছে মুনিরা ইমদাদের ছেলেবেলা। সেখানকার অভয়াশ্রমে পাওয়া যেত খাদি কাপড়। যেটা পরতে খুব ভালোবাসতেন তিনি। সেখান থেকেই দেশি কাপড়ের প্রতি একটা মমত্ববোধ গড়ে ওঠে। এরপর যখন টাঙ্গাইলে তাঁতিদের নিয়ে কাজ শুরু করেন, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘আর এখন তো শুধু শাড়ির নকশাই নয়, পরিবারের নানা সমস্যা নিয়েও কথা বলে ওরা। আমিও চেষ্টা করি সব সময় ওদের পাশে থাকতে,’ জানালেন মুনিরা ইমদাদ। তাঁতিরা তাঁকে ‘দিদিমণি’ ডাকেন।
বস্ত্রশিল্পে অবদানের জন্য পেয়েছেন বিচিত্রা, জাতীয় মহিলা সংস্থা, অনন্যা, ভারতের শেল্টেক্ ইত্যাদি প্রতিষ্ঠানের সম্মাননা। বাংলাদেশ ক্র্যাফট কাউন্সিলের সদস্য তিনি। কাজের ব্যস্ততা তো আছেই, তবে যখন নগরজীবনের একঘেয়েমি পেয়ে বসে তখনই চলে যান ‘আশীর্বাদে’। বসুন্ধরা আবাসিক এলাকায় এক বিঘা জমির ওপর গড়ে তুলেছেন এই ‘আশীর্বাদ’। টিনের চাল দেওয়া দুটি ঘরের সামনে সবুজ উঠোনে চাষ করা হয় প্রায় সব ধরনের মৌসুমি সবজি। খাবার পাতে শাকসবজিটাই বেশি পছন্দ মুনিরা ইমদাদের। ভালোবাসেন ছোট মাছ খেতে। তবে সুস্থ থাকার জন্য মাংসটা একেবারেই এড়িয়ে চলেন।

গান শুনতে ভালোবাসেন। রেজওয়ানা চৌধুরী বন্যা, শ্রাবণী সেন, অদিতি মহসিন, ইমন চক্রবর্তীর গলায় রবীন্দ্রসংগীত তাঁর বিশেষ পছন্দ। উচ্চাঙ্গসংগীতেরও নিয়মিত শ্রোতা তিনি। মুনিরা ইমদাদ সকালটা শুরু করেন তারা মিউজিক চ্যানেলের গান শুনে। এরপর বেশ কিছুটা সময় নিয়ে ট্রেডমিলে হাঁটেন। কখনো বাইরেও হাঁটা হয়। মাঝেমধ্যে যোগব্যায়ামও করেন। সকালের খাবার খেয়ে গোসল করে তৈরি হন অফিসে যাওয়ার জন্য। অনেক সময় কাজের জন্য বাইরে বের হতে হয়। এ জন্য সকালে এমন একটা শাড়ি বেছে নেন যেটা আর পরিবর্তন করার প্রয়োজন পড়ে না। ‘এ ক্ষেত্রে টাঙ্গাইলের হালকা নকশার সুতি শাড়ি আমার প্রথম পছন্দ। মাঝেমধ্যে প্রাকৃতিক রঙে রাঙানো শাড়িও পরি। শীতের দিনে আরামের জন্য অবশ্য সিল্কটা বেছে নিই।’ টাঙ্গাইল শাড়ি কুটির ছাড়াও ফ্যাশন হাউস অরণ্যর শাড়ি পছন্দ মুনিরা ইমদাদের। জমকালো অনুষ্ঠানে যেতে হলে সব সময় জামদানিই পরেন। এ ছাড়া দূরের কোনো ভ্রমণের জন্য বেছে নেন জিনস আর ফতুয়া। তবে পোশাকটা যা-ই হোক তার নকশা আর রংটা যেন দৃষ্টিকটু না হয় সেদিকটায় বিশেষ খেয়াল রাখার চেষ্টা করেন। সাজগোজের প্রতি খুব একটা ঝোঁক না থাকলেও রয়েছে গয়না সংগ্রহের শখ। সোনা, রুপা, অ্যান্টিক সব ধরনের গয়নাই আছে সংগ্রহে।
সময় পেলে ঘুরে বেড়ান দেশ-বিদেশ। বছরে একবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চলে যান যুক্তরাষ্ট্রে। দেশে প্রিয় বর্ষাকালের কক্সবাজার। আরেকটা জায়গাও খুব টানত তাকে। ‘আশির দশকে টাঙ্গাইলের পাথরাইলে রাস্তার দুধারে শিমুল ফুলের সারি আর তাঁতিদের ঘরে তাঁতের খটখটানি—এগুলোকে এখন খুব মিস করি। এখন সেই রাস্তা, তাঁতিদের জীবন কিছুই আর আগের মতো নেই।’ মুনিরা ইমদাদ এটাও জানালেন তাঁতিদের জীবনের এই সচ্ছলতা তাঁকে দেয় অন্য রকম আত্মতৃপ্তি।
