তাঁদের ঈদপোশাক

নিজের জন্য না কিনলেও তাঁরা সন্তানদের জন্য বরাবরই ঈদ পোশাক কিনে এসেছেন। সন্তানদের আনন্দের মাঝেই খুঁজে পেতে চেয়েছেন ঈদের প্রকৃত আনন্দ। এখন সন্তানেরা উপার্জনক্ষম হওয়ার পর মা-বাবাকে ঈদ পোশাক উপহার দিয়েই যেন নিজেদের ঈদের খুশিকে পূর্ণতা দিতে চান। প্রতি ঈদে মা-বাবা এবং পরিবারের বয়োজ্যেষ্ঠদের ঈদ পোশাক উপহার দিয়ে থাকেন অনেকেই। তাঁরা কেমন পোশাক পছন্দ করেন এবং ঈদে ফ্যাশন হাউসগুলোর সংগ্রহে কি আছে তা জেনে নিন।
কথা হল ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার সঙ্গে। বয়োজ্যেষ্ঠদের পোশাক ও প্রয়োজনীয় সব জিনিস দিয়ে তাঁরা সাজিয়েছেন ‘শ্রদ্ধা’ শাখাটি। জানালেন, তাঁরা এবার হালকা রঙের মধ্যে সুতি, জামদানি থেকে শুরু করে কাতানসহ সব ধরনের শাড়িই রেখেছেন। সুতি শাড়ির মধ্যে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্টের নকশা করা হয়েছে, কিছু সুতি শাড়ির আবার বুননেই থাকছে নকশা। বিপ্লব সাহার মতে, বয়স্করা সাধারণত খুব চকমকে রং ও ভারী পোশাক পরতে চান না। চওড়া পাড়ও পরতে চান না অনেকে, তবে হালকা নকশার পাড় অবশ্য একটু চওড়া হলেও আপত্তি করেন না অনেকে। পরতে আরামদায়ক এমন পোশাকই তাঁদের বেশি পছন্দ। তিনি মনে করেন সন্তানদের দায়িত্ব এই বয়সে বৃদ্ধ বাবা-মায়ের কাছে তাঁদের পছন্দ ও চাহিদার কথা জানতে চাওয়া। তাঁদের সঙ্গে নিয়েই ঈদের কেনাকাটা করা উচিত। ‘বয়স হলেই সাদামাটা পোশাক পরতে হবে এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত, বয়স পুরোপুরি মানসিকতার বিষয়। বয়স যতই হোক চাইলে রঙিন পোশাক পরতে পারেন যে কেউ। বরং এতে তাঁরা নতুন করে আরও প্রাণ ফিরে পাবেন।’ বললেন বিপ্লব সাহা।

এই বিষয়ে সহমত প্রকাশ করলেন আড়ংয়ের ফ্যাশন ডিজাইনার শ্রীজীব ভট্টাচার্য। বয়সের ক্ষেত্রে পোশাকের রং কোন বাধা নয় এটি তিনিও মনে করেন। তাঁরা এবার সুতি, সিল্ক, অ্যান্ডি সিল্কের মধ্যে নানা রকম পাঞ্জাবি এনেছেন। এ ছাড়া আছে নানা রকমের হাফ হাতা শার্ট এবং ফতুয়া। এবারও অবশ্য গরমের সময় ঈদ পড়েছে বলে সুতিতেই স্বস্তি খুঁজে নিতে চাইবেন অনেকে। শ্রীজীব জানালেন কলি কাট, ওয়ান কাট এবং ক্ল্যাসিক কাটের পাঞ্জাবি বয়োজ্যেষ্ঠদের বেশ মানাবে, সঙ্গে ঢিলেঢালা ফিটিংয়ের আলিগড়ি পায়জামা ও সাধারণ পায়জামা চলতে পারে। পাঞ্জাবির কলার থেকে বোতামের কাছে, হাতায়, দুই কাঁধ জুড়ে হাতের কাজের নকশা থাকছে যাতে পোশাকে উৎসবের আমেজ ফুটে উঠবে ষোলো আনা। সাধারণ স্ক্রিনপ্রিন্টের নকশা করা পাঞ্জাবিও আছে।
ঈদে ছেলে-মেয়ে বা নাতি-নাতনিদের সঙ্গে রং মিলিয়ে বা একই নকশার পোশাক পরলেও খুব মজা হবে বলে মনে করেন শ্রীজীব ভট্টাচার্য।
অভিনেত্রী দিলারা জামান চুয়াত্তরে পা দিয়েছেন। ঈদ পোশাক নিয়ে এখন আর তেমন কোনো পরিকল্পনা নেই। আগেও নাকি কখনো ঈদের পোশাক নিয়ে তেমন মাথা ঘামাতেন না তিনি। সাদামাটা ও ছিমছাম শাড়িই তাঁর সব সময় পছন্দ। এখন ঈদে উপহার পান প্রচুর। তার মধ্যে থেকেই যেকোনো একটি ঈদের দিনের জন্য বেছে নেবেন। মেয়েদের কাছে ঈদ করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবার। তিনি বললেন, ‘আমি সাধারণ পোশাক পরলে চাইলেও অবশ্য মেয়েরা কিছুতেই ঈদে তেমনটা হতে দেবে না।’ মেয়েদের আবদারে নতুন শাড়ি পরতেই হবে ঈদের দিনে।
দেশীদশ, শ্রদ্ধা, আড়ং, টাঙ্গাইল শাড়ি কুটির, আয়েশা শপিং কমপ্লেক্সসহ প্রায় সব বড় শপিং মলগুলোতেই বয়স্কদের জন্য পছন্দসই পোশাক কিনতে পারবেন।