তারার স্টাইল তাঁদের কথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফিন শুভ
আরিফিন শুভ

আরিফিন শুভ
আমি হ্যাট আর চশমা ছাড়া অনেকটা অচল
‘আমার মনে হয়, আপনি দোকান থেকে যে পণ্যটা কেনেন, সেটা হলো ফ্যাশন। আর ফ্যাশনটাকে নিজের মধ্যে ধারণ করে অন্যের সামনে কীভাবে তুলে ধরছেন, সেটা হলো স্টাইল।’ বললেন অভিনয়শিল্পী আরিফিন শুভ। সুতির পাঞ্জাবি, তবে তাতে খুব কারুকাজ থাকা চলবে না। এই হলো তাঁর প্রিয় পোশাক।
‘অনেকে আমাকে বলে, ফরমাল পোশাকে আমাকে খুব ভালো দেখায়। কিন্তু নিজে আরাম পাই না বলে পরি না।’ বলেন শুভ।
কালো রঙের প্রতি দুর্বলতা আছে তাঁর। ‘বলতে পারেন, আমি হ্যাট আর চশমা ছাড়া অনেকটা অচল! অন্যের স্টাইল হুবহু নকল না করে, সেখান থেকে ধারণা নিয়ে নিজেই বিশেষ কিছু করতে পারেন।’ বললেন তিনি।
তাঁর মতে, ছেলেদের শতকরা ৫০ ভাগ সুন্দর করে দেয় পরিষ্কার-পরিচ্ছন্নতা। সব সময় যে নতুন জিনিস পরতে হবে তা নয়, পুরোনোকে পরিচ্ছন্ন করে উপস্থাপন করতে পারাটাও বিশেষ গুণ। বাইরে থাকার কারণে ছেলেদের চুলে ময়লা জমে যায়। তাই নিয়মিত চুলে শ্যাম্পু করা উচিত। ফিট থাকতে অল্পবিস্তর ব্যায়াম করা দরকার সবারই। তার মানে সোজা জিমে ভর্তি হতে হবে এমনটা নয়; বরং ঘরে বসে বা বাসার কাছের খোলামেলা স্থানে, পার্কে একটু দৌড়ানো, ছোটখাটো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। আজকাল তো ইন্টারনেটেই ছোট ছোট ব্যায়ামের টিপস পেয়ে যাবেন সহজে। এ ছাড়া ইউটিউব দেখে ব্যায়ামের কৌশলগুলো রপ্ত করা যায়। নিজে ফিট এবং সুন্দর থাকতে আর কী চাই!

মাশরাফি
মাশরাফি

মাশরাফি
চুলে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করি
পাঠকের জন্য কোনো টিপস নয়, নিজের অভিজ্ঞতা থেকেই বললেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। ‘অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সারা দিন রোদের মধ্যে খেলাধুলা করে ত্বক কীভাবে ঠিক রাখি? আমার উত্তরটা খুব সোজা—আমি ত্বকের বাড়তি কোনো যত্ন নিই না। তবে মাঠে নামার আগে মুখে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করি। খেলা শেষ হলে গোসল করে ফেলি। অনেকে ফেসওয়াশ ব্যবহার করে শুনেছি, আমি কখনো করি নাই। তবে আমি চুলে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করি।’
কোনো বিশেষ অনুষ্ঠান বা ঈদের দিন পাঞ্জাবিই তাঁর পছন্দ। তবে সব সময় পরার জন্য টি-শার্ট আর জিনেসর প্যান্টেই আরাম পান তিনি। ফরমাল কোনো অনুষ্ঠানে বেছে নেন ফরমাল পোশাকই। বললেন, ‘কালো আর সাদা এই দুটি রঙের পোশাক আমার বেশি ভালো লাগে। তবে আমার মনে হয়, যাকে যেমন পোশাকে মানায়, তার সেটাই পরা উচিত।’
শীতের সময় কেডস আর বছরের বাকি সময়টা স্যান্ডেলই পরা হয় বলে জানালেন তিনি। শীতে জ্যাকেট পরতেও পছন্দ করেন। ‘স্টাইল যদি বলতেই হয় তাহলে বলব সানগ্লাস পরতে আমি খুব ভালোবাসি।’ বললেন মাশরাফি।
‘আমি ভাতটা কম খাই। বিভিন্ন ফলমূল খাই। সবারই শরীর সুস্থ রাখার জন্য কিছু ব্যায়াম করা দরকার। আমাদের তো প্রশিক্ষণের সঙ্গে ব্যায়ামটা করতে হয় নিয়মিত।’ এই হলো মাশরাফির ফিটনেসের মূলমন্ত্র। আর পাঠকদের জন্য তাঁর পরামর্শ, ‘যঁার যেটা খেতে ভালো লাগে, সেটাই খান আর নিয়ম করে ব্যায়াম করুন। দেখবেন নিজেকে ফিট দেখাবে।’

মেহজাবীন
মেহজাবীন

মেহজাবীন
শুষ্ক চুলে নিয়মিত ক্যাস্টর অয়েল লাগান
১০ বছর ধরে চুলে একই ধরনের কাট দিয়ে আসছেন মডেল মেহজাবীন। জানালেন, ইমো, লেয়ার আর বার্বি—এই তিনটি কাট মিলে নতুন একটা হেয়ার স্টাইল দাঁড় করিয়েছেন তিনি। তবে হেয়ার স্টাইলে তিনি সন্তুষ্ট থাকলেও চুল নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয় এই তাঁকে। শুটিংয়ের কারণে চুলের ওপর দিয়ে চলতে থাকে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা। আর এতেই নাকি চুলের বারোটা বেজে যাচ্ছে, বললেন মেহজাবীন। এ জন্য চুলের যত্নে নিয়মিত পারলারে গিয়ে হেয়ার স্পা এবং ম্যাাসাজ নিয়ে থাকেন। চুলটা বেশি শুষ্ক হওয়ার কারণে সপ্তাহে দুই দিন বাড়িতেই হট অয়েল ম্যাসাজ নিয়ে থাকেন। তাঁর মতোই যাঁদের চুল খুব শুষ্ক, তাঁদের নিয়মিত ক্যাস্টর অয়েল ব্যবহারের পরামর্শ দিলেন তিনি। এতে চুল আরও ঘন ও উজ্জ্বল হয়ে ওঠে।
এ ছাড়া ত্বকের যত্নেও নিয়মিত ফেসিয়াল করে থাকেন। যাঁদের প্রতিদিন বাইরে বের হতে হয়, তাঁদের সানস্ক্রিন লোশন লাগানোর পাশাপাশি ছাতা ব্যবহার করা উচিত বলে মনে করেন তিনি।
খেতে খুব ভালোবাসেন তিনি। জানালেন, বংশগত কারণেই বেশি খাওয়ার পরও কখনোই শরীরে বাড়তি মেদ জমে না তাঁর। সব সময় টি-শার্ট পরেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে মেহজাবীনের চেহারায় সব সময়ই নিজস্বতা তুলে ধরে যে বিষয়টি তা হলো, উজ্জ্বল রঙের লিপস্টিকের ব্যবহার। যেকোনো প্রয়োজনে যখনই বাইরে বের হোন না কেন, ঠোঁটে রঙিন কাঠির পরশ বোলাতে ভুল হয় না তাঁর।

বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম
খাবার-দাবারের প্রতি সচেতন থাকুন
ক্যাজুয়াল পোশাক হিসেবে সালোয়ার-কামিজ পরতে বেশি পছন্দ করেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অনেক সময় প্যান্টের সঙ্গে টি-শার্ট, টপস পরে থাকেন। তবে পোশাকটা যাই হোক না কেন ঠোঁটে কখনোই লিপস্টিক লাগাতে ভুল হয় না তাঁর। জানালেন, এ ক্ষেত্রে হালকা রং তাঁর পছন্দ। এ ছাড়াও পায়ের জুতাটা যাতে আরামদায়ক হয় সেদিকটায়ও বিশেষ নজর দিয়ে থাকেন। এ জন্য বেছে নেন স্লিপার শুর। এ তো গেল প্রতিদিনকার স্টাইলের কথা। তবে রূপচর্চায় খুব একটা বেশি সময় ব্যয় করেন না বলে জানালেন এই অভিনেত্রী। মিম জানান, তাঁর ত্বকের ধরনটা স্বাভাবিক প্রকৃতির। এ জন্য প্রতিদিন মেকআপ নেওয়ার পর আর আলাদা করে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। দুই মাসে হয়তো একবার হারবাল ফেসিয়াল করাতে যান পারলারে। এ ছাড়াও ত্বকে ময়দার সঙ্গে মধু মিশিয়ে লাগান। সেটা হয়তো ১৫ দিনে একবার। চুলের জন্য বাড়িতেই প্রোটিন ট্রিটমেন্ট করে থাকেন। এ সময় টকদইয়ের সঙ্গে ডিম মেখে চুলে লাগান। আর প্রতিদিন বাইরে থেকে এসে শ্যাম্পু করে ধুয়ে ফেলেন চুলগুলোকে। চুলের মসৃণতা ধরে রাখতে ব্যবহার করেন কন্ডিশনার। তবে প্রতিদিন রূপচর্চা করার সময় যাঁদের নেই তাঁদের খাবার-দাবারের প্রতি সচেতন থাকার পরামর্শ দিলেন মিম। এ জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের মৌসুমি ফল, ফলের রস, টকদই, দুধ, ডিম রাখা যেতে পারে। আর এই খাবারগুলোই ত্বক ও চুলের ঔজ্জ্বল্য ধরে রাখতে সহায়তা করে। এ ছাড়াও শুটিংয়ের ব্যস্ততা না থাকলে নিয়মিত ফিট থাকার জন্য যোগব্যায়াম করে থাকেন বিদ্যা সিনহা মিম।

আজরা মাহমুদ
আজরা মাহমুদ

আজরা মাহমুদ
প্রতিদিন এক ঘণ্টা করে হাঁটুন
‘আমার ত্বক ও চুলের দেখাশোনার কাজটা এখন মৌসুমীই করে থাকে’—কীভাবে নিজের ত্বক ও চুলের পরিচর্যা করেন, এই প্রশ্নের জবাবে এমনই জানালেন মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ। মৌসুমী হলেন আয়ুর্বেদিক স্কিন ক্লিনিকের রূপবিশেষজ্ঞ। ত্বক ও চুলের পরিচর্যার বিষয়টা এখন পুরোপুরিই তাঁর ওপর ছেড়ে দিয়েছেন আজরা। এরপর বাড়িতে আলাদা করে আর কোনো যত্ন নেওয়ার প্রয়োজন হয় না তাঁর। ইদানীং একটু ওজন বেড়ে যাওয়ায় একটা ডায়েট চার্ট মেনে চলার চেষ্টা করেন। এ ক্ষেত্রে সকালের দিকে ভারী খাবার খেয়ে থাকেন। দুপরের খাবারে আধা কাপ ভাতের সঙ্গে সবজি খান পেট পুরে। রাতের খাবারটা একেবারেই হালকা হয়ে থাকে। এ ছাড়াও সব সময় ফিট থাকার জন্য আজরার পরামর্শ, ‘যখন আমরা ফিট থাকি তখন ভাবি ফিট তো আছিই, আর কী প্রয়োজন শরীরচর্চা করার। তবে ফিট থাকা অবস্থায় প্রত্যেকেই যদি খাবার-দাবার আর শরীরচর্চার বিষয়ে সচেতন হন, তাহলে আর শরীরে আলাদা করে মেদ জমার ভয় থাকে না। এ ক্ষেত্রে যাঁদের শরীরচর্চা বা ব্যায়ামের জন্য আলাদা করে সময় নেই, তাঁদের প্রতিদিন এক ঘণ্টা করে হাঁটার পরামর্শ দিলেন আজরা মাহমুদ।

সজল
সজল

সজল
দুই দিন পর পর শেভ করতে পারেন
পোশাকটা আরামদায়ক হওয়া ভালো। খুব বেশি আঁটোসাঁটো হলে নিজেরই অস্বস্তি লাগবে। অভিনয়শিল্পী সজলের ফ্যাশন দর্শন এমনই। ‘আমি পাঞ্জাবি আর জিনস, টি-শার্ট পরতেই বেশি ভালোবাসি। তবে যখন কোনো ফরমাল অনুষ্ঠানে যাই, সেখানে ফরমাল পোশাক আর ফরমাল সাজেই যেতে চেষ্টা করি।’ বললেন তিনি।
সজল মনে করেন, পোশাকের পাশাপাশি ছেলেদের অবশ্যই পারফিউম ব্যবহার করা দরকার। কারণ, এটা একজন মানুষের মনটাকেই পরিবর্তন করে দিতে পারে। অভিনয়ের বাইরে নিজস্ব স্টাইল অনুযায়ী নানা রকম পোশাক পরেন তিনি। তাঁর মতে, ছেলেদের হাতে ঘড়ি দেখতে ভালো লাগে। ফরমাল পোশাকের সঙ্গে বেল্টটা অনেক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে চিকন বেল্টই ভালো দেখাবে। ক্যাজুয়াল থাকলে বেল্ট চওড়া পরলেই ভালো দেখাবে।
‘অনেকে মনে করেন, জ্যাকেট শুধু ক্যাজুয়াল লুকের সঙ্গেই মানানসই। একবার ফরমাল পোশাকের সঙ্গে লেদারের বডি ফিটিং জ্যাকেট পরেই দেখুন না, মন্দ লাগবে না আশা করি। আমি নিজেও এমনটা পরি।’ বললেন তিনি। সজল শেভের সময় জেল ব্যবহার করেন। শেভের পরে আর কিছু ব্যবহার করেন না। প্রচুর পরিমাণ পানি দিয়ে মুখ ধুয়ে নেন। তিনি বলেন, ‘প্রতিদিন শেভ করলে দাড়ির গোড়া শক্ত হয়ে যায়, নানা ধরনের সংক্রমণ হতে পারে। তাই যদি সম্ভব হয় দুই দিন পর পর শেভ করতে পারেন।’