তারায় তারায় খচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০১৮–এর মঞ্চে নৃত্যশিল্পীদের সঙ্গে (বাঁ থেকে) অপূর্ব, পূজা, সিয়াম, মেহ্‌জাবীন, আফরান নিশো ও তানজিন তিশা
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০১৮–এর মঞ্চে নৃত্যশিল্পীদের সঙ্গে (বাঁ থেকে) অপূর্ব, পূজা, সিয়াম, মেহ্‌জাবীন, আফরান নিশো ও তানজিন তিশা
জাঁকজমক ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’ শেষ হলো। ২৬ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় তারকাবহুল এই আয়োজন। তারায় তারায় ভরা সেই সন্ধ্যার নানা মুহূর্ত তুলে ধরা হলো আজ।

‘আপনাদের সবার হাতে মোবাইল ফোন আছে। আপনারা কি মোবাইলটা একপাশে রেখে হাততালি দিতে পারেন?’

মঞ্চের এক কোণে জ্বলে উঠল আলো। বিকেল ৫টা ৫৯ মিনিটে ডায়াসে দাঁড়িয়ে প্রথম আলোর সহযোগী সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক ওপরের কথাটি মাত্র বললেন। এরপর হাততালি, তুমুল হাততালি। প্রকম্পিত হলো ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তন। হাততালি আর থামেই না। অন্ধকার টুটে গেল মুহূর্তেই, আলোর হুল্লোড় আর তারার ঝিকিমিকিতে ভেসে ভেসে হেসে উঠল গোটা মিলনায়তন। তারপর কী ঘটল?

একে একে তারার জগতের মানুষদের অনবদ্য, অসাধারণ সব পরিবেশনা। সঙ্গে পুরস্কারপ্রাপ্ত তারকাদের কান্না–হাসির দুর্দান্ত যুগলবন্দী।

তবে গত ২৬ এপ্রিল মেরিল–প্রথম আলো পুরস্কারের ২১তম আসরের তারার মেলায় হাজারো দর্শক কেবল হাততালিই দেননি, অনুষ্ঠানের অভাবিত কাণ্ডে, অনেক চমকপ্রদ ঘটনায় বিহ্বল হয়ে হাততালি ভুলে কখনো তাঁরা শুধু তাকিয়ে থেকেছেন অপার মুগ্ধতায়।

গানে গানে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানান (বাঁ থেকে) বাপ্পা মজুমদার, নকীব খান, মানাম আহমেদ ও নাসিম আলী খান
গানে গানে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানান (বাঁ থেকে) বাপ্পা মজুমদার, নকীব খান, মানাম আহমেদ ও নাসিম আলী খান

কী সেই অভাবিত চমকজাগানো ঘটনা?

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান অভিনয়শিল্পী হয়ে হাজির হলেন এ অনুষ্ঠানে। জয়া আহসান বা রানু, চঞ্চল চৌধুরী বা মিসির আলি, নুসরাত ফারিয়া কি হঠাৎ বৃষ্টির ফেরদৌস—শহরের উষ্ণতম দিনে পুরো অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে তাঁরা প্রত্যেকেই ছিলেন আনন্দময় বৃষ্টির মতো।

শুরুটা হয়েছিল বেঙ্গল পরম্পরার শিল্পীদের মোহনীয় এসরাজ বাদনের মাধ্যমে। পরে দেখানো হলো রানা প্লাজায় মেরিল–প্রথম আলো সাভার সহায়তা তহবিলের তথ্যচিত্র। এরপরই চমকের ঘনঘটা, মুগ্ধতা, মুগ্ধতা ও মুগ্ধতা।

মঞ্চে দেখা গেল এপার বাংলা–ওপার বাংলার নন্দিত অভিনয়শিল্পী জয়া আহসানকে। জয়া, না দেবী চলচ্চিত্রের রানুকে দেখলাম আমরা? ‘আনিস...আনিস...’। রানু খুঁজছেন তাঁর দেবী সিনেমার স্বামী আনিসকে। কিন্তু মঞ্চে এলেন আনিসুল হক। রানু চরিত্রের সঙ্গে অভিনয় করতে জয়াকে তিনি বললেন, ‘আমার কাছে একটি এসএমএস এসেছে, মতিউর রহমান—মতি ভাই আপনার সঙ্গে সেলফি তুলতে চান।’ এর মধ্যে প্রথম আলো সম্পাদককেও ডেকে নেওয়া হলো মঞ্চে। রানু বা জয়ার সঙ্গে অভিনয় করলেন তিনিও। সেদিন আনিসুল হক বলেছিলেন, ‘অনুষ্ঠান শেষে মতি ভাই জয়ার সঙ্গে সেলফি তুলবেন।’ সেই সেলফি কি আর তোলা হয়েছিল?

আয়োজক হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

অঞ্জন চৌধুরী বললেন, ‘এই উদ্যোগ প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাচ্ছে, এটাই আমাদের সার্থকতা।’ কালো রঙের পাঞ্জাবি শোভিত অঞ্জন চৌধুরী সেদিন আরও বললেন, ‘এবার থেকে এ আয়োজনের সঙ্গে আমরা “আগামী দিনের নির্মাতা” খোঁজার একটি কার্যক্রম হাতে নিয়েছি। আশা করি উদ্যোগটি সফল হবে।’

মঞ্চে ঐশী, তমা মির্জা ও টয়া
মঞ্চে ঐশী, তমা মির্জা ও টয়া

আর আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনেরও ফসল, নিজের বক্তব্যে সেটি উল্লেখ করেন মতিউর রহমান। মঞ্চে তাঁদের উপস্থিতিতে এ বছর আজীবন সম্মাননা দেওয়া হলো নাট্যজন আলী যাকেরকে। এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দিলেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

মেরিল–প্রথম আলো ‘আগামীর নির্মাতা’ কার্যক্রমে বিজয়ী তাসফিয়া আফরিন, লস্কর নিয়াজ মাহমুদ ও তানভীর আহমেদ চৌধুরী—এই তিন নবীন নির্মাতাকে মঞ্চে ডেকে নেওয়া হলো এরপর।

তারপর মঞ্চজুড়ে অন্ধকার। পলমুহূর্তেই কাটল সেই আঁধার, যখন মঞ্চে এলেন আরমীন মূসা ও শান্ত। তাঁদের নেতৃত্বে ‘না দেখি দুনিয়া না দেখি তোমায়’ জনপ্রিয় এই গানের সঙ্গে বিট–বক্সিং ও আকাপেলা পরিবেশনার মধ্য দিয়ে পুরো মঞ্চ যে সময় উত্তাল, হঠাৎ হর্ষধ্বনি দিতে শুরু করলেন দর্শক। কেননা, মঞ্চে ততক্ষণে তাঁরা পেয়ে গেছেন তাঁদের প্রিয় মিসির আলিকে—এসেছেন দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, ‘বোঝো নাই ব্যাপারটা?’

দর্শক বুঝলেন ঠিকই। তাই তো এত হাততালি আর হর্ষধ্বনির ফোয়ারা। ‘আমি মিসির আলি, যুক্তি দিয়ে কথা বলি’—রানুর পর দেবীর মিসির আলি মেরিল–প্রথম আলোর মঞ্চে সেদিন কথা বলছিলেন। তবে তাঁকেই হুট করে সোনাই বলে ডেকে উঠলেন নুসরাত ফারিয়া, ‘সোনাই, এদিকে আসো।’ অমনি ‘ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল’–এর মতো মিসির আলিরূপী চঞ্চল হয়ে গেলেন মনপুরা সিনেমার সোনাই। আর এসবের ফাঁকে ফাঁকে বিভিন্ন শাখায় পুরস্কার দেওয়ার সময় সৃষ্টি হলো কত না গল্প! এভাবেই পুরো মঞ্চে একের পর এক ঘটে চলেছিল তাক লাগানো জবর–আজব কাণ্ডকারখানা। যেমন, ‘পরদেশি মেঘ রে, আর কোথা যাস রে’ গাইতে গাইতে নীল পোশাকে পরীমনি মঞ্চে ছড়িয়ে দিয়েছেন মিষ্টি সুরের আবহ, আমরাও বুঁদ হয়ে আছি ওই আবহে। হঠাৎই সেই পরিবেশনার পর আগুনের ফুলকি ছিটাতে মঞ্চে আবির্ভূত হলেন ফেরদৌস—অনুষ্ঠানের আরেক উপস্থাপক।

ওদিকে আগুনের এই কারসাজি চোখ কপালে তুলে দিয়েছে আমাদের। ভাবছি, কী ঘটে, কী ঘটে!

ঘটল বটে অনেক কিছু। রংঢং আর হরেক বর্ণের রসিকতা। এক কাপ চা সিনেমার প্রযোজক ও অভিনেতা ফেরদৌস এবার নাকি নুসরাত ফারিয়াকে নিয়ে ‘দুই কাপ চা’ নামে ছবি বানাবেন। চঞ্চল তাঁকে জিজ্ঞেস করলেন, কোন চা—দুধ চা, না রং চা?—এমন রসাল গালগল্প তো চললই। আর চলল মনোমুগ্ধকর একেকটি পর্ব। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু—মেরিল–প্রথম আলো পুরস্কারের সূচনা সংগীতের সুর ও কণ্ঠ যাঁর, তাঁর স্মরণে তাঁর বহুল উচ্চারিত ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি নিয়ে এক মঞ্চে দাঁড়ালেন ব্যান্ড আইকনেরা—নকীব খান, নাসিম আলী খান, মানাম আহমেদ ও বাপ্পা মজুমদার। মঞ্চের এলইডি পর্দায় ভেসে উঠছেন বিভিন্ন সময়ের ‘এবি’, আর ব্যান্ড তারকারা গাইছেন তাঁরই বিখ্যাত গান। সঙ্গে দর্শকও গলা মেলাচ্ছেন, ‘...কেন এত অচেনা হলে’। আহা, এমন দৃশ্য কতকাল যে অচেনা ছিল আমাদের কাছে!

আইয়ুব বাচ্চুর গান নিয়েই প্রথমবার এ মঞ্চে উঠলেন ‘সারেগামা’–খ্যাত নোবেল। দর্শকের হাততালি তখন তুঙ্গে। পরে ‘জলের গান’–এর রাহুল আনন্দের বোতলবাদনের সঙ্গে ‘শিসপ্রিয়া’ অবন্তী সিঁথি যখন বাজালেন তাঁর তুখোড় শিস, দর্শক না মজে কি পারেন! এরও শেষে জনপ্রিয় ‘অপরাধী’ গানের প্যরোডি বরিশালের ভাষায় পরিবেশন করে এবং আমাদের ‘সিস্টেম’–এর গলদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দর্শককে আরেকবার উদ্বেলিত করলেন অভিনেতা মীর সাব্বির।

এর মধ্যে সুযোগ পেলেই দুই নায়ক ফেরদৌস ও চঞ্চল লিপ্ত হয়েছেন বাগ্‌যুদ্ধে। সেসব দেখে দর্শক মজাও পেয়েছেন বিস্তর। তবে চলচ্চিত্রের জনপ্রিয় তিনটি গান ‘বুকে আছে মন মনে আছে আশা’, ‘তুমি আজ কথা দিয়েছ’ ও ‘এখন তো সময় ভালোবাসার’—এগুলোর সঙ্গে এ সময়ের তিন জুটি—অপূর্ব+পূজা চেরি, আফরান নিশো+তানজিন তিশা এবং সিয়াম+মেহ্‌জাবীনের নাচাগানায় ওই ‘মজা’ যেন মধুময় হয়ে উঠল আরও।

এবার কি তাহলে মধুরেণ সমাপয়েৎ? সাঙ্গ হবে না তারায় তারায় খচিত মেলা? না। লেখার বাকি থাকল আরও ঢের কিছু।

‘সুন্দর সুবর্ণ লাবণ্য তারুণ্য’—দেশাত্মবোধক গানের সঙ্গে তমা মির্জা, টয়া ও ঐশীর নাচের মধ্য দিয়ে মেরিল–প্রথম আলোর ২১তম আয়োজন শেষ হলো বটে, কিন্তু আদতে কি সমাপ্ত হলো? এ অনুষ্ঠান তো ছোটগল্পের সেই বিখ্যাত সংজ্ঞার মতো, ‘শেষ হয়েও হইল না শেষ।’

রয়ে যায় রেশ।