
শেষ দিন তো নয়, যেন তারার হাটে যুদ্ধের শেষ দিনের সব সমরাস্ত্রের চূড়ান্ত মহড়া। একের পর এক চমক। এদিন পোশাকের দিকে নজর দেওয়ার কথা ভুলেই গিয়েছিল অনেকে। কারণ, তারকাদের ঝলকানিতে ধাঁধিয়ে যাওয়া চোখ পোশাকের জৌলুশ দেখার ক্ষমতাই যেন হারিয়েছিল।
গতকাল রোববার শেষ দিনের শুরুই হয় তারকার ঝলকানির মধ্য দিয়ে। ভিনিত রাহুল, রিধি মেহরা ও অর্পিতা মেহতার পোশাকে র্যাম্পে হাঁটেন মালাইকা অরোরা ও কৃতি শ্যানন। এরপর মহেঞ্জোদারো ছবির নায়িকা পূজা হেগড়ে হাঁটেন সোনাক্ষী রাজের উৎসবের পোশাকে।
চতুর্থ রাতের কথাও একটু বলা যাক। কারণ। র্যাম্পে না হলেও মনীশ অরোরার ফ্যাশন শোর দর্শক সারি ভরা ছিল বলিউড তারকার উপস্থিতিতে। রণবীর সিং, শাহরুখ-কন্যা সুহানা খান সবাই ছিলেন মনীশ অরোরার ‘কসমিক লাভ’ শোর আকর্ষণীয় সংযোজন। এর আগে অন্তর-অগ্নি ফ্যাশন ব্র্যান্ডের অনুষ্ঠানে দর্শক সারিতে ছিলেন জয়া বচ্চন ও মধু। শনিবার ছিল ব্যতিক্রমী একটি আয়োজন। স্থূলকায় মানুষের পোশাকের প্রদর্শনী, ফ্যাশনের ভাষায় একে বলে ‘প্লাস সাইজ’।
গতকাল দুপুরে এক ভিন্নধারার পরিবেশনা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন ভারতের আলোচিত ফ্যাশন ডিজাইনার নরেন্দ্র কুমার। তিনি তাঁর নকশা করা নতুন পোশাকের পাশাপাশি নতুন একটি স্বল্পদৈর্ঘ্য ছবিও দেখান। সেখানে দেখানো হয় এক বনেদি পরিবারের মেয়ের বিয়ের গল্প। সেই অনুযায়ী পোশাকের সংগ্রহও দেখানো হয়।
এরপর দিব্যা রেড্ডি ও জয়ন্তি রেড্ডির পোশাক প্রদর্শনী হয়। শেষ দিনের উত্তাপ ছিল এ আয়োজনেও। লাল কেপ পরে পিঙ্ক নায়িকা তাপসী পান্নু যেন আগুনই ছড়ালেন র্যাম্পে। এমনকি সংবাদ সম্মেলনেও তাঁর হাসির ছটা আর পোশাক মুগ্ধতা ছড়িয়ে গেছে। একই শোয়ের শো-স্টপার ছিলেন ভারতের হায়দরাবাদের রাজ ঘরানার মেয়ে ও অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তিনি পরেছিলেন ভারী কাজের কালো কেপ। তিনিও তাঁর রাজকন্যাসুলভ ব্যক্তিত্ব ধরে রেখেছিলেন অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত।
তবে শেষ দিনের উত্তাপ যে আরও কতটা ঊর্ধ্বে উঠতে পারে, তা বোঝা গেছে রোববার সন্ধ্যায়, যখন সানি লিওন ও রণদীপ হুডা হাঁটেন মঞ্চে। জিসম টু ছবির এ জুটি পশ্চিমা ধাঁচের পার্টি পোশাক পরেছিলেন। অনুষ্ঠান শেষে মিনিটখানেকের জন্য পাওয়া যায় সানি লিওনকে। সদ্যই দত্তক নেওয়া মেয়ে নিশার ব্যাপারে জানতে চাইলে সানি প্রথম আলোকে বলেন, ‘ও খুবই ভালো আছে। নতুন পরিবেশে খাপ খাইয়ে নিচ্ছে।’ চোখ ধাঁধানো সমাপনী অনুষ্ঠানের আগে তারকাবহুল আরও একটি পরিবেশনা হয় সন্ধ্যায়। তখন একই সঙ্গে মঞ্চে ওঠে দে বেলে, ফাবিয়না, হারদিকা গুলাটি ও রুসেরো ব্র্যান্ডের উৎসবের পোশাক। সেই আয়োজনে দিয়া মির্জা, ইলিয়েনা ডি ক্রুজ ও ভূমি পেড়নেকার হাঁটেন র্যাম্পে। সবার গায়েই শোভা পায় উৎসবের পোশাক।
পাঁচ দিনের এই ফ্যাশন মহাযজ্ঞ শেষ হয় মনিশ মালহোত্রার ফ্যাশন শো দিয়ে। পার্টির জন্য নকশা করা পোশাকের সংগ্রহ নিয়ে তিনি এবার মঞ্চে ওঠেন। আর শো-স্টপার হয়ে তাঁর পোশাকের জৌলুশ আরও বাড়িয়ে দেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ ও আদিত্য রয় কাপুর।