তারুণ্যে উৎসবের বেশে

রোজার ঈদের মতো তোড়জোড় না থাকলেও এই ঈদেও কিন্তু তরুণ-তরণীরা একেবারে হাত-পা গুটিয়ে বসে নেই। চলছে ঈদের পোশাক কেনার প্রস্তুতি। ঈদের পরেও চলতে থাকবে একের পর এক দাওয়াত, বন্ধুদের সঙ্গে আড্ডা আর অনেক ঘোরাঘুরি।
পোশাক বাছাইয়ের বেলায় নিজের আরাম, স্বাচ্ছন্দ্য ও পছন্দকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে এই বয়সী ছেলেমেয়েরা। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলার প্রবণতা তো আছেই, বললেন কে ক্র্যাফটের ডিজাইনার খালিদ মাহমুদ খান। তাঁর মতে, কিশোরী বা তরুণীরা গৎবাঁধা থ্রিপিস না কিনে এবার ঈদে হয়তো বেছে নেবে নানা প্যাটানের্র কুর্তা, টপ, টিউনিক এবং তার সঙ্গে পালাজ্জো, লেগিংস বা জেগিংস। পারিবারিক কোনো দাওয়াতে কামিজ পরলেও সেটি হবে একটু ভিন্ন ধাঁচের। এখন কাফতান বা গাউনের মতো কামিজের দিকেই কিশোরীদের ঝোঁক বেশি দেখা যাচ্ছে।
ছেলেরা ক্যাজুয়াল পোশাক হিসেবে টি-শার্ট, পোলো শার্ট আর হাফহাতা শার্ট তো সব সময়ই পরে, তবে ঈদে এসবের সঙ্গে নতুন একটি পাঞ্জাবিও তাদের চাই। খাটো পাঞ্জাবির সঙ্গে জিনসের প্যান্টই ভালো মানাবে এবার। কেউ কেউ আবার উৎসবের আমেজ আনতে আজকাল পাঞ্জাবির সঙ্গে বেছে নিচ্ছে ধুতি-পাজামাও।
তবে জিনস পরুক আর পাজামা, পাঞ্জাবির নকশাটা হওয়া চাই একেবারেই ছিমছাম। বাজার ঘুরে দেখা গেল, ছেলেদের জন্য সুতি ও খাদি কাপড়ের পাঞ্জাবিতে থাকছে বাটিক ও স্ক্রিনপ্রিন্টের নকশা করা পাঞ্জাবি। পুরো পাঞ্জাবিতে প্রিন্ট না করে দুই হাতায়, শুধু এক পাশে অথবা কেবল বুক পকেটে নকশা করা পাঞ্জাবির চল এসেছে এখন। এমব্রয়ডারির নকশা এখন কমই ব্যবহৃত হচ্ছে। ফোল্ডিং হাতার একরঙা এবং চেকের নকশা করা শার্ট তরুণদের বেশ মানিয়ে যায়। শাটের্র নিচে বিপরীত রঙের কোনো টি-শার্ট মিলিয়ে পরলেও বেশ স্মার্ট দেখাবে। কিশোরী ও তরুণীদের জন্য কুর্তা ও টপের প্যাটার্নে, হাতা ও গলার কাটেও থাকছে নানা বৈচিত্র্য। তাদের ঈদ পোশাকের সংগ্রহে থাকছে দুই দিকে কোনাকুনি কাট, নিচের দিকে অনেকটা তিন কোনা আকৃতি, সামনে-পেছনে অসমান কাট, ফ্রকের মতো, কোমরের কাছে কুঁচি দেওয়া অথবা ফিতা বা ঝুনঝুনি বাঁধা কুর্তা। তার সঙ্গে পালাজ্জো চলছে দুই রকমেরই; কোনোটা সোজা কাটের, কোনোটা আবার বেলবটম প্যান্টের মতো। কুর্তা বা টপ এক রঙের হলে তার সঙ্গে প্রিন্টের লেগিংস বা পালাজ্জো পরার ফ্যাশন চলছে এখন। ফ্যাশন হাউস যাত্রার ডিজাইনার মাধুরী সঞ্চিতা বললেন, এখনকার কিশোর-কিশোরীরা ফ্যাশনে ফিউশন পছন্দ করে। মেয়েরা অনেক কুঁচি দেওয়া ধুতি-পাজামার সঙ্গে খাটো কুর্তা তো পরছেই। এ ছাড়া এর সঙ্গে লং শার্টও পরতে দেখা যাচ্ছে তাদের। কামিজ ও কুর্তায় ছোট হাতা, স্লিভলেস এবং থ্রি কোয়ার্টার ফোল্ডিং হাতা খুব চলছে। অনেক ঘেরওয়ালা স্কার্টও চলছে বেশ।
কিশোর-কিশোরীদের উপযোগী পোশাক পাওয়া যাবে দেশি দশ, আড়ং, দেশাল, ক্যাটস আই, লা রিভ, টেক্সমার্ট, একস্ট্যাসি, ইয়োলো ছাড়াও এ ধরনের প্রায় সব দোকানে।
