১৯৯৩ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অস্কারজয়ী অভিনেতা ও প্রযোজক জর্জ ক্লুনি ভেবেছিলেন, বাকি জীবনে আর বিয়ে নয়, একাই থাকবেন তিনি। এরপর দীর্ঘ সময় একা থেকেছেনও। এই সময়ের মাঝে প্রেমের গুঞ্জন শোনা গেছে একাধিকবার। পরে সময়ের স্রোতে সেসব প্রেমের পালে হাওয়া লাগেনি, বরং সময় সমুদ্রের ঢেউয়ে তির তির করে মিলিয়ে গেছে।
প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের দুই দশক পর আমালের সঙ্গে দেখা ক্লুনির। তখন আমালের নাম ছিল আমাল আলামুদ্দিন। লেবানিজ বংশোদ্ভূত ব্রিটিশ এই আইনজীবী ২৬ বছর বয়সে তাঁর দ্বিগুণ বয়সী জর্জ ক্লুনির প্রেমে যে পড়লেন, আর উঠলেনই না। পরের বছরই ২৭ বছর বয়সী আমাল আর ৫৩ বছর বয়সী জর্জ ক্লুনি ধুমধাম করে বিয়ে করে ফেললেন। সেই বিয়ে কোনো রাজকীয় বিয়ের চেয়ে কম নয়। আর বহুল চর্চিত বিয়েতে আমাল যে পোশাক পরেছিলেন, সেটা সর্বকালের সবচেয়ে দামি ১০ বিয়ের পোশাকের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে।ছবি: ইনস্টাগ্রাম
ডমিনিকান ফ্যাশন ডিজাইনার অস্কার দে লা রেন্টার বয়স তখন ৮২ বছর। সেই সময় তিনি পেলেন আমাল ক্লুনির বিয়ের পোশাক বানানোর দায়িত্ব। খুব খুশি হয়েছিলেন এই অশীতিপর এই ডিজাইনার। যেন একটা কিছুর জন্যই বেঁচে ছিলেন তিনি। ‘ভোগ’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এটা একজন নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোশাক। সম্ভবত আমার জীবনেরও।’
আন্তর্জাতিক মহলে খুবই প্রশংসা কুড়িয়েছিল আমালের অফ শোল্ডার বিয়ের গাউন। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর অস্কার দেলা রেন্টার বানানো গাউনে জর্জ ক্লুনিকে বিয়ে করেন আমাল। এর ২৩ দিন পর ২০ অক্টোবর মারা যান বিশ্বনন্দিত ফ্যাশন ডিজাইনার অস্কার দে লা রেন্টা। সেটাই ছিল তাঁর ডিজাইন করা শেষ পোশাক।
বেশ কয়েকটি ধাপে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন আমাল ও জর্জ। আমালের বিয়ের গাউনের দাম ৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আজকের দিনে ৩ কোটি ২২ লাখ টাকা। পুরো বিয়ের আয়োজনে খরচ হয়েছিল ৪৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি অর্থমূল্যে তা ৩৯ কোটি টাকার সমান!
বিয়ের পর ‘হ্যালো’ ম্যাগাজিনের প্রচ্ছদেও স্থান পেয়েছিলেন এই জুটি। তখন ভেনিসে বিয়ে করা নিয়ে জর্জ বলেন, ‘আমাদের দেখা হয়েছিল ইতালিতে। সেখানে আমার একটা বাড়িও আছে। তাই আমি ভেনিসেই বিয়ে করতে চেয়েছি।’
২০১৩ সালের অক্টোবরে আমাল ও ক্লুনির প্রেমের খবর প্রথম চাউর হয়। তারপর নিউইয়র্ক, তানজানিয়া ও সিসিলি দ্বীপপুঞ্জে একসঙ্গে দেখা গেছে এ জুটিকে। আর এখন বিয়ের সপ্তম বছরে পা রেখে যমজ দুই সন্তান নিয়ে লকডাউনে চুটিয়ে সংসার করছেন এই দম্পতি। প্রেম, বিয়ে, সংসার নিয়ে সম্প্রতি ‘পিপল’ ম্যাগাজিনকে জর্জ বলেন, ‘আমালের সঙ্গে পরিচয় হওয়ার পর মনে হলো, আমার জীবন যা ছিল, সব অর্থহীন। এই নারীই আমার জীবনকে পূর্ণতা দিতে পারে। একটি বাচ্চা রাতের বেলা বিছানা ভিজিয়ে তারস্বরে কাঁদছে—এটা আমার কল্পনারও বাইরে ছিল। আর এখন আমি প্রতিদিন এমনই দুটি বাচ্চাকে নিয়ে ঘুমাই আর ভাবি, কী অদ্ভুত! এদের আমি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। জীবনে এমন উপহার পাওয়ার চেয়ে বড় আর কী আছে?’
লকডাউনে সংসারজীবন নিয়ে এই অভিনেতা বলেন, ‘মহামারিকালে নিজের চুল আমি নিজেই কেটেছি। শুধু তা-ই নয়, বাচ্চাদের চুলও আমি কেটে দিয়েছি। ঘর ঝাড়ু দিয়েছি, মুছেছি। কাপড় কেচেছি। সেগুলো ইস্তিরি করেছি। আর প্রতিদিন খাওয়াদাওয়া শেষে থালাবাটি মেজেছি। নিজেকে আমার আর কোনো হলিউড তারকা মনে হচ্ছে না। মনে হচ্ছে ১৯৬৪ সালে আমার মা যেমন ছিল, আমি যেন ঠিক তা-ই।’