তিন রঙের ভুবনে

চুল একসময় বেশ লম্বা ছিল। সিল্কি লম্বা কালো চুলগুলো বব ছাঁটে কেটে ফেলেন মেয়ের জন্মের আগে। চুল নিয়ে কোনো ধরনের চিন্তা করতে চাননি সে সময়। এরপর আর চুল বড় করা হয়নি। এখন পিক্সি কাটে চুলের স্টাইলটাই নজর কাড়ে সবার। এই কাটেই স্বচ্ছন্দবোধ করেন রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন। সবার কাছে মিউনি নামে পরিচিত। শুধু চুলের কাটে নয়, পোশাকের ক্ষেত্রেও তিনি তৈরি করেছেন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট।

সাদা, কালো ও ছাই রং—এই তিনটি রঙের ভেতরে থেকেই স্বস্তি পান তানজিমা শারমিন। অধুনার জন্য প্রথমেই বেছে নিলেন সাদা রঙের জর্জেটের শাড়িটি। সাদা রং কেন প্রিয়? জানতে চাইলে বলেন, ‘সাদা রঙের পোশাক পরলে শান্তি পাই। অনেকে বলে সাদা সাদাই। আমি সাদার মধ্যে প্রতিটি রং খুঁজে পাই। প্রতিটি রং সাদার মধ্যে আছে। যখন একটু দ্বিধার মধ্যে পড়ি, তখন কালো রঙের পোশাক বেছে নিই।’ রঙিন পোশাক পরলে মন খারাপ হয়ে যায় বলে জানান তানজিমা শারমিন। এই তিনটি রং বাড়ির বিভিন্ন আনাচ-কানাচেও খুঁজে পাওয়া যায়। মনমতো জিনিসটি সব সময় দোকানে খুঁজে পান না। এ কারণে বাড়ির আসবাবগুলো নিজে নকশা করে বানিয়ে নিয়েছেন।

নিজের পোশাকগুলো অনেক ক্ষেত্রে নিজেই নকশা করে থাকেন। পারিবারিক দাওয়াতে শাড়ি পরতে পছন্দ। এর বাইরে আনুষ্ঠানিক দাওয়াতগুলোর জন্য বেছে নেন স্যুট। একেবারে সাদামাটা যেন না লাগে, এ কারণে কিছু শার্টের কলারে সিকুইনের কাজ করে নিয়েছেন। সালোয়ার-কামিজ খুব কম পরা হয়। বিশেষ কোনো জায়গায় প্রয়োজন হলেই তখন শুধু কামিজ পরেন। শাড়িতে হালকা কাজ পছন্দ করেন। চওড়া পাড় একেবারেই এড়িয়ে যান। পুরো শাড়িতে কাজ করা থাকবে, এমন শাড়িও পছন্দ। সারা দিন কাজের জন্য জিনস বেশি প্রাধান্য পায়। একটু পরিপাটি লুকের জন্য কালো রঙের ফরমাল প্যান্ট বেছে নেন।

হালকা ধাঁচের সুগন্ধি পছন্দ করেন। তালিকায় এগিয়ে আছে ইটারনিটি ও হুগো ওম্যান। জুতার ক্ষেত্রে আরামটাকে প্রাধান্য দেন। হাশ পাপিসের জুতা এ কারণে বেশি পরেন। দেশীয় ব্র্যান্ডের মধ্যে লেদারেক্স পরে থাকেন। পিক্সি কাটের কারণে কান জোড়া ঢাকা থাকে। গয়না পরলে সেটি গলা ও হাতেই সীমাবদ্ধ থাকে। তবে গয়নাটি হতে হবে আধুনিক ও ভিন্ন ঘরানার। এখানেও রূপালি ও কালো রংটাই দেখা যায় বেশি।

তানজিমা শারমিন কখনো ভাবেননি এই পেশায় আসবেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকার সময় চুল কাটের ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন নিছক খেয়ালের বশেই। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করে পরবর্তী সময়ে এই পেশায় কেন এলেন? কৌতূহল থেকেই জিজ্ঞাসা করলাম। ‘আমি মনে করি, পেশা নির্ধারণ করা থাকে। ছোটবেলা থেকেই অন্দরসজ্জা, আলপনা আঁকা, ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল। নিজের প্রতিষ্ঠান মিউনি’স ব্রাইডালের অন্দরসজ্জার কাজটাও আমি করেছি। সাজানো-গোছানোর প্রতি ভালো লাগা থেকেই একসময় এই পেশায় আসা। আমার কাজটাকে ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করে থাকি।’ কাপড় ধোয়া, নিজের ঘর গোছানোর কাজটা নিজ হাতেই করে থাকেন। কাজ করে যে সময় থাকে সেটা মেয়ে নাফিয়া নাজমির জন্যই তোলা থাকে।