দর্শকের মঞ্চ



দুটি হলেই বিয়ের অনুষ্ঠানের আদলে সাজানো ছিল দুটি মঞ্চ। উদ্বোধনী মঞ্চে সাত-সকালে বর-বউয়ের সাজে হাজির সংগীতশিল্পী এলিটা আর তাঁর স্বামী নাট্যনির্মাতা আশফাক নিপুণ। চিত্রনায়ক রিয়াজ তাঁদের বরণ করলেন, ফুল ছিটানো হলো, বাজনা হলো, মিষ্টিমুখও বাদ পড়ল না। ফুলের মালা কেটে এই আয়োজনের উদ্বোধন করলেন তাঁরা। এরপর দুই দিন ধরেই প্রদর্শনীর মঞ্চে দর্শকের জন্য ছিল জনপ্রিয় শিল্পীদের গান, কাওয়ালি, বিয়ের গীত ও গীতনাট্য।
প্রথম দিনের সবচেয়ে মজার পর্ব শুরু হলো বিকেলে। মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের নানা প্রশ্নের জবাব ও পরামর্শ দিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, আফরোজা পারভীন, রাহিমা সুলতানা, ফারজানা মুন্নি, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন চৌধুরী ও আলোকচিত্রী প্রীত রেজা। এই প্রশ্নোত্তর পর্বে বেরিয়ে এল মজার কিছু তথ্য। যেমন, কানিজ আলমাস খানকে প্রশ্ন করা হলো, আপনি কিভাবে দেশের জন্য অবদান রাখছেন। উত্তরে তিনি বলেন, ‘আমি মানুষকে সুন্দর করে সাজাই। এতে সে নিজের কাজেও আত্মবিশ্বাস ফিরে পায়। এছাড়া আমার প্রতিষ্ঠানে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। আমি মনে করি এটাও দেশের জন্য কাজ।’ সবাই জানেন যে ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী শিশিরকে সাজিয়েছিলেন ফারজানা মুন্নি। কিন্তু কে জানত সেদিন তাঁর নিজেরও বিয়ে ছিল? হাসতে হাসতেই বললেন, ‘সেদিন আমি একটু করে শিশিরকে সাজাই, আবার নিজে একটু সাজি।’ একজন বললেন, রূপবিশেষজ্ঞেরা বউ সেজেছিলেন কার হাতে! সেখানেই জানা গেল, আফরোজা পারভীন সেজেছিলেন কানিজ আলমাস খানের হাতেই! আর এখন বিয়ে করলে? সবাই নিজেই সেজে নেবেন।
এভাবে নানা আয়োজনে দুই দিন মেতে ছিল উৎসবের মঞ্চ।

