
অন্ধকার মঞ্চের গোড়ায় তিনি দাঁড়িয়ে রইলেন কয়েক সেকেন্ড। এতক্ষণে র্যা ম্পে হেঁটে গেছেন মডেলরা, ঝলমলে সব পোশাক পরে। সবার শেষেই তাঁর আগমন। দিয়া মির্জা। পুরো মঞ্চটা ঘুরে দাঁড়ালেন সেই আগের জায়গায়। ততক্ষণে হাতে পৌঁছে গেছে মাইক্রোফোন। ‘গুড ইভনিং ফ্রেন্ডস।’ অসংখ্য ক্যামেরার সঙ্গে তখন সচল হয়েছে হল ভর্তি দর্শকের মুঠোফোনও। কথা বলার জন্য নয়, মুঠোফোন ব্যস্ত দিয়া মির্জাকে ক্যামেরার বন্দী করতে।

২১ আগস্ট রাজধানীর র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজন করা হয়েছিল ‘পন্ডস প্রেজেন্টেস দ্য লাসট্রাস রানওয়ে’ ফ্যাশন শো। ঢাকায় ষষ্ঠবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানের শোস্টপার হিসেবে দিয়া মির্জার উপস্থিত থাকার ঘোষণা আগেই দিয়েছিলেন আয়োজকেরা। দর্শকদের মাঝে তাই বাড়তি উত্তেজনা।

পন্ডস ও ইনফিনিটি ইভেন্ট মিলে আয়োজন করে অনুষ্ঠানটি। মাঝে মিনিট বিশেকের বিরতি ছাড়া আড়াই ঘণ্টার পুরো সময়টাই মডেলেরা হেঁটে বেড়ান মঞ্চে। দেশি-বিদেশি আটটি ফ্যাশন হাউস পোশাক আর অলংকার পরেন তাঁরা। ফ্যাশন শোতে বাংলাদেশ থেকে অংশ নেয় নোভা জেনুইন সোয়ারভস্কি, রুবিজ, নিশা আলী ও সাশা এক্সক্লুসিভ নামের প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া ভারতের জ্যোতি সাচদেব আইয়ার, কোমল সুদ, জোসনা তিওয়ারি এবং পাকিস্তানের সামশা হাশওয়ানি অংশ নেন এই শোতে। এ ছাড়া গীতাঞ্জলি জুয়েলার্সের গয়না পড়েও হাঁটেন মডেলেরা। একই প্রতিষ্ঠানের গয়না ও রুবিজের পোশাকের পরেই মঞ্চে ওঠেন দিয়া মির্জা। এই দুই প্রতিষ্ঠানসহ আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। মঞ্চে বাংলাদেশে আসার অনুভূতি জানিয়ে বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে আমি খুশি। সত্যি আনন্দিত। আবারও সুযোগ পেলে আসতে চাই।’