দেশি পোশাকের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফইএবির ফ্যাশন শোতে সাদাকালোর শাড়ি। ছবি: নকশা
এফইএবির ফ্যাশন শোতে সাদাকালোর শাড়ি। ছবি: নকশা
শৈল্পিকের শাড়ি
শৈল্পিকের শাড়ি

‘আইলো আইলো আইলো রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে’ গানটা শুনলেই তো বৈশাখী আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে মন। ৩ এপ্রিল এমনই আনন্দে মুখর হয়ে উঠেছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্রাঙ্গণ। ফ্যাশন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি) আয়োজনে দেশি পোশাকের ফ্যাশন শো ও ছয় দিনের এক মেলার আয়োজন করা হয় এখানে। বৈশাখী গান, আড্ডা আর মেলায় জমজমাট ছিল পুরো আয়োজন।

গত বছর পয়লা বৈশাখের আগে দেশি পোশাক নিয়ে শুধু ফ্যাশন শোর আয়োজন করেছিল এফইএবি। এবার ফ্যাশন শোর পাশাপাশি আয়োজন করা হলো মেলার। কে-ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, দেশাল, শৈল্পিক, মিয়া-বিবি, বিবিয়ানা, কাপড়-ই-বাংলাসহ প্রায় ২২টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয় এই আয়োজনে।

এই আয়োজন উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশীয় পোশাক দেশকে তুলে ধরার একটা বড় মাধ্যম হতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহিম খান ও বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরুহা রহমান।

রঙ রাংলাদেশের পোশাক
রঙ রাংলাদেশের পোশাক

দেশীয় পোশাক নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের শুধু সরকারি সহায়তাই নয়, প্রয়োজন একটি সুষ্ঠু নীতিমালার—এমন অভিমত ব্যক্ত করলেন এফইএবির সভাপতি আজহারুল হক আজাদ। পাশাপাশি সামনে আরও বড় পরিসরে এই আয়োজনের কথা জানান তিনি। এ বছর থেকে এফইএবির পক্ষ থেকে দেশীয় পোশাকশিল্পে অবদান রাখার জন্য উদ্যোক্তা ও ডিজাইনার—এই দুটি বিভাগে ‘শাহাদত চৌধুরী আজীবন সম্মাননা পুরস্কার’ প্রদান করা হয়। ডিজাইনার হিসেবে চন্দ্রশেখর সাহা এবং উদ্যোক্তা হিসেবে ফ্যাশন হাউস নিপুণের উদ্যোক্তা আশরাফুর রহমান এই পুরস্কার পেয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে ফ্যাশন শোর মধ্য দিয়ে বৈশাখের পোশাকগুলো দর্শকদের সামনে তুলে ধরা হয়। মঞ্চে একের পর এক বৈশাখী গানের সঙ্গে বৈশাখী সাজে সেজে আসেন মডেলরা। যাঁর যাঁর প্রতিষ্ঠানের কিউ শেষে সেই প্রতিষ্ঠানের ডিজাইনাররাও উঠে আসেন মঞ্চে। পয়লা বৈশাখের আগে দেশীয় পোশাক নিয়ে এমন একটি আয়োজনকে যাতে উৎসবে পরিণত করা যায়, সেই ভাবনা নিয়েই এখন সামনে এগোচ্ছেন এফইএবির সদস্যরা।