দেশী দশের পোশাক প্রদর্শনী

ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলের দেশী দশ চত্বরে দেশী দশ আয়োজন করেছে মাসব্যাপী ‘শীত ও বিজয় উৎসব ২০১৫’। এতে থাকছে লাল-সবুজ রঙের প্রাধান্যে দেশি পোশাক প্রদর্শনী। ৩ ডিসেম্বর এর উদ্বোধন উপলক্ষে হয়ে গেল এক ফ্যাশন শো। উৎসবের উদ্বোধন করেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
উদ্বোধন করে মন্ত্রী বলেন, ‘একই ছাদের নিচে আমাদের এতগুলো দেশীয় পোশাকের সমাহার আমার কাছে দারুণ লেগেছে। দেশী দশ, একই সঙ্গে প্রতিযোগিতা ও সহযোগিতার মাধ্যমে এতগুলো বছর একত্রে আছে। তা শুধু আনন্দেরই ব্যাপার না, শিক্ষারও বটে।’ তিনি আরও বলেন, ‘আমাদের তরুণ-তরুণীরা এখন যথেষ্ট ফ্যাশন সচেতন। তার প্রমাণ মেলে প্রতিনিয়ত প্রকাশিত ম্যাগাজিনগুলোতে ও ফ্যাশন প্রতিযোগিতায়। আর সে ক্ষেত্রে দেশি পোশাকের সমারোহ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমার বিশ্বাস।’ অনুষ্ঠানে আরও কথা বলেন বসুন্ধরা শপিং মলের ইনচার্জ টি আই এম লতিফুল হোসেন ও দেশী দশের অন্যতম প্রতিষ্ঠান নিপুণের উদ্যোক্তা আশরাফুর রহমান।
অনুষ্ঠানে সাদাকালোর ব্যবস্থাপনা পরিচালক আজহারুল হক বলেন, ‘সরকার ২০১৬ সালকে পর্যটন বছর হিসেবে ঘোষণা করেছে। একে উপলক্ষ করে দেশী দশসহ কমপক্ষে ৭০-৮০টি প্রতিষ্ঠান মিলে দেশি পোশাকের উৎপাদন ও উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করছি, আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আমরা আমাদের প্রচেষ্টার ফসল প্রদর্শনীর মাধ্যমে সবার সামনে তুলে ধরতে পারব।’
উদ্বোধন শেষে শীতল আবহাওয়া ও বিজয়ের আবহ নিয়ে দেশী দশের ১০টি প্রতিষ্ঠানের পরিবেশনায় থাকে আকর্ষণীয় ফ্যাশন শো। এতে অংশগ্রহণ করে নিপুণ, কে ক্র্যাফট, অঞ্জন্স, রঙ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি। ছিল ছেলে ও মেয়েদের শাল, কোটি, জ্যাকেট, হুডি, পনচো ও মাফলারের উপস্থিতি। সবশেষে পতাকা হাতে মুক্তিযুদ্ধের গানের তালে তালে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় উৎসবের প্রথম দিনটি।
এ উৎসব চলবে ডিসেম্বর মাসজুড়ে। একই সঙ্গে প্রদর্শনী চলবে ঢাকার গুলশান, চট্টগ্রাম ও সিলেটের দেশী দশ চত্বরে।