নগরে তিন ফ্যাশন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
.
.

ফ্যাশন রানওয়ে ২০১৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অতিথিরা শুনছিলেন ‘ফুলে ফুলে ঢ’লে ঢ’লে বহে কিবা মৃদু বায়,...’ ‘একটু দাঁড়াবে কি, এখনই নামবে বৃষ্টি!’-এর মতো চমৎকার কিছু গান। এসব গানের তালের মঞ্চে হাঁটছেন মডেলরা। চলছে ‘লাক্স-লুক অ্যাট মি ফ্যাশন রানওয়ে ২০১৬’। ২৪ মে অনুষ্ঠিত এ আয়োজনের উপস্থাপক আমব্রিন বললেন ফ্যাশন রানওয়ে ২০১৬-তে থাকছে ফ্যাশন ডিজাইনার এমদাদ হক, লিপি খন্দকার ও শাহরুখ আমিনের ডিজাইন করা পোশাক। আয়োজক মাসিক লুক অ্যাট মির প্রধান সম্পাদক সৈয়দ আশিক রহমান বললেন, ম্যাগাজিনটি এ মাসেই পাঁচ বছরে পা দিল। বর্ষপূর্তি ও ঈদ উপলক্ষে এ আয়োজন।
শাহরুখ আমিনের ডিজাইনে ও ফারজানা শাকিলের হেয়ার ও মেকওভারে রানওয়েতে হাঁটলেন মডেলরা। শো স্টপার হিসেবে এলেন গায়িকা ফাহমিদা নবী। ক্লোজআপ তারকা সালমার গান অনুষ্ঠানে এনে দিল ভিন্ন মাত্রা। এরপরেই মডেলরা আসলেন লিপি খন্দকারের ডিজাইন করা পোশাকে। মেকআপ ও চুলসজ্জায় ছিলেন আফরোজা পারভীন। শো স্টপার হলেন অভিনেত্রী সোহানা সাবা।
নতুন শিল্পী বিন্দুকণার কণ্ঠে শাহ আবদুল করিমের গানের পরপরই নিজের ডিজাইন করা পোশাক নিয়ে হাজির হলেন ডিজাইনার এমদাদ হক। হেয়ার ও মেকআপে ছিলেন তানজিমা শারমিন। মঞ্চে আরও এলেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চিত্রনায়ক ফেরদৌস ও গায়ক পারভেজ। অনুষ্ঠানের শেষ পর্বে ‘বেস্ট লুক’ পুরস্কার দেওয়া হয় গত বছরের সেরা চার কভার গার্লদের। পুরস্কৃত হন মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, মুমতাহিনা টয়া ও মৌসুম।’ এই ফ্যাশন শোর আয়োজনে আরও ছিল আরটিভি, উই মোবাইল, মিল্ক ভিটা ও ফেমিকেয়ার।

.
.

ফ্যাশন শোতে নতুন পণ্য
বাংলাদেশে যাত্রা শুরু করল ইউরোপের প্রসাধনী ব্র্যান্ড পায়েসে। পায়েসের বিভিন্ন পণ্য ঢাকা থেকে সারা দেশেই পাওয়া যাবে। এ উপলক্ষে ২৮ মে সন্ধ্যায় রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে জমকালো এক ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল। ফ্যাশন শোর প্রথম কিউতে ডিজাইনার শাহরুখ আমিনের নকশা করা নানা ধরনের পোশাকের সঙ্গে চোখ, ঠোঁট, মুখের মেকআপ বিশেষ নজর কাড়ে অতিথিদের। দ্বিতীয় কিউতে দেখানো হয় বিয়ের সাজ। এ কিউয়ের পোশাক ডিজাইন করেছিলেন বিপ্লব সাহা। পায়েসের প্রসাধনী ব্যবহার করে মডেলদের সাজিয়েছিলেন রূপবিশেষজ্ঞ কাজী কামরুল ইসলাম। ফ্যাশন শোয়ে বাংলাদেশের বিয়ের সাজ ও পোশাকে এই সময়ে মঞ্চে আসেন মডেলরা।
শোয়ের আগে স্বাগত বক্তব্যে পায়েসে কসমেটিকসের কান্ট্রি ডিরেক্টর রিগেল আরমান বলেন, ‘মেয়েদের প্রয়োজনীয় সব ধরনের প্রসাধনপণ্য বাজারজাত করবে পায়েসে। এগুলো পোল্যান্ডে তৈরি। পায়েসে বাংলাদেশসহ ৩৬টি দেশে পণ্য সরবরাহ করছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পায়েসের ব্যবস্থাপনা পরিচালক প্রকাশ আফতানি, কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, রূপবিশেষজ্ঞ কাজী কামরুল ইসলাম ও আফরোজা পারভীন, ডিজাইনার বিপ্লব সাহা ও শাহরুখ আমিন, অভিনেত্রী বিজরী বরকত উল্লাহ ও মৌসুমি হামিদ, উপস্থাপক শারমিন লাকী, মডেল রুমা, ঝুমুর, বেনজির ইশরাত, শেহতাজ মুনিরা, তানজিন তিশাসহ অনেকে।

.
.
.
.

ফ্যাশন ফিয়েস্তা
‘এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথমবারের মতো আমি র্যা ম্পে হাঁটার অভিজ্ঞতা অর্জন করেছি। গ্রুমিং পর্বে শিখেছি দর্শকদের সামনে নিজেকে কীভাবে উপস্থাপন এবং মঞ্চে কীভাবে কথা বলতে হয়। আমার লক্ষ্য মডেল হওয়া।’ সঞ্চালক মারিয়া নূরের প্রশ্নের জবাবে ২৭ মে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ‘সানসিল্ক ফ্যাশন ফিয়েস্তা-২০১৬’-এর গালা রাউন্ডের এলিমেশন পর্বে আত্মবিশ্বাসের সুরে কথাগুলো বলছিলেন তাসনোভা নূর। এই প্রতিযোগিতায় বিচারকেরা সেদিন ‘ফ্যাশন আইকন’ হিসেবে বেছে নিয়েছিলেন ময়মনসিংহ অঞ্চল থেকে তাসনোভা নূর, চট্টগ্রাম থেকে তাকসিন আক্তার এবং ঢাকা থেকে শামসুন্নাহার সুমিকে। বিচারক ছিলেন মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল, কোরিওগ্রাফার আজরা মাহমুদ ও চুলবিশেষজ্ঞ আবিদা সুলতানা। ইউনিলিভার বাংলাদেশ এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতার গালা রাউন্ডের এলিমেশন পর্বে টিকে থাকা নয়জন প্রতিযোগীই র্যা ম্পে হাঁটেন। ময়মনসিংহ, চট্টগ্রাম ও ঢাকা এ তিন অঞ্চল থেকে বাছাই করা ৩০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল গালা রাউন্ড। এরপর ধাপে ধাপে বিজয়ী নির্বাচন করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইমরান, অপু ও কণা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং পরিচালক জাবেদ আখতার, মানবসম্পদ ব্যবস্থাপক কুনাল শর্মা ও সাপ্লাই চেইন পরিচালক আমিনুর রহমান।