নতুন ঢঙে ঈদের সাজ
চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। এরই মধ্যে অনেকেরই হয়তো ঈদের পোশাক কেনা হয়েছে। পোশাক কেনার পরই সাজটা কেমন হবে, তা নিয়ে নিশ্চয় ভাবনা চলছে এখন। যাঁরা সাজতে ভালোবাসেন তাঁদের কথা তো আলাদা, যাঁরা সারা বছর খুব একটা সাজেন না, তাঁরাও ঈদের উৎসবমুখর দিনে নিজেকে নতুনভাবে দেখতে চান। গতানুগতিক সাজের বাইরে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার ইচ্ছে সবার মনেই কমবেশি জাগে। ঈদের দিন সাধারণত সৌন্দর্যচর্চার কেন্দ্রগুলো বন্ধ থাকে। তাই নিজের সাজটা নিজেকেই করে নিতে হয়। ঘরে আবার থাকে হাজারো কাজ। তাই খুব বেশি পরীক্ষণের দিকে যাওয়াটাও সম্ভব হয়ে ওঠে না। চেনা সাজেই নিজেকে নতুন করে সাজিয়ে নিতে পারেন। সেই ধারণা দেওয়ার চেষ্টা থাকছে এই প্রতিবেদনে।

সারা বছর পোশাকের ধারা কেমন হবে ঈদের পোশাকের নকশা দেখে সে ধারণা পাওয়া যায়। এর সঙ্গে এখন যুক্ত হয় মেকআপ এবং চুলের সাজ। যেমন ২০১৫ সালে ঈদের সময় মুখের বেজ এবং চোখের সাজে হালকা রঙের ছোঁয়া দেখা গেছে বেশি। রংচঙে লিপস্টিকের ব্যবহার ছিল পুরো বছর ধরেই। ২০১৬-তে এসে ঈদের সাজে কোনো নির্দিষ্ট ধারার কোনো সাজ দেখা না গেলেও বেলায় বেলায় ছিল সাজের পরিবর্তন। পারসোনার পরিচালক নুজহাত খান বললেন, এই বছর সাজে থাকবে একটু এলোমেলো ভাব। পাশাপাশি পুরোনো ধাঁচের ছোঁয়াও (রেট্রো লুক) চলবে। লিপস্টিক আর চোখের সাজে বেশ পরিবর্তন আসবে। যেমন হালকা ও উজ্জ্বল দুটো রঙের শেডেই দেখা যাবে চোখে।

সাজের সময় কিছু বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দিলেন নুজহাত খান। তিনি বললেন, ‘ঈদের সাজ প্রথমেই নির্ভর করবে নিজের রুচির ওপর। এরপরে আসে পোশাকের কথা। পাশাপাশি কোন সময় পোশাকটি পরছেন, ঘরে থাকছেন না বাইরে যাচ্ছেন সেটিও সাজের জন্য বড় বিষয়।’

শাড়িতে আধুনিকা
শাড়ির সঙ্গে ঐতিহ্যবাহী সাজই বেশি ভালো লাগে? ঐতিহ্যের ধারা একটু ভেঙেই দেখুন না, কেমন চমকে যাবে সবাই। প্রথমে পুরো চুলটাকে কোঁকড়া করে নিন। এবার পেছনের চুলগুলোকে ওপর ও নিচ দুই ভাগে ভাগ করে নিন। অন্য কারও সাহায্য নিয়ে নিচের চুল পেঁচিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন (বব কাটের মতো)। এবার ওপরের দিকের চুলগুলো ছেড়ে দিন। চুলের সাজই পুরো চেহারায় নতুনত্ব এনে দেবে। চোখে কালো কাজলের রেখা টানতে পারেন। তবে খেয়াল রাখবেন, তা যেন চোখের কোনায় ছাড়িয়ে না যায়। চোখের নিচেও হালকা কাজল বুলিয়ে নিতে পারেন। এবার শাড়ির সঙ্গে বিপরীত কোনো রঙের লিপস্টিক বেছে নিন।

অন্য পোশাক, সহজ সাজ
শাড়ি, সালোয়ার-কামিজের পাশাপাশি ঈদে অন্য পোশাকও দেখা যায়। স্কার্ট আর র্যা পার চলতি ফ্যাশন ধারায় বেশ জনপ্রিয়। ঈদে এ রকম পোশাক যাঁরা পরবেন, তাঁদের একটু হালকা সাজেই ভালো দেখাবে। চোখের পাতায় সোনালি রঙের ছোঁয়া, চোখের কোনায় মিশিয়ে দেওয়া কাজল আর ঢেউ খেলানো চুলে পুরো স্মার্ট লুক আপনার।

সালোয়ার-কামিজে অন্য রকম
পাশ্চাত্যে চুলের সাজে মোহক লুক এখন বেশ জনপ্রিয়। সালোয়ার-কামিজের সঙ্গেও এটি চেষ্টা করে দেখা যেতে পারে। বাঁ দিকের চুল একটু পাফ করে এলোমেলোভাবে ছেড়ে দিন। তিনটি চিকন বেণি করে ডান দিকে রাখুন। চোখের সাজে রয়্যাল ব্লু আর কালোর মিশ্রণে একটা শেড আনা হয়েছে। চোখের এই সাজই এই বছরের নতুন ধারা। ঠোঁটে উজ্জ্বল কমলা রঙের লিপস্টিকের ব্যবহার সাজে এনে দেবে উৎসবের
ভাব।

হালকা সাজেই স্নিগ্ধ
ঈদের সকালের সাজটা হালকা হলেই ভালো দেখায়। যাঁরা হালকা সাজতে ভালোবাসেন তাঁদের জন্য এটি আদর্শ। চুলের মাঝখানে সিঁথি কেটে ব্লো ড্রাই করে নিন। এবার সামনের চুলগুলোকে আউট কার্ল (সামনের চুলগুলোকে কৃত্রিমভাবে কোঁকড়া করে নেওয়া) করে নিতে পারেন। চোখটাকে ন্যুড রেখে কোনাতে হালকা বাদামি শেডের রেখা টেনে নিন। চোখের পাতায় থাকবে ঘন মাসকারার ব্যবহার। এখানে পোশাকে কমলা রঙের প্রাধান্য, তাই ঠোঁটে পিচ রঙের লিপস্টিক ব্যবহার করা হয়েছে।

আধুনিক ধারায় অতীতের ছোঁয়া
সাজের ধরনটা পুরোনো। তবে আধুনিক পোশাকের সঙ্গে মিলিয়ে যুক্ত হয়েছে নতুন ঘরানা। এই সাজে চোখে টানা হয়েছে লাইনারের চওড়া রেখা, তাতে মিশিয়ে দেওয়া হয়েছে হাল আমলের ছোঁয়া। মুখের বেজ মেকআপে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিস প্রাইমার। এরপর লাগানো হয়েছে হালকা ওয়াটার বেজ ফাউন্ডেশন।

এভাবে সাজার পর লুজ পাউডার ব্যবহার করুন। ভালো করে কনট্যুরিং করে হালকা রঙের ব্লাশন লাগান। চুলটা পেছনে হালকা কার্ল করে নিন। এবার পুরো চুলগুলোকে পেঁচিয়ে খোঁপায় বেঁধে নিন। বাঁ দিকে সিঁথি কেটে সামনের চুলগুলোকে পেঁচিয়ে (ঢেউ খেলিয়ে) ক্লিপ দিয়ে আটকে নিন।