নিপুণের ৪৪ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিপুণের ৪৪ বছর উদ্যাপনের ফ্যাশন শোতে গামছার বিভিন্ন পোশাক
নিপুণের ৪৪ বছর উদ্যাপনের ফ্যাশন শোতে গামছার বিভিন্ন পোশাক

সময়টা ১৯৭৩ সাল। সেই সময় সদ্য স্বাধীন হওয়া দেশের মানুষকে দেশে তৈরি কাপড়ের পোশাক পরানোর সাহসী এক পদক্ষেপ নিলেন আশরাফুর রহমান। গড়ে তুললেন দেশীয় পোশাক তৈরির প্রতিষ্ঠান নিপুণ। গত ২৯ মার্চ ৪৪ বছরে পা দিল এই প্রতিষ্ঠান। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা সিটির দেশি দশে এক অনুষ্ঠান ও ফ্যাশন শোর আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, বিশেষ অতিথি রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা। আরও উপস্থিত ছিলেন ডিজাইনার চন্দ্র শেখর সাহা, বাংলা ক্র্যাফটের সভাপতি এস ইউ হায়দার এবং ফ্যাশন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আজহারুল হক।

নিপুণের ৪৪ বছর উদ্যাপনের ফ্যাশন শোতে গামছার বিভিন্ন পোশাক
নিপুণের ৪৪ বছর উদ্যাপনের ফ্যাশন শোতে গামছার বিভিন্ন পোশাক

নাসির উদ্দীন ইউসুফ বলেন, মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে নিপুণের এই পদক্ষেপ দেশীয় পোশাকশিল্পে কাজ করতে অন্যদের আগ্রহী করে তোলে। তিনি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললেন, দেশীয় বুটিক হাউসগুলো পোশাকে যে শৈল্পিকতার বিষয়টিকে প্রাধান্য দেয়, তা পার্শ্ববর্তী দেশ ভারতেও বেশ জনপ্রিয়। কারণ, সেখানকার বন্ধুরা প্রায়ই তাঁকে এ ধরনের পোশাক পাঠানোর অনুরোধ করেন। এ জন্য শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে পার্শ্ববর্তী দেশেও যদি এই পোশাকগুলো পৌঁছে দেওয়া যায়, তবে তা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখবে বলে জানান তিনি। নিপুণসহ সব দেশীয় বুটিক হাউসকে এই নিয়ে ভাববার কথা জানান তিনি।
‘পোশাকের নিপুণ কারিগর’ স্লোগান নিয়ে ১৯৭৩ সালে মালিবাগে ১৫০ বর্গফুট জায়গা নিয়ে যাত্রা শুরু করে এই বুটিক হাউস। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। শুরুটা হয়েছিল খাদি দিয়ে। ৪৪ বছরের নিপুণের এই পথচলাকে উদ্যাপন করতে এবার বেছে নেওয়া হয় গামছাকে। আশরাফুর রহমান বললেন, ‘তখন নানা ধরনের পরীক্ষণের মাধ্যমে খাদিকে একটা আধুনিক রূপ দিই আমরা। এরপর বিভিন্ন উপাদান নিয়ে কাজ করে নিপুণ। গামছা নিয়ে তো এখন অনেক কাজ হয়। তবে আমরা চেয়েছিলাম নতুন কিছু করে দেখাতে।’

নিপুণের ৪৪ বছর উদ্যাপনের ফ্যাশন শোতে গামছার বিভিন্ন পোশাক
নিপুণের ৪৪ বছর উদ্যাপনের ফ্যাশন শোতে গামছার বিভিন্ন পোশাক

ফ্যাশন শোতেও তেমনটা দেখা গেল। স্টাইলিশ কুর্তা বা কটিতে ফ্লেয়ার, গামছার পোশাকে চোখে পড়ল এমনই ভিন্নধর্মী সব কাটছাঁট। বাংলাদেশের একেক অঞ্চলের গামছার বুনটপদ্ধতি একেক রকম। যেমন পটুয়াখালীর রাখাইনদের গামছায় আকাশি নীল-সাদা, সবুজ-কালো এই রংগুলোর সমন্বয় বেশি দেখা যায়। চেকের গামছাটা বেশি দেখা যায় মৌলভীবাজারের কমলগঞ্জে। সচরাচর আমরা যে গামছাগুলো বেশি ব্যবহার করি, সেগুলো আসে পাবনা ও সিরাজগঞ্জ থেকে। অঞ্চলভেদে গামছার এই ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে নকশায় যোগ করা হয়েছে নতুনত্ব, এমনটাই জানালেন নিপুণ ক্র্যাফটসের পরিচালক হাসমত আরা রহমান ফ্লোরা। গামছার তৈরি এই পোশাকগুলোর নকশার কনসেপ্ট এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিজাইনার শৈবাল সাহা। পোশাকের পাশাপাশি আরও পাওয়া যাবে কুশন কাভার, ব্যাগ, ল্যাম্পশেড, জুয়েলারির বাক্স। যে কেউ চাইলে ফরমাশ দিয়ে বানিয়ে নিতে পারেন গামছার এসব পণ্য।