পাঞ্জাবির ওপরে থাকবে কটি : সায়মন সাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়মনের ঈদপোশাক—পাঞ্জাবি, কটি আর জিনস
সায়মনের ঈদপোশাক—পাঞ্জাবি, কটি আর জিনস

ঈদে পোশাক হিসেবে পাঞ্জাবিই প্রথম পছন্দ অভিনেতা সায়মন সাদিকের। পাঞ্জাবির ওপরে চড়াবেন হাল ফ্যাশনের কটি। চোখে থাকবে রোদচশমা, হাতে হাতঘড়ি। কালো রঙের পোশাকই তাঁর পছন্দ। নিজে তো কেনেনই, প্রতিবছর উপহার পান আরও কয়েকটি পাঞ্জাবি। তাই ঈদের দিন বেলায় বেলায় পাল্টে যায় পাঞ্জাবির রং ও ধরন।
কীভাবে কাটবে ঈদের দিন? সায়মন জানান, সকালে ঘুম থেকে উঠে গোসল সেরে বাবার সঙ্গে যাবেন ঈদগাহে। তঁাদের বাড়ি কিশোরগঞ্জ। তাই ঈদের নামাজ পড়েন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। সেখানেই হয় দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। ‘নামাজের পর ঈদগাহ ময়দান ছাড়তেই লেগে যায় কয়েক ঘণ্টা! সবাই এসে ভিড় জমায়, কোলাকুলি ও কুশলাদি বিনিময় করে। ছবি তোলার জন্য চলে যায় খানিকটা সময়। বেশ উপভোগ করি।’
বাসায় ফিরে মায়ের হাতে রান্না করা নানা ধরনের খাবারের সামনে বসেন সায়মন। এ সময়ে খাবার টেবিলে সঙ্গে থাকে সায়মনের আট-দশজন বন্ধু। খাওয়া শেষে বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায় সময় যেতে থাকে। ছোটবেলার ঈদ মনে করতে গিয়ে সায়মন সাদিক বলেন, ‘তখন দুই বা চার টাকায় সাইকেল ভাড়া পাওয়া যেত এক ঘণ্টার জন্য। ঈদে আমরা সারা দিনের জন্য ভাড়া নিয়ে নিতাম। আর বন্ধুরা মিলে দিনভর ঘুরে বেড়াতাম টইটই করে। কী মজার ঈদ ছিল তখন!’
এবারের ঈদও বাড়িতেই করার ইচ্ছা আছে সায়মনের। সব কাজ শেষ করে ঈদের দিন চারেক আগেই বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়বেন।