পোশাকে চাই আরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উজ্জ্বল রঙের হালকা কাপড় গরমে আরাম দেবে। মডেল: হৃদিতা, পোশাক: লা রিভ, ছবি: সুমন ইউসুফ
উজ্জ্বল রঙের হালকা কাপড় গরমে আরাম দেবে। মডেল: হৃদিতা, পোশাক: লা রিভ, ছবি: সুমন ইউসুফ

এসে গেছে বসন্ত। বাড়ছে গরমও। বদল চলে এসেছে ফ্যাশনেও। পোশাকের কাট-ছাঁটেও চলে এসেছে নতুনত্ব। গরমে দেবে আরাম—এমন কাপড়ের কদর বেড়ে গেছে। কিশোরীদের একটা বড় সময় বাইরে কাটাতে হয়। ছুটে বেড়ানোর এ বয়সে পোশাকও হওয়া চাই আরামের। স্কুলের বাইরে কোচিং, বন্ধুদের আড্ডা ও অনুষ্ঠানের পোশাকগুলোয় আরামের দিকটা দেখতে হবে সবার আগে।
ফ্যাশন হাউস বিবিয়ানার স্বত্বাধিকারী লিপি খন্দকার বলেন, ‘পোশাক তৈরির আগে মাথায় রাখি গরমের কথা। কেননা, গরমের দিনে ক্রেতারা আরামদায়ক পোশাক চায়। যেকোনো হালকা রঙের সুতি কাপড় নির্বাচন করি পোশাক তৈরির জন্য। পোশাকের প্যাটার্নে আনা হয় নতুনত্ব।’ বিবিয়ানায় কিশোরীদের জন্য রয়েছে স্কার্ট, কুর্তা ও ফতুয়া। এগুলো খুব সহজেই মানিয়ে যাবে জিনস, পালাজ্জো, লেগিংসের সঙ্গে।
পোশাক নিয়ে কথা হলো ফ্যাশন হাউস লা রিভের হেড অব ডিজাইন মন্নুজান নার্গিসের সঙ্গে। তিনি বলেন, শুরু হয়েছে লম্বা কাটের স্কার্টের চল। তাই থাকছে বিভিন্ন নকশার লম্বা কাটের স্কার্ট। এ ছাড়া রয়েছে টি-শার্ট, ডেনিম ও টপ। পোশাকের প্যাটার্নেও থাকছে ভিন্নতা। সামনে-পেছনে বেশি-কম কাপড়ের মিশেলে র্যা প ডিজাইন করা হচ্ছে। পোশাকের রং আর ডিজাইন এমনভাবে করা হচ্ছে, যাতে কমবয়সী মেয়েরা ক্যাম্পাস কিংবা বাইরের যেকোনো অনুষ্ঠানে পরতে পারে।
সুতি কাপড়ের তৈরি লম্বা ধাঁচের স্কার্টগুলো এ আবহাওয়ায় আরাম দেবে। আর সময়ের সঙ্গে নকশাতেও এসেছে নতুনত্ব। এগুলোর দাম ৫০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।

কামিজ
এই গরমেও থাকছে কটিসহ কামিজ। খাটো ও লম্বা দুই ধরনের কটিই থাকছে। কামিজের সঙ্গে লাগানো কিংবা আলাদা—সব রকমই পাওয়া যাচ্ছে। যেহেতু গরম, তাই প্রাধান্য দেওয়া হচ্ছে সুতি কাপড়ে। এ ছাড়া থাকছে ভয়েল ও লিনেন কাপড়। নকশায় ভিন্নতা আনার জন্য জর্জেট কাপড়ও ব্যবহার করা হচ্ছে। কাপড়ে রয়েছে ব্লক, প্রিন্ট ও টাইডাইয়ের কাজ। এই ডিজাইনগুলোয় হাইলাইট করার জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে হাতের কাজ। ছোট হাতা, ম্যাগি হাতা, হাতা কাটা কামিজ পাওয়া যাচ্ছে বাজারে। দাম ৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে।

টি-শার্ট ও টপ
কিশোরীদের অনেকেই টি-শার্ট, টপ বেশি পছন্দ করে। তাই বাজারে রয়েছে বিভিন্ন ডিজাইনের টি-শার্ট ও টপ। হালকা রং প্রাধান্য পেয়েছে এতে। দাম ৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।