পোশাকের নকশায় বৈচিত্র্য পছন্দ করি

ভারতীয় অভিনেত্রী শিনা চৌহান। বিপিএলের চতুর্থ আসরে উপস্থাপনা করছেন। এ ছাড়া ইয়ুথ ফর হিউম্যান রাইটসের দক্ষিণ এশিয়ার দূত তিনি। কাজের ব্যস্ততার জন্যই সব সময় আরামদায়ক পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে ক্যাজুয়াল নয়, তাঁর প্রতিটি পোশাকে থাকতে হবে নকশার বৈচিত্র্য। এ ক্ষেত্রে পোশাকের কাটছাঁটের প্রতি বিশেষ মনোযোগী তিনি। নকশার জন্য ছবি তোলার ফাঁকে বললেন, ‘সাধারণত যখন কোনো করপোরেট অনুষ্ঠানে যাই, তখন পোশাক-ব্যক্তিত্ব মিলিয়ে একটা আনুষ্ঠানিক ভাব আনার চেষ্টা করি। ঐতিহ্যবাহী উৎসব বা পারিবারিক অনুষ্ঠানে চিরায়ত সাজটা বেশি পছন্দ করি।’

শিনা চৌহানকে বিপিএলের মাঠে দেখা যাবে ভিন্ন ভিন্ন সাজে পোশাকে। এদিকে সমাজসেবামূলক কাজে যখন বের হন, তখন বেছে নেন ফরমাল পোশাক। যেমন শার্ট-প্যান্ট পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। খুব বেশি সাজতে ভালো না বাসলেও পোশাকের সঙ্গে মিলিয়ে চোখে আইলাইনার আর ঠোঁটে লিপস্টিক পরে থাকেন। সব সময়ই সব জায়গায় চুল খোলা রাখাটাই বেশি পছন্দ শিনা চৌহানের।