পোশাক
পোশাকে এখন যে কারণে শুধুই ফুলের নকশা
পোশাকে এ সময় প্রাধান্য পাচ্ছে ফুলের নকশা। সব ধরনের পোশাকেই দেশীয় ফুলের পাশাপাশি ফুটিয়ে তোলা হচ্ছে ভিনদেশি ফুলের সৌন্দর্য।
প্রকৃতিতে এখন চলছে বসন্তকাল। নতুন পাতা আর ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে চারদিক। চলতি পথেই দেখা মেলে পলাশ, শিমুল, কাঞ্চন, জবা, অর্কিড, কনকচাঁপা, দেবকাঞ্চন, পারিজাত, কনকলতাসহ নাম না-জানা আরও কত ফুল। বসন্ত-প্রকৃতির এই রূপের উচ্ছলতা এবার যেন পোশাকের ক্যানভাসকেও রাঙিয়ে যাচ্ছে।
স্প্রিং কালেকশন বা বসন্তকালীন পোশাক নিয়ে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গন বরাবরই সরগরম থাকে। এ বছরও ব্যতিক্রম নয়। বছরজুড়ে পোশাকের ক্যানভাসে কোনো রংগুলোর প্রাধান্য থাকবে, এই স্প্রিং কালেকশনগুলোতেই তা নির্ধারিত হয়ে যায়। কালেকশনগুলো দেখে মনে হচ্ছে, পোশাকের ক্যানভাসে এ বছর অর্কিড ফুলের নানা শেড, জলপাই রং, সমুদ্রনীল, মাখন ও আমের জুসের রঙের প্রাধান্য পাবে। পোশাকের ক্যানভাসে এই শেডগুলোই ফুলেল নকশায় দেখা যাবে।
করোনাকালে দীর্ঘ একটা সময় ঘরবন্দী থাকার কারণে মানুষের মনে একধরনের বিষণ্নতা কাজ করেছে। এখন কমে আসছে সংক্রমণ। চারদিকে একটা মুক্তির আমেজ। ফ্যাশনের জগতেও থাকছে এর প্রভাব। উজ্জ্বল রং মানুষকে উচ্ছল রাখে, প্রেরণা দেয়। অন্যদিকে বসন্তে চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকে নানা রঙের ফুল। সব মিলিয়ে প্রকৃতিজুড়ে একধরনের সতেজতা বিরাজ করে। তাই আন্তর্জাতিক অঙ্গন থেকে দেশীয় ফ্যাশন হাউস—সব জায়গাতেই চোখে পড়বে এই ফুলেল নকশার ছড়াছড়ি, এমনটাই বলছিলেন লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মুন্নুজান নার্গিস।
পথের ধারে ফুটে থাকা ফুল থেকে শুরু করে বসন্তের অভিজাত ফুল—ডিজাইনারদের নকশায় সবকিছুই মোটিফ হিসেবে প্রাধান্য পেয়েছে। প্রকৃতির এই বুনো সৌন্দর্য কখনো নকশা হয়ে ধরা দেয় সবুজ লতায়-পাতায়, আবার কখনো ফুলে ফুলে। কখনো পুরো পোশাকে, আবার কখনো পোশাকের এক কোণে। ক্লাব হাউসের নকশাবিদ আনিক ইসলাম বলছিলেন, করোনাভীতি অনেকটাই কেটে যাওয়ায় মানুষ এখন স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে। শুধু প্রকৃতিই নয়, মানুষের মনেও কাজ করছে শুভবোধ। এই ভাবনা থেকেই সামার বানাঞ্জা শিরোনামে সাজানো হয়েছে ক্লাব হাউসের স্প্রিং কালেকশন। অর্কিড আর জবা—এই দুই ফুলে সেজেছে পোশাকের ক্যানভাস।
রং থেকে শুরু পোশাকের মোটিফ—সর্বত্রই থাকছে ফুলেল নকশার ছড়াছড়ি। কাটছাঁটে গরমের বিষয়কে একটু প্রাধান্য দেওয়া হয়েছে। পোশাকের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে আরামদায়ক কাপড়।