প্রিন্স জর্জ কেন সব সময় খাটো প্যান্ট পরে?
প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সন্তান প্রিন্স জর্জ উইলিয়াম কেন সব সময় খাটো প্যান্ট পরে? কখনো খেয়াল করে দেখেছেন কি? এর পেছনে একটা কারণ আছে। সেই তথ্য ম্যাশাবলকে বলেছেন অ্যাটিকেট বিশেষজ্ঞ উইলিয়াম হ্যানসন। রাজপরিবারের ঐতিহ্য ধরে রাখতে খাটো প্যান্ট ও হাঁটু পর্যন্ত মোজা পরে প্রিন্স জর্জ। ১৬০০ শতাব্দী থেকে এই ধারা চালু করেছে ব্রিটিশ রাজপরিবার। প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারিও পরতেন।
ব্রিটিশ রাজপরিবারের পারিবারিক চিত্রকর্ম দেখলেও বিষয়টা বোঝা যায়। সেখানে প্রায় সব ছবিতেই দুই বছর বয়সের ছেলেশিশু ও তার থেকে ছোট বয়সের মেয়েশিশুরা গাউন পরে আছে। ১৭০০ ও ১৮০০ শতাব্দীতেও তিন-চার বছরের ছেলেশিশুরা ‘ব্রিচেস’ নামের একধরনের খাটো প্যান্ট পরত। সেই চল এখনো আছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরই ট্রাউজার পরতে পারেন তাঁরা। শুধু রাজপরিবারে নয়, ১৮০০ শতাব্দী থেকে ব্রিটিশ অভিজাত পরিবারগুলোতেও এই চল শুরু হয়। হ্যানসন জানান, এটা একটু উঁচু জাতের বিষয়-আশয়। যদিও অনেক মা চাইতেন, তাঁদের ছোট্ট ছেলেটি এমন খাটো প্যান্ট না পরে বড়দের মতো প্যান্ট পরুক। ব্রিটিশ নিয়ম বলে কথা। সহজে কি বদলায়!