ফুলে বানানো বিয়ের ওড়না

শাড়ি, গয়না থেকে সাজগোজ—বিয়ের সব অনুষঙ্গেই এখন একটু ভিন্নতা খোঁজেন সবাই। গয়না, শাড়ি, সাজে কয়েক বছর ধরেই লক্ষ করা যাচ্ছিল এই পরিবর্তন। তবে এই বছর কনের সাজে বেশি আলোচনায় এসেছে ওড়নায় নকশা। কিছুদিন আগে বলিউড অভিনেত্রী পত্রলেখা পালের বিয়ের ওড়নায় লেখা ‘আমার পরান ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’—এই পঙ্‌ক্তি ওড়নার নকশায় এনেছে নতুন ধারা। এখন ওড়নার নকশা নিয়েও তাই ভাবতে শুরু করেছেন ডিজাইনাররা। কখনো খাঁটি মসলিন কাপড়ে কাতান পাড়ের ব্যবহারে, আবার কখনো শুধু ফুল দিয়েই অনেকে তৈরি করছেন বিয়ের ওড়না।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহজে ঝরে যাবে না, এমন ফুল ওড়নায় ব্যবহার করতে হবে। মডেল : কানিজ
ছবি: নকশা

তাজা ফুল দিয়ে তো গড়া হয় হলুদের গয়না। ভাবুন তো কনের সাজে আপনার পুরো ওড়নাটি যদি হয় ফুলের? এ ধরনের ওড়নার ব্যবহার কনের সাজে আনে ভিন্ন মাত্রা। যে ফুলগুলো সহজে ঝরে যাবে না—এমন ফুল ওড়নায় ব্যবহার করতে হবে। এ ধরনের ওড়না ব্যবহারের সময় আরও বিশেষ কিছু দিকে খেয়াল রাখতে হবে। যেমন কনে মঞ্চে বসার পর সাবধানে ওড়নাটা মাথায় দিতে হবে। ফুলের ওড়না একটু ভারী হয়, তাই এ ধরনের ওড়না ব্যবহার করলে নতুন কনের চুল টেনে বেঁধে নেওয়াই ভালো।

একটি শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে এবং অপরটি কনট্রাস্ট রঙের ওড়না নির্বাচন করুন। মডেল: বুবলী
ছবি: নকশা

কনের সাজে সাধারণত একটি ওড়নার ব্যবহার হয়ে থাকে। দুটি ওড়নার ব্যবহারে কনের সাজে আসতে পারে নতুনত্ব। দুটি ওড়না বাছাইয়ের সময় একটি শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে এবং অপরটি কনট্রাস্ট রঙের ওড়না নির্বাচন করুন। ওড়নাগুলো এক রঙের হলে ভালো। প্রতিটি ওড়নার পাড়ে বসিয়ে নিতে পারেন দুই ধাপের কাতান লেস।

ওড়নাটি একটু ভিন্ন মাত্রায় উপস্থাপন করতে ব্লক করে নিন। মডেল: মিলি
ছবি: নকশা

বিয়েতে লাল শাড়ি আর ওড়নার সৌন্দর্য তো চিরায়ত। লাল বেনারসির সঙ্গে মানিয়ে যাবে মসলিনের এই লাল ওড়নাটি। তবে ওড়নাটি একটু ভিন্ন মাত্রায় উপস্থাপন করতে চাইলে পাড়ে লেস লাগিয়ে পুরো ওড়নায় ব্লক করে নিন। ব্লকে কলকি মোটিফের নকশা ব্যবহার করতে পারেন। এ ধরনের ওড়নার ব্যবহার কনেকে অন্য কনেদের চেয়ে ভিন্ন করতে সাহায্য করবে।