ফেসবুক কর্নার

ছবি
বন্ধু হিসেবে আমি খুব উপকারী। একবার গণিত পরীক্ষায় আমার অতিপ্রিয় লাট্টুগুট্টু–টাইপ এক বন্ধুকে পুরো উপপাদ্য দেখিয়ে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করলাম। উপপাদ্য দেখে দেখে সে পুরোটাই লিখে ফেলল। একসময় খেয়াল করলাম, ও উপপাদ্য লিখেছে ঠিকই, কিন্তু চিত্র আঁকেনি। আমি ওকে বললাম, ‘ওই, ছবি আঁক।’ লেখায় মগ্ন বন্ধুটি হ্যাঁ–সূচক মাথা নাড়ল। পরীক্ষা শেষে জিজ্ঞেস করলাম, ‘উপপাদ্যে ছবি ঠিকমতো দিয়েছিলি?’ সে আকাশ থেকে পড়ল, ‘তুই তো আমাকে ছবি আঁকতে বলিস নাই!’ তীব্র প্রতিবাদ জানালাম আমি, ‘তোকে না বললাম আঁকতে!’ উল্টো প্রতিবাদ করল ও, ‘মিথ্যা কথা বলবি না! তুই তো আমাকে “ওই কলমি শাক” বলে খোঁচা মারলি! ছবি আঁকতে বললি কখন!’
ফাবিহা হোসেন
ছোট ভাইয়ের বড় যন্ত্রণা
বাইরে বের হব, এমন সময় দেখি টেবিলের ওপর পঞ্চাশ টাকা রাখা। সকালের শুরুতেই ফাউ টাকা পেয়ে বুঝলাম, ভাগ্য আজ সুপ্রসন্ন। টাকাটা পকেটে রাখতে গিয়েই খেয়াল করলাম, ছোট ভাই আমার কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। ওকে বললাম, ‘শোন, আম্মুকে বলবি না। তাহলে বকা দেবে। তোর জন্য চকলেট কিনে নিয়ে আসব। কেমন?’ ছোট ভাই মাথা কাত করল। এমন সময় রুমে ঢুকল আম্মু। টেবিলের ওপর চোখ পড়তেই জিজ্ঞেস করল, ‘এখানে পঞ্চাশ টাকা রেখেছিলাম, সেটা গেল কই?’ ছোট ভাই ফট করে বলে বসল, ‘আম্মু, টাকা কই, তা তো আমরা জানি না। টাকা কই জানলে ভাইয়া চকলেট দেবে না আর তুমি ভাইয়াকে বকা দিবা!’
নাছিমুল নয়ন
ব্যর্থ কবি
টেবিল গুছিয়ে দেওয়ার সময় মা আমার খাতায় লেখা দেখলেন, ‘মৃত্যু মুক্তি দেয় না যাহাকে, প্রেম তার মহামুক্তি’। সেটা দেখে চিন্তিত ভঙ্গিতে বললেন, ‘প্রেম নিয়ে এইসব ছাইপাঁশ কবিতা লেখার চেষ্টা করছিস বলেই তো পরীক্ষায় কিছু লিখতে পারিস না…।’ মাকে থামিয়ে দিয়ে বললাম, ‘ওটা আমার লেখা ছাইপাঁশ কবিতা নয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা!’
তানভির আনজুম
তেলাপোকা
জেএসসি পরীক্ষা হলো তেলাপোকার মতো। কাছে গেলে দূরে সরে যায়। আর মাঝে মাঝে হঠাৎ করেই উড়ে চলে আসে!
সানজিদ আজিজ
গ্রন্থনা: ফাহমিদা আলম