ফ্যাশনে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণদের পোশাকে দেখা যায় বাংলাদেশের সাফল্য আর বীরত্বগাথা। মডেল: বেনজির ও আশা, টি–শার্ট: সেইলর ও লারিভ, সাজ: পারসোনা, ছবি: কবির হোসেন
তরুণদের পোশাকে দেখা যায় বাংলাদেশের সাফল্য আর বীরত্বগাথা। মডেল: বেনজির ও আশা, টি–শার্ট: সেইলর ও লারিভ, সাজ: পারসোনা, ছবি: কবির হোসেন

একটা চল আছে। ভিনদেশে পাড়ি জমানোর আগে বাংলাদেশিরা ব্যাগে সিদ্দিকা কবীরের রান্না খাদ্য পুষ্টি বইটা নিতে ভোলেন না। নতুন একটা চলের কথাও শোনা যাচ্ছে। ভিনদেশে পাড়ি জমানোর আগে বাংলাদেশিরা নাকি ব্যাগে লাল-সবুজ রঙের একটা টি-শার্ট নিতেও ভোলেন না! সত্য-মিথ্যা প্রমাণের জন্য দরকার জরিপ। তবে মামুলি জরিপ দিয়ে কি আর দেশপ্রেমের উষ্ণতা মাপা যায়?
তাই তো কদিন আগে যুক্তরাষ্ট্রের হিমশীতল পরিবেশকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন আরশাদ রহমান; তুষারপাতের শুভ্র দিনে পরেছিলেন লাল-সবুজ টি-শার্ট। আর সেসব ছবি দিয়েছিলেন ফেসবুকে। বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্রে গেছেন আরশাদ নামের এই তরুণ, পড়াশোনার জন্য। ফেসবুকে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। এমন পাগলামির কারণ কী? হাসির ইমো দিয়ে আরশাদ লিখলেন, ‘দেশের বাইরে থাকলে বুঝি, দেশ আসলে কী! সেদিন মন খুব খারাপ ছিল। দেশ, দেশে থাকা আপনজনদের কথা খুব মনে পড়ছিল। তাই বলতে গেলে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ

ফতুয়া: দেশাল
ফতুয়া: দেশাল

আরশাদের উত্তরটা পড়ে আমাদেরও মন ভালো হয়ে যায়। যেমন মন ভরে যায় ক্রিকেটে বাংলাদেশ ভালো করলে। এখানেও ওই পোশাকের ব্যাপারস্যাপার চলে আসে। বাংলাদেশের ম্যাচ মানেই তো পথে বেরোলে লাল-সবুজ জার্সির মুক্ত প্রদর্শনী! আর গ্যালারির দৃশ্যের বর্ণনা না-ইবা দিই। মোট কথা এখন আমাদের কাছে পোশাক যেন দেশপ্রেম প্রকাশের অন্যতম ক্যানভাস! কথা হচ্ছিল ফ্যাশন হাউস নিত্য উপহারের কর্ণধার বাহার রহমানের সঙ্গে। লাল-সবুজের ওই টি-শার্টটি জনপ্রিয় করার কারিগর বলা যায় যাঁকে। কেবল ওই টি-শার্টই নয়, নিত্য উপহার এ ধরনের আরও অনেক পোশাক তুলে দিয়েছে ক্রেতাদের হাতে। কেমন সাড়া পান এই পোশাকগুলো যখন শোরুমে ওঠে? বাহারের কণ্ঠে ভালো লাগার প্রকাশ, ‘দেশ নিয়ে এই পোশাকগুলোর ব্যাপারে আগাগোড়াই তুমুল উৎসাহ দেখেছি তরুণদের মধ্যে। একটা সময় ছিল, যখন চাইলেও দেশ নিয়ে এসব পোশাক খুব একটা পাওয়া যেত না। দেশের বাইরে থেকে অনেক পোশাকই আমদানি করি আমরা, কিন্তু দেশপ্রেম তো আমদানি করা যায় না। তাই আমরা চেষ্টা করেছি নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি, রং, কাপড় যেন ক্রেতাদের নাগালে যায়। এর জন্য চিন্তাভাবনা ও পরিশ্রম ছিল শিল্পী থেকে শুরু করে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মীদের। দিন যত যাচ্ছে দেশীয় পোশাকের প্রতি মানুষের আগ্রহ ততই বাড়ছে।’
আগ্রহ বাড়ছে, কমতি নেই জোগানেও। দেশে এখন অনেক ফ্যাশন হাউস। যাদের অধিকাংশেরই পোশাকে উঠে আসে দেশের ছবি। হতে পারে সেটা লাল-সবুজ পতাকা, টেপা পতুল, গর্জনরত বাঘ, কবি ও তাঁদের কবিতা কিংবা ক্রিকেটারদের মুখ। লা রিভ যেমন বাজারে ছেড়েছিল সাকিব আল হাসানের ছবি ও তাঁর ক্যারিয়ারের হিসাবপত্তর-সংবলিত টি-শার্ট। তারপর দিন গড়িয়েছে, সাকিব আরও রান করেছেন, তুলে নিয়েছেন আরও উইকেট। ওই টি-শার্ট রয়ে গেছে এখনো নতুন।

টি–শার্টে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। মডেল: বাপ্পি
টি–শার্টে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। মডেল: বাপ্পি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরানের মত এটা, ‘সাকিব নতুন অনেক রেকর্ড করবেন, এটা জানি। তবে পুরোনো রেকর্ড নিয়ে করা ওই টি-শার্টটা এখনো নতুন। আমি সাকিবের বড় ফ্যান। ওটা পরলেই খুব ভালো লাগে।’
লা রিভের হেড অব ডিজাইন মুন্নুজান নার্গিস বললেন, ‘ক্রিকেট এবং সাকিব আল হাসান—দুটিই জনপ্রিয় বিষয়। ফলে টি-শার্টটি তুমুল জনপ্রিয় হয়েছিল। নিজেদের জিনিস ব্যবহার করার তুলনা আর কিছুর সঙ্গে হয় না। নিজেদের গর্বের বিষয়গুলো প্রকাশে দারুণ আনন্দ কাজ করে। তরুণেরা এই টি-শার্ট সাদরেই গ্রহণ করেছে, কারণ, আমরা সবাই দেশকে ভালোবাসি। প্রতিটি অঙ্গনে, প্রতিটি কাজে এই দেশপ্রেম থাকলে আমরা আরও উন্নতি করব।’
কেবল পোশাক পরলেই দেশপ্রেমের প্রকাশ হয় না—এটাও সত্যি কথা। যেটা বলছিলেন সদ্যই পড়াশোনার পাট চুকিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দেওয়া সামিয়া বিনতে একরাম। তবে বিষয়টিকে মোটেও নেতিবাচকভাবে নিচ্ছেন না এই তরুণ। তাঁর কথায়, ‘দেশপ্রেমের প্রকাশ হওয়া উচিত আমার কাজে। তবে আমার পোশাকে যখন দেশ থাকে, তখন গর্ব হয়। এটাই আমাদের চালিকাশক্তি। আমাদের ইতিহাস-ঐতিহ্য গর্ব করার মতো। মনের পাশাপাশি পোশাকেও সেটা ধারণ করলে জাতি হিসেবে আমরা আরও উন্নতি করব।’
ইতিহাস-ঐতিহ্যের কথা যখন উঠল, তখন নবীন ফ্যাশন হাউস সেইলরের নতুন কতগুলো টি-শার্টের কথায় আসা যায়। আমাদের সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে টি-শার্ট এনেছে প্রতিষ্ঠানটি। বাজারে পোশাক আনলে ফ্যাশন হাউসগুলো মডেলদের দিয়ে ফটোশুট করায়। তারপর সেই ছবিগুলো প্রকাশিত হয় নানা মাধ্যমে। মজার বিষয় হলো সেইলর সে পথে হাঁটেনি। কেন? উত্তর দিলেন সেইলরের বিজনেস ম্যানেজমেন্ট হেড রেজাউল কবির, ‘টি-শার্টের বিষয়, মানে সাত বীরশ্রেষ্ঠই তো বড় রোল মডেল আমাদের কাছে! ফলে এই টি-শার্টগুলোর প্রচারণার জন্য মডেল নিইনি আমরা। আমাদের বিশ্বাস ছিল, টি-শার্টগুলো এমনিতেই তরুণদের কাছে প্রিয় হয়ে উঠবে। আমাদের বিশ্বাস সত্যি হয়েছে। খুব অল্প সময়ে তুমুল সাড়া পেয়েছি আমরা।’
ফ্যাশন হাউস দেশালের ডিজাইনার ইশরাত জাহান বলছিলেন পোশাকে দেশীয় উপকরণ ব্যবহার প্রসঙ্গে। শুরু থেকে তাঁত নিয়ে কাজ শুরু করেছিল দেশাল। ডিজাইন, রং ও বিষয়েও দেশের ছাপ রেখে চলেছে তারা। ইশরাত বললেন, ‘পোশাকে দেশীয় উপকরণ ব্যবহারও তো দেশপ্রেমের উদাহরণ। আমরা ক্রেতাদের শুধু পোশাকই দিই না, একটা বার্তাও থাকে সঙ্গে। দেশের কাপড় ও কাঁচামাল দিয়ে তৈরি পোশাক দেশপ্রেমের বার্তাই দেয়। বিশেষ করে তাঁতের কথা বলব। আমরা শুরু থেকেই তাঁত নিয়ে কাজ করছি। মানুষও দারুণ আগ্রহী এ ধরনের পোশাকের ব্যাপারে। দেশের পোশাকে ভালোবাসাও জড়িয়ে থাকে।’
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে নিয়ে একটা টি-শার্ট করেছে নিত্য উপহার। কবির নামের মতোই টি-শার্টের রং রুদ্র। কবির শরীরজুড়ে বাংলা শব্দ। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ লিখেছিলেন, ‘চলে যাওয়া মানে প্রস্থান নয়—বিচ্ছেদ নয়/ চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী/ চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে/ আমার না-থাকা জুড়ে।’
কবির ধারণা মিথ্যে হয়নি। সত্যিই তো, কবির ‘অধিক কিছু’ থেকে গেছে! নাহলে তাঁর ছবি-আঁকা টি-শার্ট তরুণেরা ভালোবেসে গায়ে জড়াবে কেন? যেমনটা জড়ায় লাল-সবুজ রঙের পোশাক!

বাংলাদেশ ক্রিকেটের প্রতীক বাঘ কিংবা জনপ্রিয় কবি ও কবিতা—উঠে আসে টি–শার্টের নকশায়। টি–শার্ট: নিত্য উপহার
বাংলাদেশ ক্রিকেটের প্রতীক বাঘ কিংবা জনপ্রিয় কবি ও কবিতা—উঠে আসে টি–শার্টের নকশায়। টি–শার্ট: নিত্য উপহার