
বুনো পায়রার ডাক গুহার মুখে! চিঁচিঁ করছে ঝিঁঝি পোকা, ডাকছে কয়েক রকম পাখিও। আলো আর অন্ধকার গুহা দিয়ে সেসব শব্দ কানে নিয়েই বনের মধ্যে ঢুকে পড়লাম। ঝুরি ছড়িয়ে দাঁড়িয়ে থাকা বটগাছ, তরতাজা আমগাছ, সুপারির সারি, লতাগুল্ম—কী নেই সেখানে? একটা সরু আঁকাবাঁকা পথও আছে বনের মধ্যে। সেটাই কিছুক্ষণের মধ্যে হয়ে উঠল ফ্যাশন শোর মঞ্চ—রানওয়ে।

১৩ মে সন্ধ্যায় রাজধানীর হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের বলরুমের রূপান্তর নজর কেড়েছে দর্শকদের। আড়ং তাদের ২০১৭ সালের সংগ্রহ নিয়ে হাজির হয়েছিল বনের পরিবেশে। ‘ফ্যাশন শো ২০১৭’ শিরোনামের এই আয়োজনে ৯টি কিউতে পোশাক, গয়না ও ব্যাগের সংগ্রহ তুলে ধরা হয় মঞ্চে। এখানে আনুষ্ঠানিকভাবে আড়ং তাদের নতুন লাইনআপ ‘হার স্টোরি’-র পোশাকও তুলে ধরে।

ফ্যাশন শোতে গোল্ড প্লেটেড, রুপা, মুক্তা ও নানা উপাদানে তৈরি গয়নার সংগ্রহ দেখানো হয়। ছিল বিশেষ কাটে তৈরি মেয়েদের কুর্তা, যা লেগিংস, প্যান্ট বা পালাজ্জোর সঙ্গে পরা যাবে। সিল্কের শাড়িতে নানা ধরনের নকশা দেখানো হয় শোতে। তার সঙ্গে মিলিয়ে হাতা কাটা, খাটো হাতা ও কাঁধ খোলা ব্লাউজ। রিকশাচিত্র ও কাঁথার ফোঁড়ের নকশায় তৈরি শাড়ি, কামিজ, কটি ও জ্যাকেটের সংগ্রহ নিয়ে রানওয়েতে তুলে ধরা হয় হার স্টোরি। রিকশার ফুল, পাখি, লতাপাতা ও কাঁথার ঘন ফোঁড়ের নকশা করা হয়েছে তাতে।
চিত্রকর্ম ও মোগল স্থাপত্যের নকশায় সাজানো হয়েছে আড়ংয়ের এবারের ঈদ সংগ্রহ। ছেলে ও মেয়েদের ঈদ পোশাকের এক ঝলকও উঠে এল ফ্যাশন শোর শেষ কিউগুলোতে। ছেলেদের পাঞ্জাবিতে মোগল ঘরানার কাট, মেয়েদের শাড়ি ও কামিজে ছিল নানা রকম চিত্রকর্ম।
আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে সাজানো এই ফ্যাশন শোর বিরতিতে গান শুনিয়েছে ব্যান্ড দল চিরকুট ও দলছুট। ফ্যাশন শোর নেপথ্য বর্ণনায় ছিলেন অভিনেত্রী ও উপস্থাপক নাবিলা। আড়ংয়ের জনসংযোগ ও যোগাযোগ বিভাগের পক্ষে কাজি রুবাইয়া ইসলাম বলেন, ‘ক্রেতাদের সঙ্গে নতুন পোশাকগুলোর পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন।’
ফ্যাশন শোতে দেখানো পোশাকগুলো ২৫ মে পর্যন্ত আড়ংয়ের গুলশান শাখায় পাওয়া যাবে।