
আগে রিয়েলিটি শোগুলোতে প্রতিযোগীকে একটা মুঠোফোন নম্বর থেকে সর্বোচ্চ দুটো এসএমএস করা যেত। এখন এসএমএস করা যায় যত খুশি তত।
এই যে যত খুশি তত এসএমএস, এটাকে আপনি কীভাবে দেখেন?
আমি উঁকি মাইরা দেখি। কারণ উঁকি মাইরা অন্যের এসএমএস দেখার মধ্যে একটা মজা আছে।
আগে নিজের দামি মুঠোফোনটা মানুষকে দেখানোর জন্য বারবার পকেট থেকে বের করতে হতো। এখনকার দামি মুঠোফোনগুলো সাইজে এত বড় যে পকেটে আর ধরে না। তাই সহজেই অন্যের চোখে পড়ে।

যে মোবাইল ফোন পকেটে ধরে না, সেই মোবাইল ফোন চালানোর দরকারটা কী?
তাইলে কম্পিউটার চালানিও বন্ধ কইরা দেন। কারণ কম্পিউটারও তো পকেটে ধরে না।
আগে যখন মুড়ির টিনমার্কা বাসগুলো নতুন ছিল, তখন কেবল দরজা দিয়েই ওঠানামা করতে হতো। এখন গ্লাস একটাও আস্ত না থাকায় জানালা দিয়েও ওঠানামা করতে পারি।
গাড়ির জানালা দিয়া ওঠানামা করা কিন্তু খুবই রিস্কি। দরজা দিয়া ওঠানামা করেন।
ধুর, দরজা দিয়া তো হেলপার ওঠানামা করে। আমি হেলপার নাকি! ওঠানামায় স্বাতন্ত্র্য বজায় রাখতে হইব না?

‘দেয়ালে লেখা নিষেধ’ লেখা দেখে আগে আমরা খানিকক্ষণ ভাবতাম, তারপর সিদ্ধান্ত নিতাম লিখব কি লিখব না। এখন আর ভাবাভাবির সময় নেই। ফেসবুক ‘ওয়ালে’ লিখে চলেছি অবিরাম।
ফেসবুকের ওয়ালে আমরা এত আলতুফালতু কথা লিখি কেন?
বেশি বেশি না লিখলে হাতের লেখা সুন্দর হইব কেমনে?

অনেক অনেক আগে আমরা চাল কিনলে শুধু চালই পেতাম। এখন চালের সঙ্গে পাথরের গুঁড়াও পাই। যেগুলো জমিয়ে জমিয়ে অনায়াসে ছাদ ঢালাই করা সম্ভব।
দোকানদার ভাই, আপনারা যে চালের সঙ্গে পাথর মেশান, এইটা কি ঠিক?
আমি গরিব দোকানদার। আমার আসলে চালে পাথর মেশানোর সামর্থ্য নাই। আমি সস্তায় ইট কিন্না ইটের গুঁড়া মিশাই।

আগে রস+আলো বিছিয়ে বসার সময় টেনশনে থাকতে হতো পিনের খোঁচা লাগে কি না। এখন রস+আলোয় পিন নেই, খোঁচা লাগার ভয়ও নেই।
রস+আলোর পিনের খোঁচা লাইগা আমার তিন–চারটা প্যান্ট ছিঁড়ছে।
সেই থেইকাই মনে হয় ছিঁড়া আর তালিওয়ালা প্যান্টের ইস্টাইল চালু হইছে। ঠিক কিনা?