বর্ষাযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষার এই সময়ে রোদ-বৃষ্টি দুটোই সব সময়ের সঙ্গী, সাজপোশাকে সেই প্রস্তুতি থাকা ভালো। মডেল: ওশিন ও তাজ্জি, সাজ: মিউনিস ব্রাইডাল, পোশাক: ষ্মার্টেক্স, ছবি: কবির হোসেন
বর্ষার এই সময়ে রোদ-বৃষ্টি দুটোই সব সময়ের সঙ্গী, সাজপোশাকে সেই প্রস্তুতি থাকা ভালো। মডেল: ওশিন ও তাজ্জি, সাজ: মিউনিস ব্রাইডাল, পোশাক: ষ্মার্টেক্স, ছবি: কবির হোসেন

বর্ষা মানে বৃষ্টির পানিতে ভেজা মাটির সোঁদা গন্ধ, কদম ফুল, ঝিল-বিলে ফোঁটা শাপলা, দিগন্তজোড়া মাঠে থই থই করা অথৈ পানি, টিনের চালে ঝুমঝুম শব্দে ঝরেপড়া বৃষ্টির ছন্দ। শহুরে জীবনে আকাশছোঁয়া ভবনের ভিড়ে বর্ষার এই আগমন তেমন চোখে পড়ে না। শহরে বর্ষা মানে অঝোর ধারার বৃষ্টি, রাস্তায় জমে থাকা পানি, আর যানজটে স্থবির জনজীবন। বর্ষার এসব বিড়ম্বনা তো আছে, তারপরও শহুরে মানুষের মন কিন্তু ঠিকই আর্দ্র হয়ে ওঠে বর্ষার জলধারায়।

এলোমেলো আবহাওয়ায় রিকশায় ঘুরে বেড়ানো
এলোমেলো আবহাওয়ায় রিকশায় ঘুরে বেড়ানো

নগরজীবনে ঋতুর সঙ্গে সঙ্গে পোশাকের রং বদলও এখন চলতি ফ্যাশনের ধারা হয়ে গেছে। পোশাক গায়ে জড়িয়েই যেন অনুভব করা হয় ঋতুটাকে। একটা সময় ছিল যখন বর্ষার পোশাক মানেই নীল রংকে বোঝানো হতো। এখন নীলের পাশাপাশি সবুজ, কমলা, ধূসর রংও দেখা যায় পোশাকে। প্রকৃতি থেকে পোশাকের রং বেছে নেন দেশালের ডিজাইনার ইসরাত জাহান। বলেন, একেক ঋতুতে প্রকৃতি একেক রঙে দেখা দেয়। যেমন বর্ষায় জলভরা ধূসর মেঘ, বৃষ্টিতে ধোয়া গাঢ় সবুজ পাতা, ভেজা ভেজা মাটির পথ—সবকিছুতেই থাকে নতুন রঙের আবহ। নীলের পাশাপাশি এখন তাই এ রংগুলোও প্রাধান্য দেওয়া হয় পোশাকে।

খোলা বা বাঁধা চুলে থাকুক ফুলের ছোঁয়া
খোলা বা বাঁধা চুলে থাকুক ফুলের ছোঁয়া

রোদ দেখে হয়তো বের হলেন, মাঝপথেই নামল ঝুমবৃষ্টি। তাই সুতি পোশাকটা এই সময় এড়িয়ে যাওয়াই ভালো। এই সময়টায় পোশাকের কাপড় জর্জেট বা শিফন হলে ভালো হয়। এগুলো পানিতে ভিজলেও দ্রুত শুকিয়ে যায়।

িখচুড়ি ছাড়া বর্ষা িক জমে! মডেল: ইমরান ও িলউয়ানা
িখচুড়ি ছাড়া বর্ষা িক জমে! মডেল: ইমরান ও িলউয়ানা

পোশাকের মতো জুতাটাও পানি নিরোধক হওয়া চাই। এ ক্ষেত্রে সিনথেটিক উপাদানের জুতা ব্যবহারের পরামর্শ দিলেন অ্যাপেক্সের মার্চেন্ডাইজিং বিভাগের উপব্যবস্থাপক মাকসুদা কাদের। রাবার বা পিভিসি উপাদানের জুতাও পরতে পারেন। বৃষ্টিতে ভিজলেও এই ধরনের জুতা সহজে নষ্ট হয় না এবং দ্রুত শুকিয়ে যায়।

বর্ষায় ঝক্কি কমায় জর্জেটের শাড়ি। শাড়ি: স্বপ্ন লাইফ
বর্ষায় ঝক্কি কমায় জর্জেটের শাড়ি। শাড়ি: স্বপ্ন লাইফ

এ সময় রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ছোট শিশুর হাতে দোলনচাঁপা, বেলি আর কদম ফুল যেন পুরো শহরজুড়ে ছড়িয়ে দেয় বর্ষার বার্তা। রূপবিশেষজ্ঞ তানজিমা শারমীন বলেন, এই সময় চুলে একটা ফুল তো জড়িয়ে নিতে পারেন। খোলা চুল বা বাঁধা—যেকোনো সাজেই ফুল আনবে বর্ষার আমেজ।

সাজপোশাকে বর্ষার ছোঁয়া আনার পাশাপাশি ঘরের কোণেও যদি একটু বর্ষাযাপনের আয়োজন করা যায়, তবে মন্দ কি? শহরে ফ্ল্যাটবাড়ির ভিড়ে বৃষ্টি দেখার সুযোগ খুব কম। অন্দরসজ্জাবিদ গুলশান নাসরীন চৌধুরী বলেন, নিজের বাসার জানালার ধারেই যদি বর্ষার গান শোনা বা বই পড়া যায়; ঝালমুড়ির সঙ্গে গরম কফি খাওয়ার আয়োজন করা যায়, তাহলে তো আর কথাই নেই। বারান্দা কিংবা জানালার সামনে দুটি চেয়ার বসিয়ে দিন। সামনে একটা ছোট টেবিলে মাটির পাত্রে কিছু ফুল রেখে দিতে পারেন। এ সময়টায় গাছ খুব ভালো বাড়ে। এ জন্য জানালায় ছড়িয়ে দিন লতানো কোনো গাছ। পুব দিকের বাতাসটা যেদিকে বইবে, সেদিকে উইন্ড চাইম ঝুলিয়ে দিতে পারেন। যখন বৃষ্টি হবে, তখন বাতাসে উইন্ড চাইম থেকে ভেসে আসা শব্দ বাড়িতে আনবে বর্ষার আমেজ।

বর্ষা-বাদল আর খিচুড়ি যেন একটা আরেকটার পরিপূরক। জীবনযাপনে বর্ষা জমাতে এক খিচুড়িই যথেষ্ট। খিচুড়ি খাওয়া নিয়ে মজার এক গল্প শোনালেন রন্ধনশিল্পী সিতারা ফিরদৌস। বর্ষাকালে বাংলাদেশের গ্রাম অঞ্চলে নদী-নালা, খাল-বিল ভরে উঠত পানিতে। সেই পানি গড়াত বাড়ির উঠান পর্যন্ত। সেই সময় কাঠ দিয়ে সারা হতো রান্নার কাজ। বৃষ্টি আর নদীর পানিতে কাঠ ভিজে গেলে রান্না করা বেশ কঠিন হয়ে পড়ত। রান্না যাতে তাড়াতাড়ি হয়, সে জন্য চাল-ডাল-সবজি—সব একসঙ্গে মিশিয়ে চুলায় বসিয়ে দেওয়া হতো। তৈরি হতো খিচুড়ি। সেই খিচুড়ি শহুরে সংস্কৃতিতে বর্ষার খাবার হিসেবে যুক্ত হয়েছে।

নীলের পাশাপাশি উজ্জ্বল সব রংও পোশাকে ভালো লাগে। শাড়ি: অন্যমেলা
নীলের পাশাপাশি উজ্জ্বল সব রংও পোশাকে ভালো লাগে। শাড়ি: অন্যমেলা

বসন, চুলে জড়ানো বেলি ফুল, খিচুড়ি আর রবি ঠাকুরের গান—নগরজীবনে এসব নিয়েই চলে বর্ষাবন্দনা। এরই মাঝে হঠাৎ দেখলেন আকাশজুড়ে কালো মেঘের ঢল, মনটা যেন বাধা মানতে চাইছে না আর চার দেয়ালের গণ্ডিতে। কিন্তু ভাবছেন প্রকৃতির কাছে হারিয়ে যাবেনই বা কোথায়। ঢাকা শহরে সবুজের দেখা না পাওয়া গেলেও অনেক পরিচিত জায়গা এই সময় সেজে ওঠে অনন্য সাজে। বৃষ্টিভেজা বিকেলে রমনা, টিএসসি বা সোহরাওয়ার্দী উদ্যান যে রূপ নেয়, তা যেন কিছুক্ষণের জন্য মনে এনে দেওয়া স্বর্গীয় এক অনুভূতি।

ঢাকায় বসে গ্রামের বর্ষার আমেজ পাওয়া যাবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েও। অনুমতি নিয়ে সেখানে গেলে দেখা যাবে মেঠোপথে কাদা-মাটির ছড়াছড়ি, ঘাসের বুকে বুকে ঝিরিঝিরি বাতাস, গাছে গাছে বর্ষার ফুল এই শহরে আপনাকে জানাবে একটু বর্ষা ছোঁয়ার আমন্ত্রণ।