বাইরে অন্দরে পরিপাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিপাটি সাজে চিরচেনা মিতা চৌধুরী। ছবি: কবির হোসেন
পরিপাটি সাজে চিরচেনা মিতা চৌধুরী। ছবি: কবির হোসেন

৩০ বছর যেখানে কাটিয়েছেন সেখানে ছিল নীল জলের খেলা। এখন ঢাকার বাড়িতেও জল-প্রকৃতির ছোঁয়া রেখেছেন অভিনেত্রী মিতা চৌধুরী। পোশাকে আরামকেই প্রাধান্য দেন। ভালোবাসেন পরিপাটি থাকতে।

ইংলিশ চ্যানেলের ছোট্ট দ্বীপ গার্নজি। চারদিকে নীল জলের খেলা। সকাল-সন্ধ্যা সারাক্ষণ স্বপ্নিল পরিবেশ। চাকরির কারণে স্বামী-সন্তান নিয়ে এখানেই দীর্ঘ ৩০ বছর কাটিয়েছেন অভিনেত্রী মিতা চৌধুরী। সেখানে ঘরটাও সাজিয়েছিলেন মনের মতো করে। চাকরি শেষে স্বামীকে নিয়ে কয়েক বছর ধরে বাস করছেন ঢাকায়। তবে ফি বছর একবার ফিরে যান সেই দ্বীপে। জানানোর ফাঁকেই মিতা চৌধুরী বললেন, ‘কেমন রোমান্টিক জায়গা একবার ভাবুন!’

অনুষ্ঠানে বেছে নেন শাড়ি
অনুষ্ঠানে বেছে নেন শাড়ি

তবে ধানমন্ডিতে আমরা যে ফ্ল্যাটে বসে কথা বলেছি, সেটাও তো কম রোমান্টিক না। দখিনের লম্বা বারান্দায় নানা ধরনের লাল ফুল আর কচি পাতায় ভরা গাছ। মাঝেমধ্যে সেখানে বুলবুলি ও চড়ুইপাখি এসে ডাকছে। সামনে একটা লম্বা কাচের দরজা। এরপর বেতের চেয়ারে সাজানো বসার ঘর। এক পাশে বড় গোলমাটির পাত্রে লাগানো ছোট্ট ঝরনায় পানির টুপটাপ। এধারে-ওধারে নানা ধরনের মৃৎপাত্র সাজানো। সব মিলিয়ে দারুণ নির্জনতা।
বাইরের মিতা চৌধুরীর মতো অন্দরের মিতাও সমান পরিপাটি। প্রতিদিনের পোশাকে তিনি আরাম খোঁজেন সবার আগে। তবে দেশভেদে পোশাকের ধরন পাল্টে যায়। শীতে সাধারণত জিনস আর লম্বা হাতার টি-শার্ট বা ফতুয়া পরেন। এ ছাড়া বিশেষ কোনো অনুষ্ঠানে গেলে শাড়ি পরার চেষ্টা করেন। সুতি শাড়িতেই তিনি বেশি স্বচ্ছন্দ্য। একসময় অনেক বড় চুল থাকলেও এখন চুলের ছাঁটে এনেছেন পরিবর্তন। কাঁধ পর্যন্ত ছাঁটা চুল মাঝেমধ্যে ক্লিপে আটকে নেন। রাতের পার্টিতে গেলে একটু জমকালো সাজেই দেখা যায় তাঁকে। বাইরে কেনাকাটা করতে গেলে সুতির থ্রি-পিস পরেন। মিতা চৌধুরীর পোশাকে নানা ধরনের রংই দেখা যায়। তবে ওয়ারড্রোবে লাল দেখলেই টেনে নিতে চান। রং-বেরঙের ওড়না পরতে পছন্দ করেন।

সকালের রুটিনে আছে হাঁটা
সকালের রুটিনে আছে হাঁটা

একটা গোপন কথাও জানিয়ে দিলেন, ‘খুব বেশি সাজগোজ করলে বুঝতে হবে সেদিন মিতা চৌধুরীর মন খারাপ।’ সাধারণত বেশি সাজগোজ না করলেও নানা ধরনের গয়না পরতে পছন্দ করেন। অনেক সময় হয়তো সোনার সঙ্গে মাটি বা কাঠের গয়না মিলিয়ে পরেন। কপালে পরেন টিপ। সব সময় সঙ্গে থাকে একটা হাতব্যাগ। যার মধ্যে একটা লিপস্টিক, সুগন্ধি ও ক্রিম রাখেন। টিস্যু নয়, রুমাল ব্যবহার করতেই ভলোবাসেন।
মিতা চৌধুরী বলেন, ‘ট্রেন্ড বুঝে পোশাক পরতে ভালো লাগে। তাই বলে নিজের বয়স, উচ্চতা ও স্বাস্থ্য ভুলে যাই না। হয়তো টাইট ফিটিং কামিজের একটা ট্রেন্ড এল। সেটা আমি পরতে চাইলে চিন্তা করি, এটা আমার সঙ্গে মানাবে কি না। আমাকে ভালো না দেখালে আমি সেটা কখনোই পরব না। তবে অ্যান্টিক জিনিস আমার ভালো লাগে।’ পোশাকের সঙ্গে মানানসই স্যান্ডেল বেছে নেন। সকালে নাশতা সেরে কাজ না থাকলে বই নিয়ে বসে যান। দেশি-বিদেশি নানা ধরনের বই পড়তে ভালোবাসেন। সকালের রুটিনে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে হাঁটা। শরীরচর্চা করেন নিয়মিতই। স্বামী-স্ত্রী দুজনে মিলেই বাসায় রান্নাবান্না করেন। মাঝেমধ্যে বাইরে খান। কখনো ছোটেন নাটক বা সিনেমা দেখতে। গার্নজি দ্বীপ ছাড়াও প্রতিবছর বিভিন্ন স্থানে ঘুরতে যেতে ভালোবাসেন। নাটক বা সিনেমার শুটিং থাকলে আগেভাগেই সবকিছু গুছিয়ে রাখেন। যাতে স্পটে গিয়ে হাপিত্যেশ করতে না হয়। গার্নজিতে যখন অফিস করতেন সেখানে বেছে নিতেন ট্রাউজার স্যুট, স্কার্ট, জ্যাকেট ইত্যাদি পোশাকগুলো। বই ও ছবি সংগ্রহের নেশা আছে মিতা চৌধুরীর। দেশ-বিদেশে অনেক স্থানেই ঘুরেছেন। তবে বারবার টানে ভারতের বাদশা হুমায়ুনের সমাধিসৌধ।

বই তাঁর অবসরের সঙ্গী, নানা রকম পোশাক পরেন
বই তাঁর অবসরের সঙ্গী, নানা রকম পোশাক পরেন