বালাকথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালা মানাবে সবধরনের পোশাকের সঙ্গেই
বালা মানাবে সবধরনের পোশাকের সঙ্গেই

এক প্যাঁচে পরা শাড়ি। আঁচলে এক গোছা চাবি। হাতে দুটি মোটা বালা। চুল খোঁপা করা। দাদি-নানিদের এভাবে দেখে এসেছি আমরা। এখন পোশাকে পরিবর্তন চলে এসেছে। কিন্তু হাতে মোটা বালা পরার এ ধারা প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে। হাতে বিভিন্ন নকশার বালা পরাটা এখন ফ্যাশনেরই অংশ। ভারী নকশার বালার আবেদন আজও আছে। তবে প্রতিদিনের দৌড়ঝাঁপে পোশাকের সঙ্গে মিলিয়ে হাতে হালকা নকশার বালাই পরা হচ্ছে বেশি। ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে মাঝেমধ্যে হাতে একটি মোটা বালাই যথেষ্ট।

দাওয়াতের জন্য একটি-দুটি জমকালো বালাই যথেষ্ট।  মডেল: ওশিন বালা: অ্যারাবিয়ান্স ও মাদল পোশাক: ক্যাটস আই সাজ: অরা বিউটি লাউঞ্জ ছবি: কবির হোসেন
দাওয়াতের জন্য একটি-দুটি জমকালো বালাই যথেষ্ট। মডেল: ওশিন বালা: অ্যারাবিয়ান্স ও মাদল পোশাক: ক্যাটস আই সাজ: অরা বিউটি লাউঞ্জ ছবি: কবির হোসেন

নকশায় এবং উপাদানে নতুনত্ব
ফ্যাশনে এক ইঞ্চি বা তার বেশি চওড়া বালাগুলো এখন বেশ চলছে। জমকালো পোশাকের অনুষঙ্গ হিসেবে রুপা, ডায়মন্ড কাট, সোনার প্রলেপ দেওয়া (গোল্ড প্লেটেড) বালা পরছেন তরুণীরা। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের গয়নার দোকান ওয়ান কালেকশনের স্বত্বাধিকারী সাখাওয়াত মোল্লা জানালেন, বিভিন্ন উৎসবে কিংবা বিয়েতে পরার জন্য একটু ভারী নকশার বালা পছন্দ করছেন ক্রেতারা। তিনি বললেন, ডায়মন্ড কাট, সোনার প্রলেপ দেওয়া বালার ওপর মুক্তা, পাথর, রুবি, পান্না, কুন্দন ও জারকান বসানো একটু ভারী নকশার বালাগুলো যেকোনো জমকালো পোশাকের সঙ্গে পরা যায়। মোটা বালায় নকশা করার সুযোগ থাকছে বেশি।
বাজার ঘুরে দেখা গেল ফুল, লতাপাতা, কলকি মোটিফের পাশাপাশি নানা জ্যামিতিক মোটিফের নকশা এখন নতুন এসেছে। গয়নার দোকান অ্যারাবিয়ান্সের পরিচালক সনেট হাজরা বললেন, সোনার প্রলেপ দেওয়া বালার মধ্যে এখন মাদ্রাজি ও জয়পুরি নকশা করা হচ্ছে। এ ছাড়া ট্রাইবাল নকশাও সবাই পছন্দ করছে এখন।
দেশি ফ্যাশন হাউসগুলো রুপা, তামা, পিতল, কাঠ, মাটি, প্লাস্টিক ইত্যাদি উপাদান দিয়ে বালা তৈরি করছে। নতুনত্ব আনতে বালায় যোগ করা হচ্ছে লেস, কাপড়, সুতা, পুঁতি, কড়ি ইত্যাদি। কাঠ কিংবা ধাতব বালার ওপর খোদাই করা নকশা দেখা যাচ্ছে। আর মাটির বালায় নানান আঁকিবুঁকিও দেখা যাচ্ছে ফ্যাশন হাউসগুলোতে।

হাত সরু হলে কয়েকটি বালা পরলে ভালো লাগবে
হাত সরু হলে কয়েকটি বালা পরলে ভালো লাগবে

কার কেমন বালা
শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে যেমন মোটা বালাগুলো মানিয়ে যায়, তেমনি টপ, ফতুয়া, স্কার্ট বা গাউনের সঙ্গেও মানানসই। এক হাতে একটি মোটা বালার সঙ্গে চিকন কয়েকটি বালা, দুহাতে কয়েকটি করে মোটা বালা অথবা এক হাতে বেশ চওড়া একটি বালা—যেমন খুশি তেমন ঢঙেই পরা যায়। ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার বলেন, মোটা বালা পরার তেমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে চওড়া হাত যাঁদের, তাঁদের বালা প্রস্থে একটু কম হওয়া ভালো। কম পুরুত্বের চ্যাপ্টা ধরনের বালা এক হাতে পরতে পারেন তাঁরা। হাত সরু হলে দুই কিংবা এক হাতে অনেকগুলো বালা পরলে ভালো লাগবে। অফিসের পোশাকের সঙ্গে একটু সাদামাটা নকশার বালা পরতে পারেন। উৎসবের পোশাকের সঙ্গে ভারী নকশার বালা পরলে ভালো লাগবে। হাতে অনেকগুলো বালা পরলে কানে-গলায় একটু হালকা গয়না মানাবে।

রুপা, ডায়মন্ড কাট, সোনার প্রলেপ দেওয়া বালা পরছেন তরুণীরা
রুপা, ডায়মন্ড কাট, সোনার প্রলেপ দেওয়া বালা পরছেন তরুণীরা

কোথায় পাবেন
ঢাকা শহরের বড় বড় বাজারে, শপিং মলে বা ফ্যাশন হাউসে মোটা বালা পাওয়া যাচ্ছে। সোনা, রুপা, সোনা বা রুপার প্রলেপ দেওয়া, ডায়মন্ড কাট, জয়পুরি ও মাদ্রাজি নকশার মোটা বালা পাবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, নিউমার্কেট, গাউছিয়া, চকবাজার, অ্যারাবিয়ান্স, কে-জেড, কর্ণফুলী গার্ডেন সিটি, ইস্টার্ন মল্লিকা, টুইন টাওয়ার, মেট্রো শপিং মলে। নানা দেশীয় উপাদানে তৈরি বালা কিনতে চাইলে যেতে পারেন আড়ং, রঙ বাংলাদেশ, অঞ্জন, সাদাকালো, বিবিয়ানা, যাত্রা, মাদুলি, পিরান, মাদল ইত্যাদি দোকানে। এ ছাড়া দোয়েল চত্বরের ফুটপাতেও কাঠ এবং ধাতব বালা পাওয়া যায়।

দরদাম
উপাদান, নকশা এবং কতটুকু চওড়া, তার ওপর নির্ভর করে মোটা বালার দামে তারতম্য দেখা যায়। বিভিন্ন দোকানে ডায়মন্ড কাটের মোটা বালার জোড়া পড়বে ২৫০০ থেকে ৪০০০ টাকায়। সোনার প্রলেপ দেওয়া বালার জোড়া ১৫০০ থেকে ৩০০০ টাকা। গোল্ড প্লেটেডের ওপর কুন্দন, রুবি, পান্না বসানো বালার দাম ২০০০ টাকা থেকে শুরু। জয়পুরি নকশার মোটা বালার দাম পড়বে ২০০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে। ফ্যাশন হাউসগুলোতে রুপার বালার দাম ২০০০ টাকা থেকে শুরু। এ ছাড়া কাঠ, মাটি, তামা ও প্লাস্টিকের ওপর নকশা করা বালার দাম ১০০ থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত হতে পারে।