বাহারি পোশাকে শারদ উৎসবে


আশ্বিনের আকাশ। কখনো মেঘ, কখনো বৃষ্টি। ভোরের বাতাসে সুগন্ধি ছড়াচ্ছে শিউলি ফুল। নদীর ধারে দুধসাদা কাশফুলের দোলা। এ সবকিছুই জানান দিচ্ছে শারদ

উৎসবের। মাত্র কটা দিন। বেজে উঠবে পূজার ঢাক। ষষ্ঠী থেকে দশমী—পাঁচ দিনের এই আনন্দ আয়োজনের জন্য পোশাক কেনার ঝক্কিটাই বেশি। তরুণ-তরুণীরা এখনই ঠিক করে রাখছেন কোন দিন কী পোশাক পরবেন। চলছে পছন্দের পোশাকের বাছাই। এ-দোকান ও-দোকান ঘোরাঘুরি শুরু হয়েছে আরও সপ্তাহ খানেক আগেই।

ফ্যাশন হাউসগুলোতেও লেগেছে শারদ উৎসবের রং। প্রায় সব ফ্যাশন হাউস বৈচিত্র্য এনেছে পোশাকের নকশা ও প্যাটার্নে। বরাবরের মতো রঙের ঔজ্জ্বল্য চোখে পড়ার মতো—লাল, কমলা, সাদার ছড়াছড়ি। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, কুর্তা ও টি-শার্টে প্রাধান্য পেয়েছে দেবী দুর্গা ও দুর্গার দশ অস্ত্রের ফর্ম এবং দুর্গাকে নিয়ে বিভিন্ন শ্লোকের মোটিফ। তবে জমকালো কাজের শাড়ি ও সালোয়ার-কামিজ রয়েছে। পোশাকের আরামের কথা চিন্তা করে কাপড় হিসেবে ডিজাইনাররা বেছে নিয়েছেন সুতি, অ্যান্ডি, অ্যান্ডি সিল্ক, সিল্ক, জামদানি, মসলিন, রেশমি কটন ও দোপিয়ান কাপড়। কাপড়ের বুনন ও রঙে আনা হয়েছে পরিবর্তন। প্রাধান্য পেয়েছে ব্লক, স্প্রে, টাইডাই, স্কিনপ্রিন্ট, অ্যাপলিক, হাতের ভরাট কাজ, লেস, চুমকিসহ বিভিন্ন সিকোয়েন্সের কাজ।

ফ্যাশন ডিজাইনার ও রঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, ঈদের পর শারদীয় দুর্গাপূজা বড় উৎসব। আর উৎসবের পোশাক হবে বাহারি। পূজায় নানাভাবে সেজে নিজেকে তুলে ধরার সুযোগ বেশি। কারণ, ষষ্ঠী থেকে দশমী পাঁচ দিনের উৎসব। এ ক্ষেত্রে সকালে অঞ্জলি দেওয়ার জন্য মণ্ডপে যাওয়ার সময় সুতির কাপড়ের পোশাক পরলে আরাম পাওয়া যাবে। সন্ধ্যায় প্রতিমা দর্শনে বের হলে এক্সক্লুসিভ পোশাক পরা যায়। অন্যান্য দিন পোশাকে আধুনিকতার ছোঁয়া থাকলেও দশমীতে ঐতিহ্যবাহী পোশাকই প্রাধান্য পায়—মেয়েরা সাদা-লাল পড়ের শাড়ি আর ছেলেদের পরনে ফতুয়া-পাঞ্জাবি। তবে যেকেনো পোশাক পরার আগে ভাবতে হবে সেটি আপনার সঙ্গে মানানসই কি না।
নগরের আফমি প্লাজার দেশী দশ, দেওয়ানজী পুকুরপাড়ের অর্ণব, টেরিবাজার, মিমি সুপার মার্কেট, লাকী প্লাজা, নিউমার্কেট ও রিয়াজউদ্দিন বাজারে এখন কেনাকাটা জমজমাট।
তবে ভিড় বেশি টেরিবাজার ও রিয়াজউদ্দিন বাজারে। এ ছাড়া ফ্যাশন হাউস আড়ং, শৈল্পিক, মিয়াবিবি, পিণন, রওশনস, মুনমুনস, শ্রেয়া, বিগ বাজার, অনিন্দ্য ও রমনীয়াতে ঢুঁ মারছেন ক্রেতারা।