বিজয়ের পোশাক

সবুজের মধ্যে উজ্জ্বল লাল রং। যেন বিজয়েরই এক প্রতীক। এই দুই রংকে প্রাধান্য দিয়ে ফ্যাশন হাউস অঞ্জনস এবারও আয়োজন করেছে বিজয় দিবসের পোশাক প্রদর্শনীর। ৭ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ারে অঞ্জনসের নতুন শাখায় শুরু হয় ‘বিজয়ের পোশাক ২০১৬’ প্রদর্শনী।
প্রদর্শনীর উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উপস্থিত ছিলেন অঞ্জনসের শীর্ষ নির্বাহী শাহিন আহমেদ, জাপান গার্ডেন সিটির পরিচালক আসাদুজ্জামান জামিল, বাংলা ক্রাফটের সভাপতি আশরাফুর রহমান, ফ্যাশন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশনের সভাপতি আজহারুল হকসহ অনেকে। উদ্বোধনের পর সেলিনা হোসেন বলেন, ‘লাল-সবুজের এই পোশাক আমাদের নিজ ঐতিহ্যের ও গৌরবের। আমরা এখনো ভিন্ন সংস্কৃতিকে গুরুত্ব দিই। কিন্তু একটি শিশু যখন বুঝতে শিখবে যে লাল-সবুজ কিসের প্রতীক, তখন তার মধ্যে স্বাধীনতার চেতনা আসবে।’
প্রদর্শনী বিষয়ে অঞ্জনসের শীর্ষ নির্বাহী শাহিন আহমেদ বলেন, ‘খুব ভালো লাগে যখন দেখি আমাদের দেশি পোশাক বেশি মর্যাদা পাচ্ছে অন্য কোনো পোশাকের চেয়ে। অঞ্জনস বরাবরই ফ্যাশন শিল্পে দেশীয় ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে থাকি।’