বিটলসের অ্যাবে রোডে নতুন ফ্যাশন লাইন

স্টেলে ম্যাককার্টনি, ব্রিটিশ এই ফ্যাশন ডিজাইনারের আরেকটা পরিচয় আছে। বিখ্যাত বিটলস ব্যান্ডের সদস্য পল ম্যাককার্টনির মেয়ে তিনি। বিটলস ব্যান্ডের সঙ্গে অ্যাবে রোড ও অ্যাবে রোড স্টুডিওর নাম জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। রাস্তাটির নামে বিটলসের অ্যালবামটির কথা নিশ্চয়ই মনে আছে আপনার। এই অ্যাবে রোড স্টুডিওতেই অনেক গান রেকর্ড করেছেন পল ম্যাককার্টনি। আর তাই সেখানেই এবার নতুন ফ্যাশন লাইনের উদ্বোধন করলেন তাঁর মেয়ে স্টেলে।

মজার ব্যাপার হলো, এবারই প্রথম ছেলেদের জন্য পোশাকের নকশা করলেন স্টেলে। বাবা পলের প্রতি ভালোবাসা থেকেই নতুন ফ্যাশন লাইনের উদ্বোধনের স্থান হিসেবে বেছে নিয়েছেন অ্যাবে স্টুডিওটি। গান রেকর্ডের জন্য বিটলস ব্যান্ডের কাছে প্রিয় নাম ছিল এই বাড়িটি। ১৯৬৯ সালে বিটলসের অ্যালবামে অ্যাবে রোডের ছবি ছাপা হওয়ার পরই সেটা দ্রুত বিখ্যাত হয়ে পড়ে। বিটলসের সদস্যরা ছাড়াও মাইকেল জ্যাকসন বা পিংক ফ্লয়েড ব্যান্ডের মতো অনেক শিল্পী ও গানের দল এখানে গান রেকর্ড করেছেন। ১০ নভেম্বর রাতে ফ্যাশন লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে সমাগম হয়েছিল বড় বড় সব তারকার। উদ্বোধনের সময় স্টেলে বলেন, ‘এই বাড়ি আমার বাবাকে অনেক কিছু দিয়েছে, আমাকেও।’

সূত্র: ব্রিটিশ ভোগ এবং দ্য নিউ ইয়র্ক টাইমস